মঞ্চ থেকে রাজপথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সৈয়দ হাসান ইমাম। অভিনেতা, আবৃত্তিকার, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী ব্যক্তি। গুণী এই মানুষ গতকাল শুক্রবার পেয়েছেন মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা ২০১৭। তাঁকে নিয়ে এবারের প্রচ্ছদ প্রতিবেদন
বর্ণময় জীবনে অভিনেতা সৈয়দ হাসান ইমাম জড়িয়ে আছেন দেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে। ছবি: খালেদ সরকার
বর্ণময় জীবনে অভিনেতা সৈয়দ হাসান ইমাম জড়িয়ে আছেন দেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে। ছবি: খালেদ সরকার

১৯৫২ সালে অল ইন্ডিয়া ইয়ুথ উৎসবের রবীন্দ্রসংগীত বিভাগে চিন্ময় চট্টোপাধ্যায় দ্বিতীয় হয়েছিলেন। চিন্ময় তো পরবর্তীকালে রবীন্দ্রসংগীতকে জনপ্রিয় করতে অবদান রাখেন।
এটি একটি সম্পূরক তথ্য। সে উৎসবে রবীন্দ্রসংগীত বিভাগে প্রথম হওয়া ব্যক্তির নাম জানাতেই এই তথ্যের প্রস্তাবনা। অনেকেই বিস্মিত হবেন, যখন শুনবেন সে নামটি সৈয়দ হাসান ইমাম।
না, চমকে যাবেন না। সৈয়দ হাসান ইমামের কণ্ঠ ছিল অসাধারণ। সংগীতশিল্পী হিসেবে তিনি চাইলেই নাম করতে পারতেন। কিন্তু কিছুদিন পরই এক ভয়াবহ ব্যাধি, ফ্যারিনজাইটিস, তাঁর কণ্ঠের গলায় পরিয়ে দিল বিধিনিষেধের মালা। ব্যস, সে সম্ভাবনার ইতি।

বর সৈয়দ হাসান ইমাম ও কনে লায়লা হাসান
বর সৈয়দ হাসান ইমাম ও কনে লায়লা হাসান

কিন্তু তাতে বিন্দুমাত্র বিচলিত নন সৈয়দ হাসান ইমাম। জীবনকে তিনি চলতে দিয়েছেন তার ইচ্ছেমতো, যখন যেখানে স্থির হয়েছেন, নান্দনিক কিছু করেছেন সেখানে। যখন বুঝেছেন, হেথা নয়, হেথা নয় অন্য কোথা, অন্য কোনোখানে, তখন সে জায়গা ছেড়ে দিয়েছেন। আমরা এখন আক্ষেপ করে বলতে পারি, আহা! একজন দারুণ সংগীতজ্ঞকে হারালাম, কিন্তু সৈয়দ হাসান ইমাম বলবেন, আমার জীবনে সবকিছুই হয়েছে আবোলতাবোল, আক্ষেপ নেই কোনো।

১৯৬৫ সালে পাকিস্তান জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে সৈয়দ হাসান ইমাম (বাঁ থেকে দ্বিতীয়)
১৯৬৫ সালে পাকিস্তান জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে সৈয়দ হাসান ইমাম (বাঁ থেকে দ্বিতীয়)

চুনী, পিকে
চিন্ময়ের আগেও আরেকটি ঘটনা আছে, সে বিষয়ে চুপ থাকলে চলবে না। ভারতীয় জাতীয় ফুটবল দলের একসময়ের দুই দুর্ধর্ষ অধিনায়ক চুনী গোস্বামী আর পিকে ব্যানার্জির সঙ্গেও খেলেছেন হাসান ইমাম। খেলেছেন মানে তাঁদের সমানে সমানেই খেলেছেন। চুনী আর হাসান ছিলেন বেঙ্গল দলে, পিকে ছিলেন বিহারে। এখনো চুনীর সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু পিকের সঙ্গে আর যোগাযোগ করার সুযোগ হয়ে ওঠেনি।
চাইলে হাসান একজন ভালো ফুটবলার হতে পারতেন। কিন্তু কাটিহার পুলিশের সঙ্গে খেলায় পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। চিকিৎসকের পরামর্শে ফুটবল থেকে সরে আসতে হলো। চাইলে হতে পারতেন ভালো ক্রিকেটারও। ঢাকা লিগে পাঁচ বছর চুটিয়ে ক্রিকেট খেলেছেন তিনি। তারপর আস্তে আস্তে চলচ্চিত্র, নাটক, আন্দোলন তাঁকে গ্রাস করল।

