মঙ্গোলিয়ায় কট্টরপন্থীদের উত্থান
বর্তমানে মঙ্গোলিয়ায় বেশ টাকা ঢালছে চীন। এই অর্থের কিছু দেওয়া হচ্ছে সাহায্য হিসেবে। বাকিটা বিনিয়োগ। চীনের সেনাবাহিনী এ বছর মঙ্গোলিয়ার সামরিক বাহিনীকে ৩০ লাখ ডলার সাহায্য হিসেবে দিয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়ন যতটা করত তার কাছাকাছি না হলেও এ অর্থ মঙ্গোলিয়ার ভালোই কাজে লাগছে এই দুঃসময়ে।কিন্তু মঙ্গোলিয়ার কিছু মানুষ এই ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়টি সন্দেহের চোখে দেখছে। তারা জানতে চায়, আসলে চীন কী চায়। তাদের সন্দেহ, শক্তিশালী প্রতিবেশী চীন সহূদয় দাতা নয়, বরং মঙ্গোলিয়ার জন্য হুমকিস্বরূপ।রাজধানী উলান বাটোরের দেয়ালে দেয়ালে যে স্বস্তিকা চিহ্ন (নাৎসি বাহিনীর ব্যবহূত চিহ্ন) ও স্লোগান দেখা যায়, তা থেকেই ওই সব মঙ্গোলীয়র সন্দেহ আর ক্ষোভের পাশাপাশি তাদের পরিচয়টিও স্পষ্ট হয়ে ওঠে। এরা বিভিন্ন উগ্র ডানপন্থী সংগঠনের সদস্য। এ রকম কয়েকটি সংগঠন ইন্টারনেটে তুলে ধরেছে ‘মঙ্গোলীয় জাতিকে দুর্বল করার চেষ্টার’ বিরুদ্ধে কীভাবে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। ইউটিউবে দেখা যায়, মঙ্গোলীয় এক নারীকে ন্যাড়া করার দৃশ্যসংবলিত একটি ভিডিওচিত্র। ওই নারীর পাশে হাত দিয়ে মুখ ঢেকে বসে আছেন এক চীনা পুরুষ। ডায়ার মোঙ্গল নামের একটি উগ্র ডানপন্থী সংগঠনের এক সদস্য এই ভিডিওচিত্রটি প্রকাশ করেছেন। এটা মঙ্গোলিয়ার নারীদের প্রতি সতর্কবার্তা। অর্থাৎ চীনা পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠ হলে এই অবস্থা হবে! এই সংগঠনের প্রতিষ্ঠাতা এরডেনবিলেগ জেনেমায়াডার নামের এক মঙ্গোলীয়।নারী ও বিদেশিসহ অন্যদের ওপর বেশ কয়েকটি হামলার জন্য মানবাধিকার সংগঠনগুলো জেনেমায়াডারের সংগঠনকে দায়ী করে। অথচ জেনেমায়াডার সহিংসতার নিন্দা করেন। তবে ইউটিউব ভিডিওর ওই নারীর মাথা ন্যাড়া করে দেওয়ার পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, এটা ঠিকই আছে। এ ব্যাপারে আপনি দেশের মানুষের মতামত চাইলে বেশির ভাগ লোকই এটা সমর্থন করবে।’ডায়ার মোঙ্গলে নতুন যোগ দিয়েছেন সরোনজোন জামসরান নামে ২৮ বছর বয়সী এক যুবক। তাঁর পরনে সেনাদের মতো নকশা ও রঙের ট্রাউজার, টি-শার্ট। গলার চেইনে ঝুলছে স্বস্তিকা চিহ্ন। জামসরান বিবিসিকে বলেন, ‘জার্মান জাতীয়তাবাদীরা সে দেশে শুদ্ধি অভিযান চালানোর চেষ্টা করেছিল। তাই আমার কাছে স্বস্তিকা মানে জাতিকে নিষ্কলুষ রাখা। এর মানে এই নয় যে আমিও জার্মানির সমর্থক বা নাৎসি। এটা স্রেফ জাতীয়তাবাদ।’রবিন গার্নার একজন সমকামী নারী। বিদেশি কিছু প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের ব্যাপারে মঙ্গোলিয়ার অনেকের উদ্বেগের প্রতি তিনি সহানুভূতিশীল। তবে কট্টর ডানপন্থী সংগঠনগুলোর অসন্তোষ সহিংসতায় রূপ নিচ্ছে বলে তিনি উদ্বিগ্ন। সমকামীরাও উগ্র এই সংগঠনগুলোর হামলার অন্যতম লক্ষ্য।জরিপ পরিচালনাকারী লুভসানদেনেব সুমাতি জানান, ২০০৮ সালের নির্বাচনে যে দলটি ওই সব কট্টর ডানপন্থী সংগঠনের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তারা এক শতাংশেরও কম ভোট পেয়েছিল। লুভসানদেনেব বলেন, ওই কট্টরপন্থীরা এখনো প্রান্তিক অবস্থানে। তার পরও উগ্র ডানপন্থীদের একটা বড় হুমকি বলেই মনে করেন তিনি।লুভসানদেনেব মনে করেন, মঙ্গোলীয় সমাজের উচিত, এদের কর্মকাণ্ডের প্রতিক্রিয়া জানানো। প্রশ্ন হচ্ছে, প্রতিক্রিয়াটি কী পন্থায় হবে? নিয়মতান্ত্রিক, না কি পাল্টা চরমপন্থায়?কেউ কেউ যুক্তি দেখান, এ সংগঠনগুলো নাৎসি প্রতীক ব্যবহার করছে, কারণ নিজেদের মতাদর্শ প্রচারের মতো রাজনৈতিক শক্তি তারা অর্জন করতে পারেনি। কিন্তু যারা তাদের হামলার লক্ষ্যবস্তু, তারা মনে করে, এই উগ্রপন্থীরা প্রকৃতই হুমকি এবং তাদের প্রভাব বাড়ছে।