মঞ্চমুকুট প্রযোজনা ‘প্রথম পার্থ’
কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে রাত পোহালে। রাজ্যজুড়ে টানটান উত্তেজনা। পাণ্ডব ও কৌরবপক্ষ মুখোমুখি হতে তৈরি। একদিকে অর্জুন, অন্যদিকে কর্ণ। দুইজনই কুন্তী দেবীর সন্তান। দুই সন্তানের এই ঘোরতর বিপদে ছুটে আসেন মা। কর্ণকে নিবৃত্ত করার চেষ্টা বিফল হলো মায়ের। অবশেষে তিনি বলতে বাধ্য হলেন, ‘তুমি আমাকে উপেক্ষা করলে কর্ণ।’ এরপর কর্ণের কাছে এলেন দ্রৌপদী। ১৩ বছরের মান-অভিমানের পালা শেষে শুরু হলো তাঁদের আসল কথামালা। কর্ণ জানান, ‘আমিও মনে মনে ভাবি, আমি কে?’ দ্রৌপদীর জবাব, ‘তোমাকে মাঝেমধ্যে অর্জুনেরই আত্মীয় মনে হয়।’ কর্ণের দৃপ্ত উচ্চারণ, ‘আমার অন্ধ উচ্ছ্বাসের অর্থ সেদিন কেউ বোঝেনি।’ দ্রৌপদীর মিনতি, ‘আমি তোমার বন্ধুতা চাই।’ অবশেষে শান্তির বাণী নিয়ে এলেন কৃষ্ণ। দুইজনের উত্তপ্ত বাক্য বিনিময় হলো—‘আমি স্বাধীন, আমি নিশঙ্ক।’ ‘ক্ষণস্থায়ী কোরো যুদ্ধ, নিশ্চিত কোরো শান্তি।’ না, কর্ণকে নিবৃত্ত করতে পারেননি কেউ। কৃষ্ণ বাধ্য হয়ে বলেন, ‘তুমি কি আরেকবার ভেবে দেখবে?’ পরে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। মহাভারত-এর অমর কাহিনি অবলম্বনে কুরুক্ষেত্রের যুদ্ধের আগের দিনের ঘটনাবলি নিয়ে সম্প্রতি মঞ্চমুকুট মঞ্চস্থ করে প্রথম পার্থ। এটি ছিল ১৮তম প্রযোজনা। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে দারুণ জমেছিল নাটকটি।নাটকের প্রতিটি মুহূর্তে ছিল শঙ্কা, উদ্বেগ, আবেগ, উচ্ছ্বাস, প্রতিজ্ঞা, আকুতি আর প্রেম। মূলত যুদ্ধের ক্ষতিকর দিক তুলে ধরে শান্তি প্রতিষ্ঠার চেষ্টাই করেছে মঞ্চমুকুটের সদস্যরা। নাটকের নির্দেশনা দেন সুচরিত খোকন। আবহ সংগীত পরিচালনা করেন সুজিত চক্রবর্তী। এতে অভিনয় করেন রূপেশ কান্তি দে, শহীদুল আলম, ওয়াহিদুর রহমান, সীমা দাশ, ইন্দিরা চৌধুরী, মহেশ্বেতা দাশগুপ্তা, বাবুল কান্তি দে, ঋতুপর্ণা সেনগুপ্তা প্রমুখ।