মঞ্চ মাতালেন যাঁরা
দিনের আলো নিভে গেলে জ্বলে উঠল হাজার তারা। আলোর ঝকমকি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ভেতরে-বাইরে। আলো-আঁধারিতে শেষবারের মতো নাচের অনুশীলন করছেন জেকলিন, অনামিকা, পুষ্প, প্রথমা, সংগীতা, ভাস্কর, শরীফ ও অয়নেরা। অনন্য বড়ুয়ার পরিচালনায় প্রাপণ একাডেমির শিল্পীদের ডাক পড়বে প্রথমেই। মঞ্চের পেছনে সাজঘরে নিজেদের সাজাতে ব্যস্ত মডেলরা। প্রায় ২০ জন নারী ও পুরুষ, সাত কিশোরী ও ১২ শিশু ফ্যাশন শোতে অংশ নিয়েছেন। কয়েকজন মডেল ঢাকা থেকে এসেছেন। সবাইকে নিয়ে দারুণ ব্যস্ত কোরিওগ্রাফার অপূর্ব আহমেদ। তিনি বলেন, ‘মিডিয়ার শতকরা ৬০ ভাগ লোক চট্টগ্রামের। তবু চট্টগ্রামের ছেলেমেয়েরা মডেলিংকে পেশা হিসেবে নিতে পারেন না। সুযোগ পান না বলে তাঁদের জন্য ভালো ক্ষেত্র তৈরি হচ্ছে না।’ একই কথা বলেন মডেল সোহাগ। চট্টগ্রামের ছেলে হলেও ২০০৪ সাল থেকে ঢাকায় মডেলিং করছেন। এবার পাঞ্জাবি, টি-শার্ট ও যুগল পোশাকের কিউতে অংশ নিয়েছেন। তিনি বলেন, ‘একজন মডেলকে পোশাক, হাঁটা, ব্যবহার—সব দিক দিয়ে আদর্শ হতে হয়। চট্টগ্রামের মডেলরা ভালো তবে সঠিক নির্দেশনার অভাবে অগ্রসর হতে পারছেন না। এ ছাড়া এখানকার কোরিওগ্রাফিতেও টেকনিক্যাল সমস্যা আছে। ঢাকায় যেরকম সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে নতুন মডেল খোঁজা হয় চট্টগ্রামে সেটা হয় না।’ এবার প্রথম মঞ্চে নামছেন মাইনুদ্দিন ইমন। রেমন্ড আলোকিত ঈদ ফ্যাশন শোতে অংশ নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। ‘চট্টগ্রামে এটাই সবচেয়ে বড় শো। সব মডেল এটার জন্য অপেক্ষা করেন। এখানে অংশ নিতে পারাটা ঈদের আনন্দের মতোই।’ বললেন কাজী মো. শাহ জামান। তিনি পাঞ্জাবি, ফতুয়া ও যুগল পোশাকের কিউতে অংশ নিয়েছেন। শাড়ি, ফতুয়া, সালোয়ার-কামিজ পর্বে অংশ নিতে সাজ নিচ্ছিলেন রুমানা আফরোজ, সাদিয়া সুলতানা, কেয়া চৌধুরী ও সামিয়া আকতার। আগে পোশাক দেখে নিতে পারিনি, তাই বেসিক মেকআপ করেছি। জানালেন তাঁরা। সামিয়া আকতার ঢাকা থেকে এসেছেন। তিনি বলেন, ‘ঢাকার পরিবেশ ও এখানকার পরিবেশ প্রায় একই রকম। কোনো পার্থক্য নেই বলে সমস্যা হচ্ছে না। ছোট-বড় সবাই বন্ধু। আমরা একে অপরের কাছ থেকে কিছু না কিছু শিখছি।’ এবার ছেলেদের মেকআপ, চুলের স্টাইল সব দেখা হচ্ছে বলে জানান কাজী মো. আরমান উদ্দিন রিগেল। তিনি পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ও যুগলে অংশ নেন। এবার ফিউশনে কোনো কিশোর নেই। সবাই কিশোরী। সেন্ট স্কলাস্টিকাস উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মনীষা তালুকদার বড় হয়ে মডেলিংকে পেশা হিসেবে নিতে চায়। গত বছর শিশুদের পোশাকে অংশ নিয়েছিল জান্নাতুল নাঈম ও জেনিফার আহমেদ। দুজনেই বাওয়া স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। এবার কিশোরী হিসেবে অংশ নেবে। তারা জানায়, ‘শিশু থেকে কিশোরী হয়ে বেশ ভালো লাগছে। পরের বার হয়তো নারী মডেলদের পর্যায়ে চলে যাব!’ পিছিয়ে নেই শিশুরাও। ক্যাটওয়াকের স্টাইলে দুলতে দুলতে সাত বছরের সাইমা আবেদিন সিমরাল জানাল, ‘গতবার আমার পোশাক প্রথম হয়েছিল।’ সিজিএস স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী সে। বাওয়া স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তাসনুভা তাসনীম বলল, ‘বন্ধুরা যখন প্রশংসা করে তখন খুব ভালো লাগে। বড় হয়েও মডেলিং করতে চাই।’ অভিভাবকদেরও উৎসাহের কমতি নেই। তাসনুভার মা তাহমিন সুলতানা বলেন, ‘প্রতিবেশী বা আত্মীয়রা যখন বলেন আপনার মেয়েকে টিভিতে দেখেছি—তখন গর্ব অনুভব করি।’