‘নিজের ভেতর বিভিন্ন চরিত্রকে ধারণ করতে করতে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, যে বোধ ও উপলব্ধি তৈরি হয়েছে আমার মধ্যে, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এই যে আমি একটা মানুষ বিভিন্ন চরিত্রের মধ্যে ফুটে উঠছি, তার চেয়ে বেশি রোমাঞ্চকর অন্য কিছু আছে বলে আমার মনে হয় না। আমি আমার সন্তানদের মতোই মঞ্চের জন্য হূদয়ের সবচেয়ে ওপরের স্থানটি গচ্ছিত রেখেছি।’ জীবনকে নাটকের সঙ্গে মিশিয়ে ফেলার গল্পগুলো এভাবেই বলছিলেন সাবিরা সুলতানা। মঞ্চে যিনি বীণা নামেই পরিচিত। নগরের আগ্রাবাদ মসজিদ কলোনিতে বেড়ে ওঠা সাবিরা ছোটবেলা গান শিখতেন। একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হওয়ার সুযোগ পেয়েছেন। ছোটদের সংগঠন কচিকাঁচার আসর, নওজোয়ান ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। বেতারেও অনুষ্ঠান করেছেন। খেলতে খেলতেই নানা অনুষ্ঠান করতেন। ১৯৮৩ সালে জীবনের প্রথম নাটকটি করেছিলেন নওজোয়ান ক্লাব থেকে মুনতাসির ফ্যান্টাসি। তখন তিনি একাদশ শ্রেণীর ছাত্রী। সে বছরই অরিন্দম নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন। বীণা বলেন, ‘আমি আসলেই অনেক ভাগ্যবান। মা-বাবার কাছ থেকে সে সময় সবকিছু করার স্বাধীনতা পেয়েছিলাম। আর এখন এই বয়সে সন্তানদের কাছ থেকেও সহযোগিতা পাচ্ছি।’পরিবারের এই সমর্থনের কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি। বললেন একদিনের অভিজ্ঞতার কথা, ‘একবার ঝড়ের দিনে নাটকের মহড়া থেকে ফিরতে ফিরতে আমাদের অনেক রাত হয়ে গেল। সঙ্গে ছিল আমার স্বামী মুনির হেলাল। মেয়ের বয়স তখন ১০। ছেলের ছয়। একে তো সেদিন খুব ঝড় ছিল, আবার বিদ্যুৎও ছিল না। মেয়ে ও কাজের মেয়ে ঘুমিয়ে পড়েছিল আর আমার ছেলে একটা মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতর পায়চারি করছিল আমাদের দরজা খুলে দেবে বলে। ছেলে এখন বড় হয়েছে। অনার্স তৃতীয় বর্ষে পড়ছে। ঘটনাটির কথা প্রায়ই মনে পড়ে।’বীণার অভিনীত নাটকের তালিকা বেশ দীর্ঘ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অরিন্দমের ‘লালসালু, ফলাফল নিম্নচাপ, রাইফেল, পাপপুণ্য, তোরা সব জয়ধ্বনি কর, ভোলা ময়নার বায়োস্কোপ। শব্দ নাট্য সম্প্রদায় থেকে জীবন যেমন, প্রতিভাস নাট্য সম্প্রদায়ের জায়াপ্রজায়িনী, চোপ আদালত চলছে। একাডেমিক অব পারফরমিং আর্ট থেকে মেঘ, গোধূলির আলো। পাপপুণ্য-এর অন্নপূর্ণা, লালসালুর রহিমা তাঁর প্রিয় চরিত্র। লালসালু নাটকটি দেশে-বিদেশে বেশ সুনাম কুড়িয়েছিল। এ নাটকটি নিয়ে এক মজার স্মৃতির কথা বললেন বীণা, ‘নাটকের প্রদর্শনী করতে একবার কলকাতা গেলাম। বিদেশের মাটিতে অভিনয় করা—এ নিয়ে সবার মধ্যে প্রবল উত্তেজনা। সে নাটকে মজিদের চরিত্রে অভিনয় করেছিলেন আকবর রেজা। তিনি প্রদর্শনীর আগে কণ্ঠ ঠিক রাখতে গারগেল করবেন গরম পানি দিয়ে। প্রদর্শনীর আগে দেখা গেল যাঁদের অভিনয়ে কোনো সংলাপ নেই, তাঁরাই গারগেল করতে ব্যস্ত হয়ে গেলেন। এ ঘটনাটি মনে পড়লে এখনো হাসি পায়।’পেশায় শিক্ষক বীণা জরিনা মফ্জল সিটি করপোরেশন ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক। এখন কাজ করছেন মুনির হেলাল নির্দেশিত তারাশঙ্করের কবি নাটকে।অনেক চরিত্রে অভিনয় করলেও অতৃপ্তিটা রয়েই গেছে তাঁর মধ্যে। সব সময় মনে হয় আরও ভালো করতে পারতেন। তবে পাপপুণ্য নাটকের যেদিন ২৫তম প্রদর্শনী শেষ হয়, সেদিন মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করেছিল। সেদিন মনে হয়েছিল, ‘আমি আমার ভিতর অন্নপূর্ণাকে ধারণ করতে পেরেছি একটা ভালোলাগা কাজ করেছিল। গোধূলির আলোতেও সে রকম একটি ধাপ পেরিয়েছি।’ যেদিন একটি নতুন নাটকের মহড়া হয়, সেদিন তার ভেতর অন্য রকম আনন্দ কাজ করে। নতুন চরিত্রটি নিয়ে বিভিন্ন ভাবনা শুরু হয়। সেদিন থেকেই কল্পনায় মঞ্চের ওপর চরিত্রটিকে দেখতে শুরু করেন। মঞ্চের বাইরে টিভি নাটক ছাড়া অন্য মাধ্যমেও কাজ করেছেন বীণা। ডাক আসে টিভিতে অভিনয়ের জন্য। কিন্তু সেখানে তেমন আনন্দ পান না তিনি। মঞ্চের সাথে জীবনটা জড়িয়ে গেছে। বাকি জীবনটাও মঞ্চের সঙ্গে যুক্ত থাকার কথা দৃঢ় কণ্ঠে বললেন তিনি, ‘মঞ্চেই পেতেছি সংসার, যত দিন বেঁচে আছি মঞ্চেই থেকে যেতে চাই।’