মঞ্চে দর্শক মাতানোই তো শিল্পীর বাহাদুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী তাসনিম আনিকার বেড়ে ওঠা চট্টগ্রামে। এখন থাকেন ঢাকায়। পাদপ্রদীপের আলোয় আসেন সংগীত রিয়্যালিটি শো ‘পাওয়ার ভয়েস’ দিয়ে। ২০১২ সালে এই প্রতিযোগিতায় ছিলেন সেরা দশে। এখন সমানে মাতিয়ে চলেছেন মঞ্চ। সম্প্রতি গান নিয়ে ঘুরে এসেছেন ইন্দোনেশিয়ার বালি। অবশ্য তঁার আরেকটি পরিচয় তিনি পোশাক ডিজাইনার। গত শুক্রবার প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে কথা হয় তঁার সঙ্গে

তাসনিম আনিকা l প্রথম আলো
তাসনিম আনিকা l প্রথম আলো

শুরুতে ইন্দোনেশিয়া সফর
এটা আমার জন্য দারুণ ব্যাপার। গান নিয়ে প্রথম দেশের সীমানা ছাড়িয়ে যাওয়া। এত দিন দেশের মধ্যে মঞ্চে ও বিভিন্ন বেসরকারি টেলিভিশনে অনুষ্ঠান করেছি। ইন্দোনেশিয়ায় যাওয়ার আগে ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। এটি ছিল সিম্ফোনি এডিশন কোম্পানির অনুষ্ঠান। গত ১৮ ফেব্রুয়ারি বালির একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয় কনসার্ট। মজার ব্যাপার, অনুষ্ঠানে যোগ দেওয়া সবাই ছিলেন বাঙালি। আসরও জমিয়েছি বাংলা গানে। আমার সঙ্গে ছিলেন গায়ক শুভ দ্য রকস্টার। দর্শকেরা বেশি মজা করেছেন ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গানের সঙ্গে। গানটির সঙ্গে পুরো মিলনায়তনই যেন নেচেছে। আমার নিজেরও বেশ ভালো লেগেছে।
এবার কাজের খবর
নিজের একক অ্যালবামের কাজ এগিয়ে নিচ্ছি। এ বছরের শেষ দিকে অথবা আগামী বছরের প্রথমে বাজারে আসতে পারে। গত বছর প্রকাশিত হয়েছে প্রথম মিউজিক ভিডিও। ‘ইচ্ছেরা’ শিরোনামের গানটিতে ভালো সাড়া পেয়েছি। এটির সুর করেছেন মীর মামুন। গানের কথা ইফতেখার সুজন ও ভিডিও পরিচালনা করেছেন মঞ্জু আহমেদ। এখন মঞ্চের অনুষ্ঠানে বেশি ব্যস্ত সময় কাটছে। সপ্তাহের তিন থেকে চার দিন অনুষ্ঠান থাকছে। দম ফেলারও যেন ফুরসত মিলছে না। আমার মঞ্চের অভিজ্ঞতাটাও দারুণ। ঢাকায় অনুষ্ঠিত ভারতের নামী গায়িকা নেহা কক্করের কনসার্টে গান করার সুযোগ হয়েছে আমার। ৩১ মার্চ শ্রেয়া ঘোষালের কনসার্টেও গান করব। বড় আয়োজনে গান করার এই সুযোগ আমার আত্মবিশ্বাস দৃঢ় করছে। আমার নিজেরও সারাক্ষণ মঞ্চ মাতাতে ভালো লাগে। মঞ্চে দর্শক মাতানোই তো শিল্পীর বাহাদুরি। এদিকে চলচ্চিত্রেও গান করছি। কয়েকটি ছবিতে গান করেছি। পাশাপাশি অনলাইনেও কিছু কাজ করছি।
অনলাইনে গান?
কিছুদিন আগে ইউটিউবে তাসনিম আনিকা নামে একটি চ্যানেল খুলেছি। এটি গোছানোর কাজ চলছে। এতে নতুন কিছু গান ও শ্রোতাদের জন্য নানা চমক থাকবে। এখনই সব খুলে বলছি না।
গোড়ার কথা
আমার গানের শুরু ছোটবেলা থেকে। বাবা মঈন উদ্দিন আহমেদ ছিলেন চট্টগ্রামের এক সময়ের জনপ্রিয় ব্যান্ডদল জেমিং এর ভোকাল। বাবা যখন বাসায় রেওয়াজ করতেন, তখন পাশে বসে শুনতাম। তা ছাড়া বাবার সঙ্গে কনসার্টে যাওয়া হতো। এভাবে একদিন বাবা সুর তুলে দিলেন। অবশ্য আমার মা নাসরিন আকতারের সহযোগিতা ছিল, এখনো আছে। তিনি পেশায় শিক্ষিকা হলেও গানের ব্যাপারে ছাড় দেন শতভাগ। আমাকে সব সময় উৎসাহ জোগান। তবে আমি পড়াশোনায় ফঁাকি কম দিই। সেটাও ঠিকভাবে চালাচ্ছি। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছি। এমবিএতে ভর্তি হব।
গান তো হলো, পোশাক ডিজাইনিং?
এটা আমি করি শখের বসে। নিজের পোশাক ডিজাইন করতে গিয়েই ফ্যাশন ডিজাইনিংয়ে পা বাড়িয়েছি। নিজেকে পরখ করার জন্য বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। চট্টগ্রামে ফ্যাশনের জগতের বড় আয়োজন ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ফ্যাশন প্রতিযোগিতায় পুরস্কার জিতেছি। কিন্তু গানের জন্য পুরোপুরি সময় দিতে পারিনি। ভাবছি ওই দিকেও সময় দেব।
ভবিষ্যতে কোন পথে এগোবেন?
গান তো থাকবেই। তবে আমার ইচ্ছা চলচ্চিত্রের গানে বেশি সময় দেওয়া। গানের মধ্যে এই ব্যাপারটি আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়। একটি চরিত্রের সঙ্গে মিশে গান করতে হয়।
কথোপকথন : আশরাফ উল্লাহ