মঞ্চের পাদপ্রদীপে চার দশককে স্মরণীয় করে রাখতে অরিন্দম নাট্য সম্প্রদায় নয় দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে। ঐক্যের জন্য নাটক শিরোনামে এই উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের নাটক প্রদর্শিত হবে।
৮ মার্চ মঙ্গলবার শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে উৎসবের উদ্বোধন করবেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধনের দিনে অরিন্দমের পক্ষ থেকে নাট্যজন সারা যাকেরকে সদরুল স্মারক সম্মাননা প্রদান করা হবে। এই দিন লোকসংগীত পরিবেশন করবেন চন্দনা মজুমদার।
উৎসবের প্রথম দিন মিলনায়তনে কক্সবাজার থিয়েটারের নাটক নীল সমুদ্রের ঝড় মঞ্চস্থ হবে।
অরিন্দমের সভাপতি নাট্যজন আকবর রেজা প্রথম আলোকে জানান, উৎসব চলাকালে প্রতিদিন বিকেল পাঁচটায় মুক্তমঞ্চে বিভিন্ন অঞ্চলের শিল্পীরা আঞ্চলিক গান, মাইজভান্ডারি গান, বাউল গান, খুলনার মধুগীত, নাছিমনের পালা গান, রংপুরের ভাওয়াইয়া, শাহ আবদুল করিম ও হাসন রাজার গান ও চারণকবি মুকুন্দ দাসের গান পরিবেশন করবেন।
এ ছাড়া মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাতটায় একটি করে নাটক মঞ্চস্থ হবে। এগুলো হলো অরিন্দমের দুতিয়ার চাঁন, ঢাকার প্রাঙ্গণেমোর প্রযোজিত নাটক আমি ও রবীন্দ্রনাথ, যশোরের বিবর্তন প্রযোজিত রাজা প্রতাপাদিত্য, বগুড়া থিয়েটারের দ্রোহ, রংপুর নাট্য কেন্দ্রের শিখণ্ডি কথা, সিলেটের জীবন সংকেত নাট্যগোষ্ঠীর জ্যোতি সংহিতা ও ভোলা থিয়েটারের বীর পালা।