
কয়েক শ বছর আগের গল্প। ডক্টর ফস্টাস নামের এক উন্মাদ ব্যক্তিত্বের যুদ্ধে নেমেছিল দুষ্ট লুসিফারের সঙ্গে। মধ্যযুগের আলোচিত লেখক ক্রিস্টোফার মার্লোর বিখ্যাত নাটক দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অব দ্য লাইফ অ্যান্ড ডেথ অব ডক্টর ফস্টাস। এ নাটকের কেন্দ্রীয় চরিত্রই ডক্টর ফস্টাস, সেই চরিত্রের দেখা পেলাম ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নাট্য উৎসবে।
৪ থেকে ১১ আগস্ট ইস্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে নাট্য উৎসবের আয়োজন করেন। বিশ্ববিদ্যালয়ের থিয়েটার গ্যালারিতে প্রদর্শিত হয়েছে মোট ৩০টি নাটক। নাটকের সংখ্যাই বলে দিচ্ছে, উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্ববিদ্যালয়ে। একদিকে মহড়া, অন্যদিকে চরিত্রের সাজ বুঝে পোশাক পরা, রূপসজ্জা, মঞ্চ তৈরি, শব্দ ব্যবস্থাপনা—সব মিলিয়ে রাজ্যের কাজে বেশ কয়েক দিন ব্যস্ত ছিলেন শিক্ষার্থীরা।
ইংরেজি বিভাগের তাসনিয়া নাবিলা, তাহনিয়া অশ্বীন, পিংকি সানোয়ার, সুমাইয়া ইউসুফসহ অনেকেই অভিনয় করেছেন। নুজহাত আহমেদ প্যারাডাইজ লস্ট নাটকে ব্যারন চরিত্রে অভিনয় করেছেন। নুজহাত বলেন, ‘চরিত্রটা পুরুষ ছিল বলে নারী হয়ে পুরুষের সাজপোশাক নিয়ে অভিনয়ের চেষ্টা করেছি। মজাও পেয়েছি খুব।’ অন্যদিকে বেলিন্ডা চরিত্রে অভিনয় করে সুমাইয়া দারুণ উচ্ছ্বসিত। বলছিলেন, ‘মঞ্চে অভিনয় অনেক কঠিন। তা-ও কয়েক শ লোকের সামনে সাহসের সঙ্গে দাঁড়াতে পেরে ভালো লাগছে।’
‘অভিনয়শিল্পী’ শিক্ষার্থীরা যেমন ব্যস্ত ছিলেন, তেমনি ব্যস্ততা তাঁদের শিক্ষক আর বন্ধুদেরও। নাটকের পোস্টার বানানো, বন্ধুর জন্য পোশাক-কস্টিউম জোগাড় করতে নিউমার্কেট-নীলক্ষেত-কাঁটাবন ঘুরে ঘুরে ক্লান্ত হয়েছেন অনেকেই। একদিকে পড়ার চাপ, অন্যদিকে নাটকের ডাক। দম নেওয়ারও ফুসরত মিলছিল না কয়েকটা দিন।
নাটকে অভিনয়ের সাহস না থাকলেও দেখার জন্য সারাক্ষণই মিলনায়তনের আশপাশে ঘুরঘুর করছিলেন ফারহানা রহমান, যারিন তাসনিম, দীপ্ত আর হাসান। ফারহানা বললেন, ‘নিজের অভিনয়ের সাহস তো নাই, তাই যে বন্ধুরা নাটকে অভিনয় করছে, তাদের উৎসাহ দেওয়ার জন্যই সারাক্ষণ ছিলাম।’
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আরাফাত নোমান বলেন, ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মনন বিকাশের জন্য প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। হাতে-কলমে মঞ্চ সম্পর্কে ধারণা দিতেই এই নাট্য উৎসব আয়োজন করে শিক্ষার্থীরা।’ শুধু কি নাটক? ক্যাম্পাস ঘুরে দেখা গেল সেলফি তোলারও হিড়িক পড়ে গেছে। নাটকের চরিত্রের সাজ নেওয়া বন্ধুদের সঙ্গে ছবি তোলার সুযোগ মিস করছিলেন না কেউ। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল ইস্ট ওয়েস্টের পুরো ক্যাম্পাসে।