মজিনার সৈকত অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা এখানে এসেছি কেন?’ প্রশ্ন করলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। প্রশ্নের জবাবটা আবার তিনিই দিলেন, ‘আমরা এখানে এসেছি সাগরসৈকতের পরিচ্ছন্নতার জন্য। কারণ, আমরা যত্নশীল সুন্দর বাংলাদেশের ব্যাপারে। বাংলাদেশ আমাদের ঘর, আমরা যদি আমাদের ঘরের যত্ন না নিই, তাহলে কে নেবে?’ঘরের যত্ন নিতেই গতকাল বুধবার সকালে ড্যান মজিনার সঙ্গে পতেঙ্গা সৈকতে জড়ো হন বাংলাদেশ বয়েজ ও গার্লস গাইডের তরুণ-তরুণীরা। সৈকতের ঝাউবন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে নামেন তাঁরা। আর অভিযান শুরুর আগে গা গরম করে নেওয়ার উদ্দেশ্যেই বুঝি রাষ্ট্রদূত মজিনা এমন উৎসহ-বাণী দিলেন। সকাল নয়টার কাছাকাছি সময়। তখনো পতেঙ্গা সৈকত তার চেনা চেহারায় ফিরে আসেনি। ভাটা চলছিল সাগরে। পর্যটক না থাকলেও তার অভাব পূরণ করেছেন গণমাধ্যমের কর্মীরা। তাঁদের পদচারণে অনেকটা মুখর হয়ে উঠেছিল সকালের সৈকত। সাংবাদিকদের পাশাপাশি যুক্তরাষ্ট্র দূতাবাস এবং সাহায্য সংস্থা ইউএসএআইডির (ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের ব্যস্ত চলাচল ছিল। প্রস্তুতি নিচ্ছেলেন বয়েজ ও গার্লস গাইডের সদস্যরা। সৈকতে একটি মঞ্চও সাজানো হয়। এতে লেখা ছিল ‘বিচ ক্লিনআপ’। সৈকত অভিযানের প্রতিপাদ্য ছিল ‘আমি প্রকৃতির, প্রকৃতি আমার’। সমন্বিত সংরক্ষিত এলাকা যৌথ ব্যবস্থাপনা (আইপ্যাক) প্রকল্পের আওতায় পরিচালিত হয় এই পরিচ্ছন্নতা অভিযান। এর বাস্তবায়নকারী সংস্থা কোডেক। আর অর্থায়নে রয়েছে যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসএআইডির মিশন পরিচালক রিচার্ড গ্রিন ও সাবেক বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদ। রাষ্ট্রদূত মজিনা মঞ্চে উঠে বলে ওঠেন, ‘আমাকে একটি কুইজের জবাব দিতে হবে।’ তিনি নিজের দুই হাত তুলে ধরে উপস্থিত তরুণ-তরুণীদের প্রশ্ন করেন, ‘এগুলোর কাজ কী?’ উত্তরটা আবার নিজেই দিয়েছেন। তিনি বলেন, ‘এই দুটি হাতের কাজ হলো ময়লা অপসারণ করা এবং এটা করা দরকার সুন্দর বাংলাদেশ গড়ার জন্য।’ এরপর রাষ্ট্রদূতের মুখে শোনা গেল নিজের জীবনের গল্পগু: তিনি তখন ওয়াশিংটন থাকতেন। ওয়াশিংটন ট্রেন স্টেশন থেকে তাঁর বাসার দূরত্ব ছিল প্রায় এক কিলোমিটার। রাষ্ট্রদূত প্রতিদিন সকালে বেরিয়ে বিকেলে ফিরে আসার সময় নিজের হাতে এই পথের সব ময়লা কুড়িয়ে নিয়ে আসতেন। ফলে এই এক কিলোমিটার পথ সব সময় পরিষ্কার থাকত। পরে রাষ্ট্রদূত অন্যদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে নামেন। অভিযানের ফাঁকে তিনি কথা বলেন স্থানীয় দোকানিদের সঙ্গে। সৈকত পরিষ্কার রাখার ব্যাপারে তাঁদের পরামর্শ দেন এবং এ ব্যাপারে তাঁদের সহযোগিতা আশা করেন।