মজার ও স্বাস্থ্যকর খাবার

অনেকেই ঝাল–ঝোল কিংবা বেশি মসলাদার খাবার পছন্দ করেন না। তাঁরা ঈদের দিন খেতে পারেন স্বাস্থ্যকর খাবার। পাঁচ তারকার স্বাদে বাড়িতেই তৈরি করে ফেলুন ভিন্ন রকম কোনো পদ। রেসিপি দিয়েছেন ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের শেফ জহিরুল ইসলাম ও হাবিবুর রহমান

শেফ জহিরুল ইসলাম ও হাবিবুর রহমানছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ল্যাসিক চিকেন সালাদ
ছবি: প্রথম আলো

ক্ল্যাসিক চিকেন সালাদ

উপকরণ: মুরগির বুকের মাংস (সেদ্ধ করা) ৪০০ গ্রাম, লবণ ৫ গ্রাম, সাদা গোলমরিচগুঁড়া ২ গ্রাম, মেয়োনিজ ৮০ ডিএম, তাজা লেবুর রস ১০ মিলিগ্রাম, সেলারিকুচি ১০ গ্রাম, বাদামকুচি ২০ গ্রাম, ক্যাপসিকাম ১০ গ্রাম, জলপাই ১০ গ্রাম, লাল পেঁয়াজ ১০ গ্রাম, আপেলকুচি ১০ গ্রাম ও লেটুসপাতা ১০ গ্রাম।

প্রণালি: মুরগির বুকের মাংস লবণ, সাদা গোলমরিচ ও তেল দিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করতে হবে। এবার একটি বড় বাটিতে ম্যারিনেট করা মাংসের সঙ্গে মেয়োনিজ ও লেবুর রস মিশিয়ে নিতে হবে। এখন কেটে রাখা সেলারি, ক্যাপসিকাম, লাল পেঁয়াজ, আপেল ও জলপাই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ওপরে লেটুসপাতা দিয়ে পরিবেশন করুন ক্ল্যাসিক চিকেন সালাদ।

মাছের টিক্কা
ছবি: প্রথম আলো

মাছের টিক্কা

উপকরণ: কাঁটা ছাড়া মাছ বা মাছের ফিলে ৩৫০ গ্রাম, শর্ষের তেল ১০০ মিলিলিটার, লবণ ১০ গ্রাম, লেবুর রস ১০ মিলিলিটার, টকদই ১০০ গ্রাম, পেঁয়াজবাটা ৫ গ্রাম, আদাবাটা ৫ গ্রাম, রসুনবাটা ৫ গ্রাম, লাল মরিচগুঁড়া ৫ গ্রাম, হলুদগুঁড়া ৫ গ্রাম, জিরাগুঁড়া ৫ গ্রাম ও ধনেগুঁড়া ৫ গ্রাম।

প্রণালি: একটি বড় পাত্রে মাছ ছাড়া সব উপকরণ ও গুঁড়া মসলা ভালোভাবে মেশাতে হবে। এবার এর মধ্যে মাছ দিয়ে হাতে মিশিয়ে নিন। মাখানো হলে ভালোভাবে ঢেকে ফ্রিজে ৩০ মিনিট ম্যারিনেট করে নিতে হবে।

ম্যারিনেট হয়ে গেলে ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে গরম করে নিন। এবার একটি বেকিং ট্রেতে তেল মাখিয়ে ম্যারিনেট করা মাছ বিছিয়ে দিতে হবে। এখন এটি ওভেনে রান্না করতে হবে ১৫ মিনিট। ওভেন থেকে নামিয়ে গরম–গরম পরিবেশন করুন মাছের টিক্কা।

মৌসুমি সবজি কারি
ছবি: প্রথম আলো

মৌসুমি সবজি কারি

উপকরণ: শর্ষের তেল ১০০ মিলিলিটার, পেঁয়াজকুচি ৫ গ্রাম, আদাকুচি ১০ গ্রাম, রসুনবাটা ১০ গ্রাম, টমেটোকুচি ৩০ গ্রাম, কাঁচা মরিচ ১৫ গ্রাম, লবণ ১০ গ্রাম, ফুলকপি কিউব ৫০ গ্রাম, গাজর কিউব ৫০ গ্রাম, আলু কিউব ৫০ গ্রাম, ক্যাপসিকাম কিউব ৫০ গ্রাম, সবুজ মটরশুঁটি ৩০ গ্রাম, ধনেগুঁড়া ৫ গ্রাম, লাল মরিচগুঁড়া ৫ গ্রাম, হলুদগুঁড়া ৫ গ্রাম, তাজা ধনেপাতা ৫ গ্রাম, জিরাগুঁড়া ৫ গ্রাম ও পনির ৫০ গ্রাম।

প্রণালি: একটি প্যান গরম করে এতে পনির ও সবজি মাঝারি আঁচে বাদামি করে ভাজতে হবে।

এবার অন্য একটি প্যানে তেল গরম করে এতে পেঁয়াজ দিয়ে ৪ মিনিট ধরে ভাজতে হবে। এখন এতে আদা ও রসুন দিয়ে আরও ১ মিনিট রান্না করতে হবে। এবার এতে টমেটো, ধনেপাতা, সব মসলা ও কাঁচা মরিচ দিয়ে ৩ মিনিট রান্না করতে হবে।

রান্না শেষ হলে প্রথমে ভেজে রাখা পনির ও সবজি এতে মিশিয়ে দিতে হবে এবং ২ মিনিট চুলায় রাখতে হবে। এখন প্রয়োজনে সামান্য পানি এতে মেশানো যাবে। সবজি সেদ্ধ হয়ে এলে ধনেপাতা দিয়ে গরম–গরম পরিবেশন করুন।