মজুরিবৈষম্য নিয়ে হতাশ দীঘিনালার নারী শ্রমিকেরা

‘সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত নয় ঘণ্টা কাজ করি। বেতন পাই মাত্র দেড় শ টাকা। অথচ একই সময় পুরুষ শ্রমিকেরা কাজ করে পান সাড়ে তিন শ টাকা। আমরা নারী বলে আমাদের মজুরি কম। কাজ পাই না, তাই পুরুষের অর্ধেক মজুরি নিতে হয়।’ আক্ষেপের এই কথাগুলো খাগড়াছড়ির দীঘিনালার ভৈরফা রাবার কারখানা এলাকার কৃষিশ্রমিক মিতা চাকমার (৩৪)। তাঁর মতো উপজেলার কয়েক শ নারী শ্রমিক মজুরিবৈষম্যের শিকার হলেও, তাঁদের হয়ে কথা বলার কেউ নেই।
এ ধরনের মজুরিবৈষম্য নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেওয়ায় হতাশ উপজেলার নারী শ্রমিকেরা। মহিলাবিষয়ক অধিদপ্তর নারী দিবসে সভা ও মানববন্ধনের মাধ্যমে কেবল সচেতনতা কার্যক্রম পরিচালনা করে। নারীদের ন্যায্য মজুরি নিশ্চিত করার বিষয়ে এখন পর্যন্ত কোনো সংস্থার সুনির্দিষ্ট কার্যক্রম চোখে পড়েনি। এমনকি উপজেলায় কত সংখ্যক নারী শ্রমিক নিয়োজিত আছেন, তারও কোনো জরিপ নেই মহিলাবিষয়ক অধিদপ্তরের কাছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর উপজেলার ২২টি কৃষিব্লকে ১ হাজার ৭ হেক্টর জমিতে বোরো ও ৫১০ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, চাষাবাদের কাজে নিয়োজিত অধিকাংশই শ্রমিকই নারী। মজুরি কম বলে চাষিরা নারী শ্রমিকদেরই বেশি নিয়োজিত করেন।
হাচিনসনপুর এলাকার কয়েকজন তামাকচাষি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তামাকখেতে পুরুষ শ্রমিকেরা মজুরি পান সাড়ে তিন শ থেকে চার শ টাকা। আর নারী শ্রমিকদের দিই দু শ টাকা।’
নারী শ্রমিকের মজুরি কেন পুরুষ শ্রমিকের অর্ধেক এমন প্রশ্ন করা হলে আবু ছালেহ নামের এক তামাকচাষি বলেন, কোনোভাবেই একজন নারী একজন পুরুষের সমান কাজ করতে পারেন না। তাই এ নিয়ম রাখা হয়েছে। তবে এ বিষয়ে নারী শ্রমিকদের বক্তব্য আবু ছালেহের কথার সঙ্গে মেলে না। তামাকখেতের শ্রমিক সাজেদা বেগম (৪০), জমিরন বেগম (৪৫) ও কুলসুমা বেগম (৬০) বলেন, ‘আমরা কোনোভাবেই পুরুষের চেয়ে কাজ কম করি না। পুরুষের সমান সমানই কাজ করি। পুরুষদের মতোই আমরা সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত কাজ করি। কিন্তু এরপরও আমাদের মজুরি পুরুষের তুলনায় অর্ধেক।’
অনুসন্ধানে দেখা গেছে, বোরো চাষের সঙ্গে যুক্ত নারী শ্রমিকের মজুরি আরও কম। জমিতে নয় ঘণ্টা কাজ করে তাঁরা বেতন পান দেড় শ টাকা। কৃষিশ্রমিক উষা রানি চাকমা, মমতা চাকমা, শান্তি রানি চাকমাসহ বেশ কয়েকজন শ্রমিক জানান, তাঁরা দেড় শ টাকা মজুরিতে বোরোর জমিতে কাজ করেন। আর পুরুষেরা কাজ করলে পান সাড়ে তিন শ টাকা। তাঁরা কাজ না পাওয়ায় বাধ্য হয়ে কম মজুরি নিচ্ছেন।
এ প্রসঙ্গে নারীনেত্রী সীমা দেওয়ান বলেন, একজন নারী কোনোভাবেই পুরুষের চেয়ে কম কাজ করেন না। নারী-পুরুষ সমানই কাজ করেন। তাই মজুরিবৈষম্য মেনে নেওয়া যায় না। বিষয়টি নিয়ে সরকারিভাবে মাঠপর্যায়ে কাজ করা উচিত। নারী শ্রমিকদেরও সচেতন হওয়া প্রয়োজন রয়েছে।
এ বিষয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অনুকা খীসা বলেন, ‘পুরুষের চেয়ে নারী শ্রমিকের মজুরি অর্ধেক হওয়া সত্যি দুঃখজনক। তবে এই বৈষম্য নিরসনে সচেতনতামূলক সভা ও মানববন্ধন করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। উপজেলায় কত সংখ্যক নারী শ্রমিক রয়েছেন বা কাজ করেন তার তথ্যও মহিলাবিষয়ক অধিদপ্তরের কাছে নেই।’