
মোগল সাম্রাজ্য থেকে আজকের বাংলাদেশ। পেরিয়েছে অনেকটা সময়। বদলেছে অনেক শাসক। ঘটেছে নানা ঘটনা। এসব পরিবর্তন যেন একসুতোয় গাঁথা। কালের পরিক্রমায় সেই সুতোয় যুক্ত হয়েছে একেকটি ফুল আর তৈরি হয়েছে ইতিহাসের মালা। সেই মোগল সাম্রাজ্য থেকেই যুগে যুগে ধর্মকে নিজেদের হাতিয়ার বানিয়ে আসছে শাসকগোষ্ঠী। কিন্তু লোকজন এসব দেখেও না দেখার ভান করে। সবাই নিজেকে কানা ভাবতে ভালোবাসে। এটিই কানার হাটবাজার নাটকের মূল বিষয়।
২২ আগস্ট সন্ধ্যায় নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ছিল এ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন। নাটকটির গল্প ও নাট্যরূপ রচনা করেছেন মোকাদ্দেম মোরশেদ। নির্দেশনায় ছিলেন মোসলেম উদ্দিন সিকদার।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পালা করে বেড়ানো একটি পালার দলকে কেন্দ্র করে আবর্তিত হয় নাটকের কাহিনি। দেখা যায়, এ পালার দলের অভিনেতা-অভিনেত্রীরা নতুন নাম ব্যবহার করে দলে কাজ করে। তবে তাদের নাম কোনো মানুষের নামে নয়। ফল, ফুল ও বৃক্ষের নামে রাখা হয় তাদের নাম। এমন নামকরণের একটা যুক্তিও আছে। মানুষের নাম দিয়ে তার ধর্ম চেনা যায়। কিন্তু গাছপালার কোনো ধর্ম হয় না, তাই হয় না কোনো সংঘাত। এ দলের বর্তমান প্রযোজনাটির নাম ‘অরুণবালা’। কিন্তু এ প্রযোজনা দেখে এক বায়নাদার পালা দলের অধিকারীকে বলে, এ প্রযোজনার পুরো কাহিনি তার জানা। তাই অধিকারীকে নতুন একটি পালা লিখতে বলেন বায়নাদার।
নতুন পালা লেখার দায়িত্ব পড়ে পালা দলের লেখক কোলকের হাতে। কোলকে লেখা শুরু করে ‘শীলা দেবীর ঘাট’। এটি লিখতে গিয়ে কোলকের লেখায় চলে আসে সম্রাট আকবর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দেশভাগ আর জিন্নাহ। আর এতে দেখানো হয় কীভাবে নানা সময়ে বিভিন্ন শাসকগোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলে ধর্মের নামে অধর্ম করে বেড়িয়েছে। প্রতিটি সময়ে কীভাবে ধর্মের দোহাই দিয়ে মানুষে মানুষে সৃষ্টি করা হয়েছে বিভেদ। আর এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনি। নাটকটির মঞ্চ পরিকল্পনায় আলী আহমেদ, পোশাক পরিকল্পনায় কঙ্কণ দাশ এবং সুর ও আবহসংগীতে ছিলেন মঈনুদ্দিন।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মো. সাইফুল ইসলাম, তৌহিদ হাসান, সিরাজাম মুনীরা, সুমন বড়ুয়া, বিটু ভৌমিক, শাহীনুর সরওয়ার, ইশরাত নূর, তাপস মাহমুদ প্রমুখ।