মঞ্চে হুমায়ূন আহমেদের ‘১৯৭১’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন পর নগরের সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী দর্শকদের কাছে আবারও হুমায়ূন উপলক্ষ হয়ে এলেন। তাঁর রচিত নাটক ১৯৭১ মঞ্চায়ন করেছে তারুণ্যনির্ভর দল অনাদিকল্প। প্রিয় লেখকের নাটক দেখার জন্য সেদিন হাজির হয়েছিলেন বহু দর্শক। শিল্পকলা একাডেমী মিলনায়তনে তিল ধারণের জায়গা ছিল না। ২১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে মাসউদুর রহমানের নির্দেশনায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়।মুক্তিযুদ্ধে এ দেশের সাধারণ মানুষের আত্মত্যাগের এক অনন্য দলিল বলা যায় ১৯৭১ নাটকটিকে। নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম রফিক, ময়মনসিংহের নীলগঞ্জ নামের একটি গ্রামের সাধারণ লজিং শিক্ষক। গ্রামে হানাদার বাহিনী প্রবেশ করলে হঠাৎই সাহসী হয়ে ওঠেন রফিক। হানাদার বাহিনীকে কৌশলে ভুলিয়ে তিনি নিয়ে যান গ্রামের একটি নির্দিষ্ট স্থানে। সেখানে পাকিস্তানি বাহিনী, ইপিআর বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়ে এবং সম্মুখযুদ্ধে পরাজিত হয়। হানাদার বাহিনীর এভাবে পরাস্ত হওয়ার পেছনে ছিল রফিকের সাহসী ভূমিকা। কিন্তু ইপিআর বাহিনী আসার আগেই পাকবাহিনী হত্যা করে রফিককে।এমন মর্মস্পর্শী আত্মত্যাগের কাহিনি দর্শকের হূদয় ছুঁয়ে যায়। তারুণ্যনির্ভর দল অনাদিকল্পের তরুণ সদস্যরা ভালো অভিনয় করেছেন। তবে বেশ কয়েকজন কুশীলবের সংলাপ স্পষ্ট শোনা যায়নি।নাটকটির নির্দেশনা, দৃশ্যনির্মাণ, আলোক ও পোশাক পরিকল্পনায় ছিলেন মাসউদুর রহমান। আলোক প্রক্ষেপণে আসবাবীর রাফসান, অঙ্গসজ্জায় শাহীনূর সারোয়ার, মিলনায়তন ব্যবস্থাপনায় মঈদ উদ্দিন তৌহিদ ও শোয়েবুল করীম। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আলী রেজা. সাদিয়া আফরিন, নিবেল চৌধুরী, রাহুল রায়, ফজলে ইমতিয়াজ, অনন্যা বিশ্বশর্মা, আসমা সাদেকা, শাকুর শাহরিয়ার, রাফসান গালিব, রোকন জাবেদ, ইফাত ইমতিয়াজ, সাইফুল্লাহ শাকিল ও আবদুল্লাহ ওমান।