
ইংরেজ শাসকদের বিরুদ্ধে তখন লড়ছে পরাধীন ভারবের্ষের মানুষ। গড়ে উঠছে অনুশীলন সমিতি ও বিপ্লবী দল। তেমন একটা বিপ্লবী দলের সদস্য এলা সেন স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত। কিন্তু সেখানে প্রকৃতির অমোঘ নিয়মে প্রেম এসে উপস্থিত হয়। স্বাধীনতা বা বিপ্লবের মতো স্বপ্ন কী করে বদলে যায় জীবনের সহজ–সাধারণ দাবির কাছে, এলা ধীরে ধীরে আবিষ্কার করে সেই সত্য। আর লড়াইটা যে শেষ পর্যন্ত পুরুষের, এই বেদনাদায়ক সত্যও উপলব্ধি করে সে শেষ পর্যন্ত।
রবীন্দ্রনাথের কালজয়ী উপন্যাস চার অধ্যায় অবলম্বনে নির্মিত এই নাটকের দ্বন্দ্বমুখর কাহিনির মুখোমুখি হলো চট্টগ্রামের দর্শকেরা। ২১ আগস্ট সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চার অধ্যায় মঞ্চে পরিবেশন করে কথক নাট্য সম্প্রদায়। উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন শম্ভু মিত্র। নির্দেশনা দেন বিক্রম চৌধুরী।
চার অধ্যায় প্রকাশের পরপরই আলোচিত-সমালোচিত হয়েছিল। জাতীয়তাবাদ যে কখনো কখনো মানবিকতার পথকে রুদ্ধ করে, নাটকে অতীন্দ্রের হাতে এলার খুন হওয়ার মধ্য দিয়ে সেটাই প্রতিষ্ঠিত হয়। নানা ঘাত-প্রতিঘাতে ভরা এই কাহিনির রূপায়ণ মঞ্চে সহজসাধ্য নয়। তবু এই কঠিন কাজ করে দেখিয়েছেন কথকের কুশীলব।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহীন চৌধুরী, বেদারুল হোসেন, কেয়া রায়, বিক্রম চৌধুরী, কেশব রায় ও জানে আলম। প্রযোজনা অধিকর্তা ছিলেন দেবাশীষ ভট্টাচার্য। নাটকের মঞ্চ ও আলোক পরিকল্পনায় ছিলেন বিক্রম চৌধুরী।