মজবুত অবস্থান গড়ে নিচ্ছে আল-কায়েদা
আফগানিস্তানে পশ্চিমা বাহিনীর সঙ্গে যুক্ত হচ্ছে আরও ৩০ হাজার মার্কিন সেনা। সন্দেহ নেই, দেশটিতে যুদ্ধ এখন ভিন্ন মাত্রা পাবে। তবে সেখান থেকে আল-কায়েদা জঙ্গিদের নির্মূল করা যাবে কি না, সে প্রশ্নের উত্তর এখনই মিলছে না। কিন্তু বিশ্লেষকেরা এরই মধ্যে একটি বিষয়ে নিশ্চিত হয়েছেন; আর তা হলো, ওই জঙ্গিরা এখন সীমানা পেরিয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানে আরও বড় বড় ঘাঁটি গাড়বে। এর কারণটাও পরিষ্কার। পাকিস্তানে এখন চলছে রাজনৈতিক অস্থিরতা। মার্কিন সমর্থিত জারদারি-গিলানির সরকারের মনোযোগ এখন সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে নেই। তারা এখন নিজেদের রক্ষা করতেই ব্যস্ত, আর ওই সুযোগ কাজে লাগাচ্ছে আল-কায়েদা ও তালেবান জঙ্গিরা। অস্থিরতার সুযোগ এরই মধ্যে জঙ্গিরা কাজে লাগাতে শুরু করেছে।দেশটির সুপ্রিম কোর্ট সম্প্রতি দুর্নীতির অভিযোগ থেকে দায়মুক্তিবিষয়ক বিতর্কিত একটি অধ্যাদেশ বাতিল করে। দেশের প্রভাবশালী রাজনীতিকদের অব্যাহতি দেওয়ার রক্ষাকবচ হিসেবে পরিচিত ওই অধ্যাদেশটির নাম ন্যাশনাল রিকনসিলিয়েশন অর্ডিন্যান্স (এনআরও)। এটি বাতিলের ফলে দেশটির প্রেসিডেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ২৫০ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত হওয়ার পথ খুলে যায়। এতে বিপাকে পড়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সরকার। শুধু তা-ই নয়, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক, প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মুখতারসহ ৩০ জনেরও বেশি রাজনীতিক এবং আট হাজার নেতা-কর্মীও ওই অধ্যাদেশের সরাসরি সুবিধাভোগী।পাকিস্তানে ওই রাজনৈতিক ডামাডোলের মধ্যে তালেবান ও আল-কায়েদা নিজেদের আরও সুসংহত করছে। ইতিমধ্যে আল-কায়েদা ও তালেবান দেশটির স্পর্শকাতর ও সুরক্ষিত কয়েকটি স্থানে হামলা চালিয়ে নিজেদের ক্ষমতার প্রমাণও দেখিয়েছে। তারা পাকিস্তানে নিজেদের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে সুদূর সোমালিয়া ও ইয়েমেনেও নিজেদের অবস্থান আবার শক্তিশালী করছে। আল-কায়েদার শীর্ষস্থানীয় এক নেতা বার্তা সংস্থার কাছে টেলিফোনে সম্প্রতি বলেছেন, শুধু সোমালিয়ায় নয়, আল-কায়েদা এখন ইরাক, সৌদি আরবসহ আরও কয়েকটি দেশে তাদের অবস্থান মজবুত করতে চায়। এসব দেশে হারানো অবস্থান ফিরে পেতে তারা এখন মরিয়া; বিশেষ করে, দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের মতো তারা তাদের অবস্থান পাকাপোক্ত করতে চায়। এবং সে লক্ষ্যে তারা অনেক দূর এগিয়েও গেছে। ইতিমধ্যে হর্ন অব আফ্রিকায় ব্যবসা-বাণিজ্যের পথে নিয়মিত হানা দেওয়ার পরিকল্পনা করছে তারা। ইয়েমেনে সংগঠিত হয়ে ইরাক ও সৌদি আরবেও তারা ফিরতে শুরু করেছে।আল-কায়েদার জঙ্গি শাখা লস্কর আল জিলের দক্ষিণ এশীয় প্রধান ইলিয়াস কাশ্মীরি আফগানিস্তান থেকে ওই অঞ্চলে বিভিন্ন হামলার লক্ষ্য নির্ধারণ ও নির্দেশনা দিয়ে চলেছেন। আফগানিস্তান ও পাকিস্তান ছাড়াও লস্কর আল জিলের হামলার নিশানায় থাকা অন্যতম দেশ হলো ভারত।সম্প্রতি যুক্তরাষ্ট্রে ধরা পড়া এক সন্দেহভাজন জঙ্গি স্বীকারোক্তিতে জানান, এক মার্কিন নাগরিক ইতিমধ্যে ডেনমার্ক ও ভারতে একটি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিলেন। ওই মার্কিনকে যাবতীয় নির্দেশনা দিয়েছিলেন জঙ্গিনেতা ইলিয়াস। পরে মার্কিন গোয়েন্দারা খোঁজ নিয়ে জানতে পারেন, ইলিয়াসের মূল মন্ত্রণাদাতা হলেন পাকিস্তানেরই এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর আবদুল রহমান। এফবিআইয়ের মতে, ইলিয়াস কাশ্মীরির অনুসারীরা ভারতের পরমাণু স্থাপনা, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও নয়াদিল্লির পার্লামেন্ট ভবনে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল। এসব পরিকল্পনা বাস্তবায়িত না হলেও শেষ পর্যন্ত ২০০৮ সালে মুম্বাই হামলার মতো ঘটনা ঘটানো হয়।