মঙ্গলকান্দি উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগপূর্ণ আবহাওয়া দমিয়ে রাখতে পারেনি আবেগ আর উচ্ছ্বাস। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে পুরোনো স্মৃতি রোমন্থনের জন্য তাঁরা ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতবর্ষ উৎসবে যোগ দিতে ছুটে আসেন। বিদ্যালয়ের আঙিনায় পৌঁছেই শুরু হয় কোলাকুলি ও কুশলবিনিময়।৬ ও ৭ এপ্রিল ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উৎসবে আয়োজনের কমতি ছিল না, কিন্তু প্রকৃতি ছিল বিরূপ। ৬ এপ্রিল সকাল থেকে শুরু হয় প্রবল বৃষ্টিপাত, সঙ্গে ঝোড়ো হাওয়া। প্যান্ডেল নষ্ট হয়ে যায়। মাঠে জমে পানি। প্রাক্তন শিক্ষার্থীদের কেউ কেউ কাকভেজা হয়ে বিদ্যালয়ে পৌঁছান। অনেকেই আসতে পারেনি। দুপুর পর্যন্ত প্রতীক্ষার পর উদ্যোক্তারা প্রথম দিনের অনুষ্ঠান বাতিল ঘোষণা করেন।অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবারও (৭ এপ্রিল) সকাল থেকে বৃষ্টি ছিল, তাই মাঠের পরিবর্তে বিদ্যালয়ের মিলনায়তনেই অনুষ্ঠান সম্পন্ন হয়।শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনামের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ঢাকার ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ রোকেয়া রহমান। বক্তব্য দেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য সৈয়দ সিরাজ উদদৌলা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অর্জুন চন্দ্র দে, সাবেক ব্যাংকার বোরহান উদ্দিন, আমেরিকা প্রবাসী সোলায়মান ভূঁঞা, ইসমাইল হোসেন সিরাজী, জয়নাল আবেদীন, আবদুস সালাম, সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উৎসব কমিটির সদস্যসচিব মো. ফয়েজ উল্লাহ।প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের স্মৃতিচারণমূলক বক্তব্য দেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন।শতবর্ষ অনুষ্ঠানে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের প্রাক্তন চিপ হুইপ আবদুল জব্বর খদ্দরসহ বিদ্যালয়ের ১৫ জন প্রাক্তন ছাত্রকে মরণোত্তর এবং অপর পাঁচজন প্রাক্তন ছাত্র ও দুজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া ২০১১ সালে সোনাগাজী উপজেলার এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।শতবর্ষ উৎসব উপলক্ষে মঙ্গলজ্যোতি নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।শতবর্ষের পুরোনো বিদ্যালয় ভবনটির জরাজীর্ণ অবস্থা দেখে প্রধান অতিথি ও স্থানীয় সাংসদ মোহাম্মদ মোশাররফ হোসেন তাঁর বাবা অ্যাডভোকেট বেলায়েত হোসেনের নামে একটি ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন।সন্ধ্যায় ঢাকা থেকে আগত ও স্থানীয় শিল্পীদের নিয়ে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।