
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনের আলো-আঁধারি পরিবেশ। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ আয়োজিত দশম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসবের পঞ্চম দিনে এই মিলনায়তনে তখন চলছে ৪.৪৮ সাইকোসিস নাটকটি। এর নির্দেশক সাওগাতুল ইসলাম হিমেল। আমরা নাটকটি দেখছি, একজন সংলাপ দিচ্ছেন, ‘দরজা খোলা, পূর্ণ আলো...’
থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নির্দেশকদের প্রযোজনাগুলো নিয়ে সাত দিনের এই উৎসবে এবার স্থান পেয়েছিল সাতটি প্রযোজনা। ‘শিল্পের মুক্ত ভাষা অভিমুখে’ স্লোগানে উৎসবটি ৩ ডিসেম্বর শুরু হয়ে শেষ হয় ৮ ডিসেম্বর।
তো সেই উৎসবের পঞ্চম দিন ৪.৪৮ সাইকোসিস নাটকটি দেখার আগে-পরে কথা হলো এই সাত শিক্ষার্থী নির্দেশকের সঙ্গে। তাঁদের প্রত্যেককেই করলাম একটি প্রশ্ন, নাটকে পড়ালেখা করে কী হয়?
উত্তরে তাঁরা বললেন, নাটক তাঁদের স্বপ্ন দেখতে শিখিয়েছে। সৃজনশীল এই পড়াশোনা তাঁদের শিখিয়েছে মুক্তভাবে ভাবতে। নির্দেশকের মধ্যে একমাত্র নারী সাইমা ফারজানা বলছিলেন, ‘ছোটবেলা থেকেই চাইতাম সৃজনশীল কিছু করতে। এখন অভিনয়ের পাশাপাশি আমি নির্দেশকও হতে চাই। এ ক্ষেত্রে আমি আমার পরিবারের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ, তাঁরা আমাকে সব সময় সমর্থন করেছেন। উৎসবের প্রথম দিন মঞ্চায়িত হয় দ্য বেন্ট। নির্দেশক শাহারুল ইসলাম কাজল। বললেন, ‘থিয়েটার আমাকে সংস্কৃতিমান করেছে।’
দ্বিতীয় দিন থেকে পর্যায়ক্রমে মঞ্চায়িত হয় আরও ছয়টি নাটক। তৃতীয় দিন মঞ্চায়িত ডেথ নকস-এর নির্দেশক নাজমুল হুদা সাকীর ভাষ্য, ‘এ বিভাগে পড়ে আমার চিন্তার জগৎ বড় হয়েছে।’ অন্যদিকে সাওগাতুল ইসলামের মন্তব্যটা চমকপ্রদ, ‘আমার কাছে থিয়েটার হলো সাধনার স্থান আর মঞ্চ সেই সাধনাকে মূর্ত করার জায়গা।’
মঞ্চকে ভিন্ন সংজ্ঞায় বাঁধলেন আরেক নির্দেশক ধীমানচন্দ্র বর্মণ, ‘মঞ্চ আমার কাছে বালির মতো। এটাকে যতভাবেই গড়তে চেষ্টা করি না কেন, অবশেষে ভেঙেই যায়। এর গতিশীলতাকে আটকে রাখার কোনো উপায় নেই।’ তিনি নির্দেশনা দিয়েছেন ব্রাত্য নামে প্রযোজনাটি। বললেন, ‘একজন ভালো নির্দেশকই হলেন সবচেয়ে ভালো অভিনেতা, এটি আমি নাটকে না পড়লে হয়তো বুঝতাম না।’ শিক্ষার্থী নাট্যনির্দেশকদের চিন্তার গভীরতা টের পাওয়া গেল ক্রেভ অ্যান্ড নট ক্রেভ নাটকের নির্দেশক ইশতিয়াক খানের মন্তব্যে। বলছিলেন, ‘নাটকে লেখাপড়া করে মানুষ মানবিক হয়। আজকের পৃথিবীতে মানবিক মানুষের খুব প্রয়োজন।’
উৎসবে প্রদর্শিত সাতটি নাটকের মধ্যে ছয়টিই অনুবাদিত, কেবল ভস্ম নাটকটি মৌলিক। এর রচয়িতা ও নির্দেশক কামরুল ইসলাম। তাঁর ভাবনা একটু অন্য রকম, ‘দেশীয় প্রেক্ষাপটে যা লেখা হয়, তা আমার ভেতরকে যেভাবে স্পর্শ করে, ভিনদেশি কোনো লেখা তা পারে না। যখন শুনি কারও নাম মাইকেল, রবার্ট, এডওয়ার্ড, আমার মনে হয়, সে আমার অপরিচিত। কিন্তু যখন শুনি রহিম বা করিম, আমার মনে হয় সে আমার ভাই, আমার বন্ধু। আমার লেখা নাটকটি শ্মশানঘাটের কাহিনি অবলম্বনে রচিত। এখানে আমি বলেছি সমাজের নিম্নবর্গের এমন মানুষের গল্প, যারা অধিকারবঞ্চিত। কিন্তু মানুষ হিসেবে মৌলিক অধিকারগুলো ওদেরও সমানভাবে প্রাপ্য। সমাজের এই স্তরের মানুষগুলোর জন্য নাটকের মাধ্যমে ভালো কিছু করতে চাই আমি।’
থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী বলেন, শিক্ষার্থীরা মোট ২৪টি নাটক তৈরি করেছিল। তার মধ্যে উৎসবে মঞ্চায়নের জন্য সাতটি নির্বাচিত হয়েছে। নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি-বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান।