
‘মজনু নাকি ব্লু হোয়েল খেলে?’
‘তিমি মাছ আইকা হাত ভইরা ফেলছে!’
‘কোন স্টেজে আছে?’
সকাল থেকে এলাকার সবার মুখে মুখে মজনু আর ব্লু হোয়েল। বিভিন্ন সংবাদমাধ্যমের লোকজনে এলাকা সয়লাব। মজনুর সাক্ষাৎকার নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে রীতিমতো। না পড়ে উপায় কী? কেননা মজনুই সম্ভবত দেশের প্রথম কোনো ‘ব্লু হোয়েল প্লেয়ার’, যার হাতে আস্ত একটা তিমি মাছ আঁকা। আর সে এখনো বেঁচে আছে। আগ্রহ থাকা স্বাভাবিক কি না বলুন?
অনেক কাঠখড় পুড়িয়ে কাশেম টিভির এক রিপোর্টার মজনুর কাছে পৌঁছাতে পারলেন। মজনু মুড অফ করে বসে আছে। হাতে ব্যান্ডেজ।
: মজনু, আপনি ব্লু হোয়েল গেমের কোন স্টেজে আছেন?
: কী গেম?
: কেন, ব্লু হোয়েল! আপনি নিজেই না গেমটা খেলে হাত কেটে তিমি মাছ এঁকেছেন! আচ্ছা, বলুন তো আপনি এই গেমের সন্ধান কোথায় পেলেন? যদ্দুর জানি, এটা নাকি ডার্কওয়েব ছাড়া পাওয়া যায় না...
: ভাই, মাফ করেন। আমি এই সব কিছুই জানি না।
: জানেন না মানে? আপনি কোনো গেম খেলেননি?
: গেম যদি বলতে হয় তাইলে হ্যাঁ, আমি লাভ গেম খেলছি!
: লাভ গেম?
: হ্যাঁ। আমি আনিকা নাহারকে লাভ করি। এই পাড়াতেই থাকে সে।
: তো?
: তো, আনিকা কিছুতেই লাভমেট হতে রাজি হইতেছিল না।
: তারপর?
: তারপর আমি তাকে চ্যালেঞ্জ দিলাম...
: ভালো না বাসলে ব্লু হোয়েল খেলে আত্মহত্যা করার হুমকি?
: আরে, না রে ভাই, আপনি তখন থেকে কী ব্লু হোয়েল ব্লু হোয়েল করতেছেন!
: ব্লু হোয়েল—অনলাইন গেম। ফেসবুকের বর্তমান ইস্যু...
: আমি ফেসবুক চালাই না।
: বলছেন কী! আপনি তো অষ্টম আশ্চর্যের একটা! এই জমানায় থেকে...
: আমার স্মার্টফোন নাই। ক্যামনে চালামু?
: তাহলে আপনি ব্লু হোয়েল খেললেন কীভাবে?
: উফ্! আপনার কথা শুইনা আমার তো সত্যি সত্যিই ব্লু হোয়েল খেইলা সুইসাইড করতে ইচ্ছা করতাছে!
: এই তো লাইনে এসেছেন। এবার ঝটপট বলে ফেলুন তো আপনি কততম স্টেজে আছেন?
মজনু দ্বিগুণ হতাশ হয়ে বলল, ‘ভাই, আমি বেশি লেখাপড়া করি নাই। এই সব খেলাটেলা বুঝি না।’
: তাহলে হাতে যে মাছটা আঁকলেন, সেটার কাহিনি কী?
মজনু ভীষণ রেগে হাতের ব্যান্ডেজ খুলে ফেলল। হাতটা দেখিয়ে বলল, ‘দেখেন, এইটা কোনো মাছ না। এটা আনিকা নাহারের নাম। এই যে A, এই যে N। বুঝছেন? হাতের লেখা খারাপ বইলা...’
: কিন্তু এটা তো দেখতে পুরোপুরি তিমি মাছের মতো!
মজনু নিজের হাতের লেখার দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, ‘ভাই, হাতের লেখা খারাপ হইলে এমনই হয়!’
মজনুর কথা শুনে কাশেম টিভির রিপোর্টারের মুখে হাসি ফুটে উঠল। চোখ বড় বড় করে বললেন, ‘ইউরেকা! আমি বরং হাতের লেখা সুন্দর হওয়া কেন জরুরি, এটা নিয়েই একটা রিপোর্ট করে ফেলি। আপনি প্লিজ, এই অভিজ্ঞতা নিয়ে একটা ইন্টারভিউ দেন, প্লিজ।’
রিপোর্টারের প্রস্তাব শুনে মজনু আরও হতাশ হয়ে পড়ল।