মাথায় টুপি, হাতে গ্লাভস, মুখে মাস্ক, গায়ে অ্যাপ্রোন। অবাক করা বেশভূষা ছাড়াও যেটা নজর কাড়ল, সেটি হাসি! একদম নির্ভেজাল, সরল, ভাবনাহীন। তরুণের নাম সবুজ। বয়স ২৪। সবুজের সঙ্গে দেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্রে। ব্যস্ত জায়গাটি ঘিরে খাবারের পসরা নিয়ে ছড়িয়ে-ছিটিয়ে যারা বসে, সবুজ তাদের একজন। কিন্তু ওই যে বললাম, সবার মধ্যে সবুজকে আলাদা করা যায় সহজেই। সবুজের সহকর্মী রহিমারও একই রকম বেশভূষা। যে ত্রিচক্রযানে সবুজ আর রহিমা শিঙাড়া, পুরি আর ছোলা নিয়ে বসেছেন, তারও রং-ঢং অন্য রকম। ভ্রাম্যমাণ খাবারের দোকানটির নাম লেখা আছে, ‘মজার খাবার’। তার নিচেই লেখা, ‘ইনভেস্ট প্রকল্প’।সবুজের বাড়ি নোয়াখালী। ১০ বছর বয়সে রাগ করে বাড়ি ছেড়ে এসেছিলেন। এরপর নানা পথ ঘুরে ছোট্ট ছেলেটির ঠাঁই হয় শহর ঢাকায়। এইটুকুন ছেলে, কে কাজ দেবে, থাকবেই বা কোথায়! দিশা না পেয়ে আর দশটা পথের ছেলের মতোই সবুজ নাম লিখিয়েছিলেন টোকাইয়ের দলে। কাগজ কুড়িয়ে, মাঝেমধ্যে গাড়ি ধাক্কানোর কাজ করে কোনোমতে দিন কাটত। রাতে ঘুমাতেন বঙ্গবন্ধু স্টেডিয়াম-সংলগ্ন এলাকায়, পথের পাশেই। প্রায় একই রকম গল্প রহিমারও। বাড়ি জামালপুরে। সাত বছর বয়সে কেন কীভাবে ঢাকা এসেছিলেন, মনে করতে পারলেন না তিনি। ঢাকায় এসে ঠাঁই হয়েছিল মালিবাগের ফুটপাতে। পিঠা বিক্রি করে, কলা টোকানোর কাজ করে কোনোমতে দিন কাটত। প্রতিদিন ঘুম থেকে ওঠা আর কোনোমতে একটা দিন পার করে দেওয়ার যুদ্ধে নামা—এভাবেই চলছিল সবুজ আর রহিমার দিনকাল। একদিন তাঁদের জীবনে বৈচিত্র্য আনল ‘ইনভেস্ট প্রকল্প’।ইনভেস্ট প্রকল্প মূলত পথবাসীর জন্য গৃহীত একটি প্রকল্প। এটি বাস্তবায়ন করছে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড নামের একটি আন্তর্জাতিক সেবাদানকারী প্রতিষ্ঠান। সঙ্গে আছে সহযোগী প্রতিষ্ঠান নারীমৈত্রী। ইউকে এইডের সিঁড়ি প্রকল্পের মাধ্যমে মিলেছে আর্থিক সহযোগিতা। ইনভেস্ট প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর সুভাশীষ কর্মকার বলছিলেন, ‘ঢাকা শহরে প্রায় ২৫ হাজার মানুষ পথে বাস করে। এদের মধ্য থেকে নানা রকম বাছাই-প্রক্রিয়ার মাধ্যমে ১৫০ জনকে আমরা বেছে নিয়েছি। তাঁদের মধ্যে ১৭ জনকে আমরা খাবার বিক্রির কাজে নিয়োগ দিয়েছি। অন্যরাও কিছুদিনের মধ্যেই কাজ পাবেন। আমাদের লক্ষ্য, এ বছরের মধ্যেই পুরো ঢাকা শহরে ৩২০টি ভ্রাম্যমাণ খাবারের দোকান দেওয়া। বহনযোগ্য বাক্সে খাবার বিক্রি তো আছেই। এর মাধ্যমে ৭০০ পথবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ’বর্তমানে ঢাকা শহরে রয়েছে চারটি ‘মজার খাবার’-এর গাড়ি। আর হাতে বহনযোগ্য বাক্সের মাধ্যমে ঘুরে ঘুরে ‘মজার খাবার’ বিক্রি করেন নয়জন পথবাসী। সবুজ-রহিমার মতোই ‘মজার খাবার’ নিয়ে বসেন আলাউদ্দিন আলম আর সাথী। তাঁদের বিক্রয়স্থল বঙ্গবন্ধু স্টেডিয়াম। আলাউদ্দিন আর সাথী থাকতেন কমলাপুর রেলস্টেশনে। এখন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মজার খাবার বিক্রি করেন। ‘মজার খাবার’ গাড়িতেই আছে চুলা। দিনভর ভাজা আর আর বিক্রি চলে। সবুজ জানালেন, তাঁদের তৈরি খাবার তাঁর হাসির মতোই নির্ভেজাল! অ্যাপ্রোন, মাস্ক, টুপি, গ্লাভস পরে খাবার ভাজা ও বিক্রির সময় জীবাণু রোধের কঠোর প্রচেষ্টা তো আছেই, খাবার তৈরির কাঁচামাল হিসেবেও ব্যবহার করা হয় খাঁটি উপাদান। একই তেল দ্বিতীয় দিন ব্যবহার করা হয় না। মূল হেঁশেলেও রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে কঠোর তত্ত্বাবধান।বহনযোগ্য বাক্সে করে ‘মজার খাবার’ বিক্রি করেন কোহিনুর। ছোটবেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে পথে খেয়ে না-খেয়ে বড় হয়েছেন। এখন দৈনিক সর্বনিম্ন দেড় শ টাকা আয় করেন। বিক্রি ভালো হলে ২০০-৩০০ টাকাও আয় হয়।