সত্তেরর দশকে কার্লভেরী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিবোর্ডের সদস্য
সত্তেরর দশকে কার্লভেরী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিবোর্ডের সদস্য

আরও আগে
সৈয়দ হাসান ইমামের বাড়ি বাগেরহাটে। কিন্তু ছেলেবেলায় তিনি থাকতেন বর্ধমানে, নানাবাড়িতে। আব্বা চাকরি করতেন কলকাতায়। বইপাগল ছিলেন তিনি। প্রতি শনিবার আব্বা সৈয়দ সুলেমান আলী চলে আসতেন মা সৈয়দা সাঈদা খাতুনের কাছে। সঙ্গে নিয়ে আসতেন একটি করে বই। সে বইয়ে মায়ের নাম আর তারিখ লেখা থাকত।
হাসান বাবাকে হারিয়েছেন দুবছর বয়সে। স্মৃতিতে বাবা প্রায় নেই। ওপরের ঘটনাগুলো শুনেছেন মায়ের কাছে। সেই বইগুলো অবশ্য এখনো আছে। রেখে দিয়েছেন পরম যত্নে।

পাকিস্তান শাসনামলে ড্রামা সার্কেল নাট্যদলের সঙ্গে (নিচে বসা বাঁ থেকে চতুর্থ)
পাকিস্তান শাসনামলে ড্রামা সার্কেল নাট্যদলের সঙ্গে (নিচে বসা বাঁ থেকে চতুর্থ)

বর্ধমানেই স্কুল-কলেজ। বামপন্থী মায়ের বাড়িতে বেড়ে উঠেছেন বলে ছেলেবেলা থেকেই প্রচণ্ড সাহসী হাসান ইমাম। ছোট ছিলেন বলে পুলিশের নজরে পড়তেন না। তাই গভীর রাতে
সাইকেল চালিয়ে নিষিদ্ধঘোষিত কমিউনিস্ট পার্টির সদস্যদের বাড়িতে যেতেন। পরামর্শ পৌঁছে দিতেন অন্য কমরেডদের কাছে। চিকিৎসককে নিয়ে আসতেন আহত কমরেডের লুকোনো ডেরায়।
ফলে রাজনীতি ঢুকে গিয়েছিল তাঁর হাড়ে-মজ্জায়। এসব কাজেই মায়ের প্রচ্ছন্ন প্রশ্রয় কাজটাকে সহজ করে দিয়েছিল।

একান্ত অবসরে
একান্ত অবসরে

বিশ্ব রেকর্ড
অভিনয়জগতেও চলে এসেছেন অন্যের কথায়। কলেজজীবনে নাটকে অভিনয় করেন অন্যদের অনুরোধে। ‘আমি তো ওয়ার্ল্ড রেকর্ড করেছি অভিনয়ে’, বলে হাসলেন হাসান ইমাম। জানালেন, কলেজজীবনে ছাত্র কংগ্রেসের সঙ্গে লড়াই করে নির্বাচনে বামপন্থীরা ছাত্র সংসদের দায়িত্ব পেয়েছে। তিনি হয়েছেন কমনরুম সম্পাদক। সব সময় কংগ্রেসের ছেলেরাই নাটক করে। বামপন্থী ছেলেরাও নাটক করবে বলে জানালেন। কংগ্রেসের ছেলেদের সঙ্গে মিলে যে নাটকটি করা হলো, তাতে প্রধান নারীচরিত্রে মহড়া করলেন হাসান। কারণ, তখনো মেয়েদের অভিনয় করার সুযোগ ছিল না সেখানে। বামপন্থীদের নাটকের মহড়া হলো গোপনে। সেখানে মূল নায়কের চরিত্রে হাসান। সলা করে ঠিক হলো, মঞ্চায়নের আগের দিন হাসান বেঁকে বসবেন। বললেন, কংগ্রেসের নাটকটি করবেন না। অন্যরা তখন দাবি তুলবেন, যদি বামপন্থী শিক্ষার্থীদের নাটকটি করতে দেওয়া হয়, তাহলে হাসান কংগ্রেসের নাটকটিতে অভিনয় করবেন। পরিকল্পনামতোই কাজ হলো। হাসান একই দিনে দুটো নাটকে অভিনয় করলেন, এক নাটকে তিনি নায়ক, অন্য নাটকে নায়িকা। এই রেকর্ড পৃথিবীর আর কারও আছে বলে মনে হয় না।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পদক নিচ্ছেন সৈয়দ হাসান ইমাম, ২০১৬
প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পদক নিচ্ছেন সৈয়দ হাসান ইমাম, ২০১৬