মুম্বাই হামলার পেছনে আল-কায়েদা জঙ্গিদের একটি বড় উদ্দেশ্য ছিল, চিরবৈরী ভারত ও পাকিস্তানকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া। কারণ, তারা মনে করেছিল, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক বিশ্বের মনোযোগ আফগানিস্তান থেকে সরে পাকিস্তান-ভারতের ওই যুদ্ধের দিকে যাবে। ফলে পাকিস্তানও আর তখন আফগানিস্তানে সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে সহযোগিতা দিতে যাবে না। এর বদলে তারা পুরোপুরি মনোযোগী হবে ভারতকে একহাত নিতে। কিন্তু দুই দেশের ধৈর্য ও সফল কূটনৈতিক পদক্ষেপের কারণে জঙ্গিদের সেই উদ্দেশ্য শেষ পর্যন্ত সফল হয়নি; বিশেষ করে, পাকিস্তানের সেনাবাহিনী তখন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে ভারতের সঙ্গে আপসের মনোভাব নিয়ে আলোচনা চালিয়ে গেছে। ফলে পরিস্থিতি আর যুদ্ধের দিকে মোড় নেয়নি। আর এতেই বেশি খেপেছে আল-কায়েদা জঙ্গিরা। কারণ আল-কায়েদার নেতারা দেখেছেন, পাকিস্তানি সেনারা ভারতের সঙ্গে যুদ্ধে না জড়িয়ে তারা গেছে সীমান্ত এলাকায় জঙ্গি দমনের অভিযানে।এসব কারণে পাকিস্তানে আল-কায়েদা জঙ্গিদের এখন বড় শত্রু দেশটির সেনাবাহিনী ও শাসকশ্রেণী। তারা এখন সেনাবাহিনী ও সরকারের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়ছে। এ কারণেই দেশটির সেনা ও গোয়েন্দা দপ্তর এবং সরকারি স্থাপনায় বারবার হামলা হচ্ছে। সেনাবাহিনী যে এখন আল-কায়েদার বড় দুশমন, শীর্ষস্থানীয় আল-কায়েদা নেতা আবু ইয়াহিয়া আল-লিব্বির একটি লেখা থেকেই এর প্রমাণ মেলে। ওই নেতা তাঁর এক দীর্ঘ নিবন্ধে এ ব্যাপারে অনুসারীদের উদ্দেশে লিখেছেন, পাকিস্তানের সেনাবাহিনী আজ ইসলামের শত্রু। তারা আজ বেইমান ইহুদি-নাসারার সঙ্গে হাত মিলিয়েছে। সেনাবাহিনী ইসলামের শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে দেশের সঙ্গে বেইমানি করেছে। সার্বিক বিবেচনায় এখন পাকিস্তানি শাসক ও সেনাবাহিনীর বিরুদ্ধে জিহাদ জরুরি হয়ে পড়েছে।এই পরিপ্রেক্ষিতে লিব্বি পাকিস্তানি নাগরিকদের দেশের শাসক ও সেনাবাহিনীর বিরুদ্ধে জিহাদে নামার ডাক দিয়েছেন। উল্লেখ্য, মার্কিন সেনাবাহিনীর দাবি, উত্তর ওয়াজিরিস্তানে সাম্প্রতিক এক ক্ষেপণাস্ত্র হামলায় লিব্বি নিহত হয়েছেন। এ ঘটনার কারণেও জঙ্গিদের মধ্যে ক্ষোভ আরও দানা বেঁধেছে।পাকিস্তানের বর্তমান অবস্থা বর্ণনা করে এক জঙ্গিনেতা টেলিফোনে বার্তা সংস্থাকে বলেন, ‘আমরা সরকারের সঙ্গে কোনো যুদ্ধবিরতি কিংবা শান্তিচুক্তি করিনি। আমরা এখন যে লড়াইয়ে নেমেছি, তার একটা শেষ দেখতে চাই। হয় পাকিস্তানি জেনারেলরা নিশ্চিহ্ন হয়ে যাবে, নয় আমরা।’ তিনি তাচ্ছিল্যের সঙ্গে বলেন, মুজাহিদদের (জঙ্গিদের) ধাওয়া করতে গিয়ে পাকিস্তানি সেনারাই এখন মৃত্যুর মুখে পড়ছে। এ অবস্থায় তারা এখন যুদ্ধবিরতির প্রস্তাব করছে। সদিচ্ছার নিদর্শন হিসেবে সেনারা ইতিমধ্যে দক্ষিণ ওয়াজিরিস্তানের কানি গারাম ও জান্নাত এলাকা থেকে সরে এসেছে। কিন্তু মুজাহিদরা পার্বত্য এলাকায় শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তারা যুদ্ধবিরতি চায় না।ওই জঙ্গিনেতা আরও দাবি করেন, ‘পাকিস্তানি কর্তৃপক্ষ তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে দীর্ঘস্থায়ী সংলাপে বসতে চায়। এই অঞ্চল থেকে মার্কিন সেনারা চলে গেলে তখন কী পরিস্থিতির সৃষ্টি হবে, তা নিয়ে তারা আলোচনায় বসতে চায়। কিন্তু আমরা কোনো আলোচনা চাই না। আমরা চাই এই লড়াইয়ের একটা শেষ দেখতে।’