কবিতার মায়াজালে আবিষ্ট শ্রোতা। শিল্পীর কণ্ঠে কখনো প্রেম কখনো দ্রোহ কিংবা বারুদের স্ফুলিঙ্গ। ৫ জুন নগরের থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি মিলনায়তনে বসেছিল কবিতা পাঠের আসর। তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজনে অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘মঞ্চে এক ঘণ্টা’। ইভা চৌধুরী, আলাউদ্দীন মজুমদার ও স্বপ্নীল বড়ুয়া আবৃত্তি করেন বরেণ্য কবিদের কবিতা।
সন্ধ্যা সাড়ে ছয়টায় আয়োজনের সূচনা হয় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। উদ্বোধন করেন নাট্যজন সাইফুল আলম ও আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।
শ্রাবণী দাশগুপ্তার সঞ্চালনায় একক পরিবেশনার শুরুতে আলাউদ্দীন মজুমদার পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পরিচয়’ কবিতাটি। এ ছাড়া তাঁর পরিবেশনায় ছিল নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা উলঙ্গ কিশোর’, ফজলে লোহানীর ‘একুশের কবিতা’, কাজী নজরুল ইসলামের ‘অভিশাপ’, সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ ও আসাদ বিন হাফিজের ‘কষ্টের লোবান’। ইভা চৌধুরীর পরিবেশনায় ছিল রামচন্দ্র পালের ‘বর্ষা রাতে’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কুয়োর ধারে’, কাজী নজরুল ইসলামের ‘কবি ও রাণী’, শামসুর রাহমানের ‘পান্থজন’, হেলাল হাফিজের ‘নাম ভূমিকায়’ ও মারুফ রায়হানের ‘সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ’। স্বপ্নীল বড়ুয়া পরিবেশন করেন সুবোধ সরকারের ‘দুব্বো’, কাজী নজরুল ইসলামের ‘হিন্দু-মুসলমান’, পূর্ণেন্দু পত্রীর ‘সেই গল্পটা’, আবু হেনা মোস্তফা কামালের ‘ছবি’, প্রতুল মুখোপাধ্যায়ের ‘বাংলার গান গাই’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অনন্ত প্রেম’ ও হুমায়ুন আজাদের ‘শুভেচ্ছা’। শেষে শিল্পীরা নির্মলেন্দু গুণের ‘ক্ষেতমজুরের কাব্য’ কবিতাটির বৃন্দ পরিবেশনার মাধ্যমে ইতি টানেন অনুষ্ঠানের।