মঞ্চ আর আলোর মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলা থেকেই ঝোঁকটা বেশি ছিল আঁকিবুঁকিতে। লেখার খাতা, কাচ বা বালিশের কভার—বাদ যেত না কিছুই। হাতের কাছে যা-ই পেতেন, ক্যানভাস বানিয়ে আঁকতেন সেখানেই। স্বপ্নের সেই ফুল, পাখি আর ঘরবাড়ি হতো মূল থেকে একটু আলাদা। একটু অন্য রকম। অনেকটা উদ্ভটই বলা যায়। বড় হয়েও তাই ছেলেটি কাজের জায়গা হিসেবে বেছে নিলেন নিজের পছন্দের জগৎকেই। শুধু দেশ নয়, দেশের বাইরের কোটি কোটি মানুষও দেখল তাঁর সেই অবাক করা কাজের জৌলুস। ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ বানালেন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। স্বপ্নবান এই তরুণের নাম মুকিমুল আনোয়ার। পরিচিতরা যাঁকে মুকিম নামেই চেনেন। কাজ করছেন ডিজাইনার হিসেবে। জন্মস্থান চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন ইচ্ছার তুলিতে রং মাখতেই। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নাচের অনুষ্ঠানে অংশ নিয়ে প্রথমে বেশ প্রসংশা কুড়ান। এরপর খুঁজে পান নিজের জগৎ।শুরুতে বিচ্ছিন্নভাবে ছোটখাটো বিভিন্ন সেট তৈরির কাজ করতেন। নিজের উদ্যোগেই গড়ে তোলেন মুকিমস ক্রিয়েশন নামের একটি প্রতিষ্ঠান। সঙ্গে ছিলেন বন্ধু ইকবাল হোসেন। প্রতিষ্ঠান গড়ে তোলার ১০ বছর পর এই সময়ে এসে মুকিম জানান, শুরুতে অনেক শঙ্কা ছিল। অনেক প্রতিবন্ধকতা নিয়ে কাজ করতে হতো। বাজেট নিয়েও হতো ঝামেলা। কিন্তু এখন কাজের ক্ষেত্র বেড়েছে।দেশের অনেক বড় বড় অনুষ্ঠানের আয়োজনে এখন ডাক পড়ে মুকিমের। ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠানের সেট নির্মাণ করেছিলেন। দেশের ন্যাশনাল প্যারেড অনুষ্ঠানের কাজ করেছেন দুবার। এ ছাড়া বিভিন্ন রিয়ালিটি শো ও ম্যাগাজিন অনুষ্ঠানের মঞ্চ তৈরি করে মুকিম ক্রিয়েশন। মুকিম দেশ ছাড়াও দেশের বাইরে বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ করেন।মুকিম বলেন, ‘এই কাজে আমার কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনা নেই। নিজের চেষ্টা আর অভিজ্ঞতার মধ্য দিয়েই কাজ শিখছি আর কাজ করে যাচ্ছি। সামনে বাংলাদেশ গেমসের মঞ্চ নির্মাণের জন্য আলোচনা চলছে। আশা করছি, এখানেও নিজের দেশকে তুলে ধরতে পারব আমার কাজ দিয়ে।’স্ত্রী রোজী ও দুই সন্তান অনিন্দ্য আর অরণ্যকে নিয়ে চলছে তাঁর জীবন। প্রতিদিন নিত্যনতুন চিন্তা নিয়ে করে যাচ্ছেন দৃষ্টিনন্দন সৃজনশীল সব কাজ। মুকিমস ক্রিয়েশনের সঙ্গে নতুন যুক্ত করেছেন গ্লো নামের একটি লজিস্টিক কোম্পানিও।মুকিম মনে করেন, সম্মানের পাশাপাশি পেশা হিসেবেও তাই যে কেউ বেছে নিতে পারেন ডিজাইনের এই কাজ। তবে নতুনদের জন্য পরামর্শ হচ্ছে, কাজটি করতে হবে নিষ্ঠার সঙ্গে। নিজের মেধা দিয়ে এখানে জায়গা করে নিতে হবে। তাই কাজটা একটু বুঝে নিয়েই শুরু করা ভালো।