ঢাকায়
১৯৫৭ সালে সৈয়দ হাসান ইমাম চলে এলেন ঢাকায়। এর এক বছর পরই তো আইয়ুব খানের স্বৈরশাসনের শুরু। এ সময় চাকরির পাশাপাশি চলেছে নাটক, চলচ্চিত্রের কাজ। কয়েকটি মধুর ঘটনা এখানে তুলে আনা যায়।
১৯৬০ সালে একই সময়ে তিনটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর চলচ্চিত্রজীবন শুরু হয়। জানাজানি ছবিতে প্রথম নাম লেখালেও ধারাপাত তাঁর অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। আরেকটি ছবির নাম রাজা এল শহরে। টিভি নাটকের মধ্যে মুস্তাফা মনোয়ার প্রযোজিত মুখরা রমণী বশীকরণ ও রক্তকরবীতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম। এ ছাড়া অসংখ্য নাটকে তার অভিনয়প্রতিভা মেলে ধরেছেন।
১৯৬১ সালে রবীন্দ্রজন্মশতবার্ষিকীতে সাত দিনব্যাপী অনুষ্ঠানে যে তিনটি রবীন্দ্র-নাটক হয়েছিল (রক্তকরবী, তাসের দেশ এবং রাজা ও রানী), তাঁর প্রতিটিরই প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সৈয়দ হাসান ইমাম।
রমনা বটমূলে ছায়ানটের পয়লা বৈশাখের অনুষ্ঠানে গোলাম মুস্তাফা ও তিনি আবৃত্তি করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সংস্কৃতি সংসদের নাটক রক্তকরবীর নির্দেশনা দিয়েছেন তিনি। জগন্নাথ হলের শিক্ষার্থীদের দিয়ে গোর্কির মা করিয়েছেন।

যখন তরুণ—স্ত্রী লায়লা হাসানের সঙ্গে
যখন তরুণ—স্ত্রী লায়লা হাসানের সঙ্গে

মুক্তিযুদ্ধ
একাত্তরে উত্তাল সময়ে বিক্ষুব্ধ শিল্পীসমাজের আহ্বায়ক ছিলেন। ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর ৮ থেকে ২৫ মার্চ পর্যন্ত রেডিও-টেলিভিশনে মনের মতো অনুষ্ঠান করলেন তাঁরা। পাকিস্তানিরা বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ল ২৫ মার্চ রাতে। এরপর সৈয়দ হাসান ইমাম চলে গেলেন কলকাতায়। যুক্ত হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে। থাকলেন সন্জীদা খাতুন, ওয়াহিদুল হক, মুস্তাফা মনোয়ারের সঙ্গে সাংস্কৃতিক আন্দোলনেও। ‘রূপান্তরের গান’সহ নানা ধরনের অনুষ্ঠান তৈরি হয়েছিল এ সময়। মুক্তির গানও এই প্রয়াসেরই একটি অংশ নিয়ে তৈরি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তিনি সালেহ আহমেদ নামে খবর পড়তেন। নাট্য বিভাগের প্রধান ছিলেন।

