মঞ্চ মাতাল সংলাপ থিয়েটারের ষোড়শী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষোড়শী গড়চণ্ডীর নাটমন্দিরের প্রধান সেবিকা বা ভৈরবী। মন্দিরের দেবীর সেবিকা যেন সাক্ষাৎ আরেক দেবী। অসহায় মানুষজনের শেষ আশ্রয়স্থল তিনি। জীবনের নানা ঘাত–প্রতিঘাতের মধ্য দিয়ে প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে নিজেকে গড়ে তুলেছেন। দেবীর সম্পত্তি রক্ষা করে চলেছেন সব ধরনের লোভ-লালসার ঊর্ধ্বে উঠে। পাশাপাশি মায়ের স্নেহ দিয়ে আগলে রেখেছেন এলাকার অসহায় গিরব কৃষকদের। একসময় হঠাৎই জমিদার জীবানন্দ চৌধুরীর মতো সমাজের ক্ষমতাবান মানুষজনের সঙ্গে ষোড়শীর বিবাদ শুরু হয়। জমিদার চান মন্দিরে ভক্তদের দেওয়া মূল্যবান সোনার গয়না ও জিনিসপত্রের ভাগ। লড়াইটা তুঙ্গে ওঠে তখন, যখন জমিদার জীবানন্দ আসেন গড়চণ্ডীতে। শুরু হয় সত্য–মিথ্যার লড়াই। ঠিক এভাবেই এগোতে থাকে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেনা-পাওনা উপন্যাস অবলম্বনে রচিত নাটক ষোড়শী । শতবর্ষ আগে ভারতবর্ষের সমাজচিত্র কেমন ছিল, এই নাটক যেন সেটা স্পষ্ট করে তোলে দর্শকদের সামনে।
২৯ আগস্ট নান্দীমুখ নাট্যদলের ২৪ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে আয়োজিত তিন দিনের নাট্য উৎসবের উদ্বোধনী দিনে নাটকটি মঞ্চায়ন করে ঢাকার সংলাপ গ্রুপ থিয়েটার। নাটকটি রচনা, সম্পাদনা ও নির্দেশনায় ছিলেন মোস্তফা হীরা।
ষোড়শী নাটকে ষোড়শী চরিত্রে অভিনয় করেছেন আজমেরী সুলতানা। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শাকিল আহমেদ, জামান পারভেজ, রাজীব লোচন মণ্ডল, মোস্তাফিজ রিপন, হাবিবুর রহমান, মিজানুর রহমান, এ টি এম মাসুম, তামান্না মেহের ও কুদরত-ই-খুদা।
নান্দীমুখের এই উৎসব উদ্বোধন করেন কথাসাহিত্যিক রমা চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা হীরা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দীমুখের দলনেতা অভিজিৎ সেনগুপ্ত। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মো. শাহ আলম।
নাটক মঞ্চায়নের পাশাপাশি উৎসব উপলক্ষে শিল্পকলার বহিরাঙ্গনে প্রদর্শিত হয় বিশ্বনাটকের প্রথিতযশা নাট্যকার ও নির্দেশকদের জীবনী সংবলিত চিত্র। বিশ্বনাটকের সঙ্গে দর্শক ও নাট্যকর্মীদের মধ্যে পরিচয়ের নতুন যোগসূত্র তৈরি করতেই নান্দীমুখের এ ধরনের আয়োজন। উৎসবের তিন দিনে তিনটি নাটক প্রদর্শিত হয়। গতকাল ৩০ আগস্ট আয়োজক নান্দীমুখ পরিবেশন করে তাদের নতুন প্রযোজনা তবুও মানুষ । অমল রায়ের কেননা মানুষ অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনায় িছলেন অভিজিৎ সেনগুপ্ত। আজ ৩১ আগস্ট নান্দীমুখ পরিবেশন করবে নাটক ঊর্ণাজাল। নাটকটি রচনা করেছেন বাকার বকুল এবং নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির।