
পুরুষ শাসিত সমাজে এখনো পরাধীন নারী। তার আত্মসম্মানবোধ পিষ্ঠ হয় পুরুষের পদতলে। সমাজ বাস্তবতার এ চিত্র নিয়ে নির্মিত মঞ্চমুকুট নাট্যসম্প্রদায়ের নাটক পুতুল খেলা। নাটকটি মঞ্চমুকুটের ১৫তম প্রযোজনা। ২২ মে এ নাটকের ৪৫তম মঞ্চায়ন হয় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে। হেনরিক ইবসেনের ডলস হাউস অবলম্বনে রচিত এ নাটকটি রূপান্তর করেছেন শম্ভু মিত্র। নির্দেশনায় ছিলেন সুচরিত দাশ।
একটি মধ্যবর্তী পরিবারের টানাপোড়েনের চিত্র নিয়ে আবর্তিত হয়েছে নাটকের কাহিনি। শুরুতে দেখা যায়, স্বামী-স্ত্রী, তাঁদের দুই সন্তান আর ভৃত্যকে নিয়ে মধ্যবর্তী একটি পরিবারের সুখী জীবনের চিত্র। স্বামী তপন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বদলে যায় দৃশ্যপট। স্বামীর চিকিৎসার জন্য কেষ্টপদের কাছ থেকে টাকা ধার নেয় স্ত্রী বুলু। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে তপন। সুস্থ হওয়ার পর তপন যখন জানতে পারে টাকা ধার করে তাঁর চিকিৎসা করানো হয়েছে তখনই স্ত্রীর ওপর খেপে যায় সে। বারবার তপনের হাতে অপমানিত হতে হয় বুলুকে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুচরিত দাশ, ঋতুপর্ণা সেনগুপ্তা, পহেলি দে, রূপেস কান্তি দে, শহিদুল আলম, স্নেহাশ্বেতা দাশ গুপ্ত, ঋতিসা দত্ত ও জুয়েল ধর।