এক ফ্রেমে পুরো পরিবার
এক ফ্রেমে পুরো পরিবার

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি
প্রাণের তাগিদেই যুক্ত হয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে। শহীদজননী জাহানারা ইমামের অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন তিনি। নব্বই দশকের গোড়াতেই এই আন্দোলন বাংলাদেশের জন্য ছিল এক অনন্যসাধারণ ঘটনা। গণ-আদালতে একাত্তরের ঘাতকদের বিচারের মাধ্যমে একাত্তরের ঘৃণ্য অপরাধীদের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষকে আবার ঐক্যবদ্ধ করে তোলা হয়।
সৈয়দ হাসান ইমাম তুখোড় বক্তা। ঈশ্বরদীতে এক ঘণ্টা বক্তৃতা করার পর তিনি যখন বসেছেন, তখন শ্রোতাদের পক্ষ থেকে রোল উঠেছে ‘ওয়ান মোর’। জাহানারা ইমাম বলেছেন, ‘যাও, আরও বলো’। আবার উঠে দাঁড়িয়ে ৪৫ মিনিট বক্তৃতা করেছেন হাসান ইমাম। পরদিন পত্রিকায় খবর বেরিয়েছে, ‘বক্তৃতার মঞ্চে প্রথম ওয়ান মোর শোনা গেল’।
ঘাতক দালালবিরোধী আন্দোলন করার সময় চারবার তাঁকে হত্যার চেষ্টা করেছে ফ্রিডম পার্টি ও জামায়াত। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর তাঁকে দেশ ছেড়ে থাকতে হয় দীর্ঘ সময়কাল।

লায়লা হাসান ও সৈয়দ হাসান ইমাম এখন
লায়লা হাসান ও সৈয়দ হাসান ইমাম এখন

তৃপ্ত মানুষ
না, কোনো বিষয়েই ক্ষোভ নেই সৈয়দ হাসান ইমামের। শুধু হাসলেন এই বলে যে, ‘নাটক করলাম এত, কিন্তু নাটকের লোকেরা আমাকে নাটকের লোক বলে মনেই করে না।’ পরক্ষণেই বললেন, ‘জীবনকে প্রাধান্য দিয়েছি, কোনো পেশাকে না, নেশাকে না। নৈতিক দিক থেকে, মানসিক দিক থেকে যা ভালো লেগেছে, করেছি। বৈষয়িক দিক থেকে আমাকে নির্বোধ বলতে পারো।’
তারপর আবার বললেন, ‘আমি কিন্তু সর্বজনশ্রদ্ধেয় কেউ নই। সর্বজনশ্রদ্ধেয়—এটা একটা গালাগালি। সে সবার সঙ্গে তাল মিলিয়ে চলে। আমি নীতিনিষ্ঠ হতে চাই। সর্বজনশ্রদ্ধেয় নয়। আজীবন রাজপথেই থেকে যেতে চাই।’
দেশের নিপীড়িত মানুষের শ্রদ্ধা পেয়েছেন, তাতেই তিনি তৃপ্ত।
একনজরে
সৈয়দ হাসান ইমাম
জন্ম : ২৯ জুলাই ১৯৩৫
পড়াশোনা : বর্ধমান টাউন স্কুল,
রাজ কলেজ,
টেকনিক্যাল কলেজ
ভারত থেকে
ঢাকা আগমন : ১৯৫৭ সাল
চাকরি : ন্যাশনাল ব্যাংক
চলচ্চিত্রে
প্রথম অভিনয় : ১৯৬০ সালে, ঢাকায়।
জানাজানি ছবিতে
প্রথম নাম লেখান।
তবে প্রথম মুক্তি পায়
ধারাপাত।
টেলিভিশন : ১৯৬৪ থেকে।
টেলিভিশনের প্রথম
নাটক মুনীর চৌধুরী
লিখিত এক তলা-
দোতলা নাটকে
অভিনয় করার কথা
ছিল। একদিন
রিহার্সালও করেছেন।
কিন্তু পরে করেননি।
পারিবারিক তথ্য: স্ত্রী লায়লা হাসান,
বিশিষ্ট নৃত্যশিল্পী
ও সংগঠক
২ মেয়ে, ১ ছেলে (সঙ্গীতা, রিমঝিম ও তাসবীর)
পুরস্কার : লাল সবুজের পালা
চলচ্চিত্রের জন্য
পেয়েছেন শ্রেষ্ঠ
পরিচালকের
বাচসাস
পুরস্কার। বসুন্ধরা
চলচ্চিত্রে অভিনয়ের
জন্য পেয়েছেন সেরা
অভিনয়শিল্পীর জাতীয়
চলচ্চিত্র পুরস্কার,
২০১৫ সালে আজীবন
সম্মাননা, একুশে
পদক, স্বাধীনতা
পদকসহ পেয়েছেন
অসংখ৵ পুরস্কার। ১৯৬৫ সালে অনেক দিনের চেনা চলচ্চিত্রে
অভিনয় করে পেয়েছেন তৎকালীন পাকিস্তান জাতীয়
চলচ্চিত্র পুরস্কার।