মঙ্গল শোভাযাত্রা রাঙাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন সর্বস্তরের মানুষ l ফাইল ছবি
চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন সর্বস্তরের মানুষ l ফাইল ছবি

কেউ কাগজ কেটে বানাচ্ছেন মুখোশ, আবার কেউ ফেস্টুন। রঙের প্রলেপ পড়ছে সাজসজ্জার উপকরণে। চারদিকে ছড়িয়ে আছে লাল, নীল, হলুদ, কমলা ও সাদা রঙের কোটা। কাজের ফাঁকে ফাঁকে চলছিল আড্ডা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন নববর্ষের মঙ্গল শোভাযাত্রার সাজসরঞ্জাম তৈরিতে।
৯ এপ্রিল নগরের চট্টেশ্বরীর মোড়ে অবস্থিত চারুকলা ইনস্টিটিউটে ঢুকতেই দেখা গেল বড় ব্যানার ঝুলছে। তাতে লেখা রয়েছে ‘জাগো বাঙালি নবরূপে নব আনন্দে জাগো, বর্ষবরণ ১৪২২’। পয়লা বৈশাখে চট্টগ্রামের নববর্ষ উৎসবের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। সেই আয়োজনকে রঙিন করতেই এখানে চলছে কর্মযজ্ঞ।
চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে দ্বিতীয়বারের মতো উদ্যাপন করছে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা। ২০১০ সালে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর ২০১৪ সালে চারুকলার ৪২তম ব্যাচ প্রথম শুরু করে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রার দিনব্যাপী আয়োজন।
বাঘ, হাতি, ঘোড়া, পাখিসহ নানান লোকজ মোটিফের মুখোশ ও ফেস্টুন তৈরি করছেন চারুকলা শিক্ষার্থীরা। তবে প্রস্তুতি শুরু হয়ে মাস খানেক আগে থেকেই। এবার শোভাযাত্রায় থাকছে বিরাট আকারের টেপাপুতুল, বাঘ, হাতি, ঘোড়া ও পাখি। ইতিমধ্যে মুখোশ, ফেস্টুন ও সরা তৈরির কাজ শেষ। চারুকলার রাস্তার দেয়ালে আঁকা হচ্ছে লোকজ ম্যুরাল ও রাস্তায় আঁকা হচ্ছে আলপনা।
নববর্ষের দিন ১৪ এপ্রিল সকাল নয়টায় মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া শোভাযাত্রাটি নগরের চট্টেশ্বরী মোড়, কাজীর দেউড়ি সড়ক হয়ে জামালখান, চেরাগী পাহাড়, বৌদ্ধমন্দির, লাভলেইন হয়ে আবার ইনস্টিটিউটে শেষ হবে। শোভাযাত্রা শেষে হবে লোকজ মেলা, গ্রামীণ খেলাধুলা, পুতুলনাচ, নাটক, আবৃত্তি, গান ও প্রদীপ প্রজ্বালন।
পয়লা বৈশাখ উদ্যাপন কমিটির সমন্বয়ক মিঠু মুৎসুদি ও সজল চন্দ্রনাথ বলেন, ‘এবার আমাদের বৈশাখের থিম হচ্ছে লোকজ মোটিফ। তার কারণ হচ্ছে বর্তমানে মাথাচাড়া দিয়ে ওঠা সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে পারে লোকজ সংস্কৃতি।’