মজার খাবার আর জম্পেশ আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গুলশান-২ গোল চত্বরে নেমে উত্তরে তাকালেই চোখ পড়বে, চমৎকার আলোক সজ্জা কাছে ডাকবে, সাগরকন্যার ডাক। ভবন মার্কেটের ভেতরে গিয়ে ওপরে ওঠার সিঁড়ি। হঠাৎ ভিরমি খেতে পারেন। বৈদ্যুতিক আলো থেকে ভেতরে এসে হুট করে হারিকেনের আলো দেখলে এমনটি হতেই পারে! দুই পাশে হারিকেনের আলোয় চোখে পড়বে একখণ্ড কাঠের গায়ে লেখা ‘মারমেইড ক্যাফে’। কুচিপাথরের ওপর কাঠের সিঁড়ি দিয়ে তিনতলায় আসতেই আপনি ভুলে যাবেন, এটি ঢাকা শহর। মারমেইড ক্যাফে ঢাকায় তাদের এই দ্বিতীয় শাখা উদ্বোধন করেছে গেল চৈত্রের শেষ দিন। যাঁর সামুদ্রিক মাছের প্রতি দুর্বলতা আছে, তিনি নিশ্চয় মারমেইডের কথা শুনেছেন। কক্সবাজারের পর মারমেইড ক্যাফে ঢাকার ভোজনরসিকদের চাহিদা মেটাতে এরই মধ্যে জনপ্রিয় একটি নাম হয়ে গেছে। গুলশান-২-এর ভবন মার্কেটের তিনতলার পুরোটা মারমেইড ক্যাফে। সিঁড়িতেই চোখ জুড়িয়ে ভেতরে এলে আরও দারুণ মনে হবে জায়গাটি। খাবারদাবার আর আড্ডার জন্য এর চেয়ে ভালো স্থান মেলা ভার। নান্দনিক এর অন্দরসজ্জাও। চারদিকে ঘেরা আছে বাঁশের চিক দিয়ে। মনে হতে পারে, কোনো জেলেপাড়ায় বসেছেন! ছাদের মৃদু আলোর মুখে লাগানো বাঁশের চালনা বা ঝাঁঝরা। অমসৃণ কাঠের লম্বা টেবিলের সঙ্গে আয়েশ করে বসার চেয়ার বা বেঞ্চ। ১৪০ জনের একসঙ্গে বসে খাওয়ার সুযোগ মিলবে এখানে। মারমেইড ক্যাফের বিপণন ও বিক্রয় বিভাগের কর্মী রেক্সি ডমেনিক গমেজ বলেন, ‘আমাদের ক্যাফেতে বসে উপভোগ করা যাবে টাটকা সামুদ্রিক মাছও, যা প্রতিদিন আকাশপথে কক্সবাজার থেকে ঢাকায় আনা হয়। কেউ চাইলে এখানে পার্টির আয়োজন করাও সম্ভব। এ ছাড়া গুলশান, বনানী ও বারিধারা এলাকায় হোম ডেলিভারি করা হয়। ফোন করেই ফরমাশ দেওয়া যাবে।’ সারাক্ষণ গানের সঙ্গে এখানে চোখে পড়বে বাহারি সব ছবি। মাঝখানে দুটি বিশেষ ধরনের নৌকা।কি দুপুর, কি বিকেল বা রাত—কোনটা খেতে মন চাইছে বলে দিন মেন্যু দেখে। আর ব্যস, বসে যান আড্ডায়। গরম খাবার রান্না হয়ে পৌঁছে যাবে আপনার টেবিলে। সন্ধ্যা বা রাতে ক্যান্ডেললাইট ডিনারে পরিতৃপ্তি খুঁজে পাবেন এখানে। এখানকার খাবারে কোনো স্বাদলবণ ব্যবহার করা হয় না। সম্পূর্ণ রান্না হয় জলপাই তেলে। সামুদ্রিক মাছের ডিশের মধ্যে এখানে খেতে পারেন কাঁকড়া, চিংড়ি, স্কুইড, স্যালমন ইত্যাদি। এই ডিশের দাম পড়বে ৭৫০ টাকা। ‘রেড স্ন্যাপার ডিশ’ যেখানে মাছের সঙ্গে থাকবে অলিভ অয়েল সস, দাম পড়বে ৩৫০ টাকা (১০০ গ্রাম)। আছে ‘টুনাস্টেক’ নামে টুনা মাছের কাঁটা তুলে চমৎকার রান্না—সঙ্গে ম্যাশ পটেটো—ডিশটির দাম পড়বে ৮০০ টাকা। কক্সবাজারের স্পেশাল ভেটকির সঙ্গে ম্যাশ পটেটোতে তৈরি ‘কক্স ভেটকি স্টেক’ খেতে পাবেন ৯০০ টাকা দিয়ে। এ ছাড়া স্প্যাগেটি ক্র্যাব পাবেন ৮০০ টাকায়। সবজি ও ম্যাশ পটেটো দিয়ে তৈরি গ্রিল চিকেন পাবেন ৭০০ টাকায় (হাফ)। পাই-অ্যাপেল চিকেন ব্রেস্ট যার সঙ্গে পাবেন অস্ট্রেলিয়ান মজ্জারেলা চিজের স্বাদ, দাম ৭০০ টাকা। এ ছাড়া ভেজিটেরিয়ানদের জন্যও আছে মজাদার সব আইটেম। পাস্তা পাবেন ৬০০ থেকে এক হাজার টাকায়। আছে মজাদার সব ডেজার্টের সঙ্গে নতুন যোগ হওয়া ডেজার্ট চিজ কেক, অ্যাপেলপাই বা কাপ কেক। দুপুরে, বিকেলে বা রাতে রকমারি সব জুসের স্বাদ নিতে পারেন এখানে। লেমন জুস, পেঁপে জুস, আপেল জুস, তরমুজ জুস, আমের জুস বা মকটেল খেতে পারেন। পাবেন মারমেইডের সিগনেচার ড্রিংকসও।