মঞ্চের আলোয় একটা জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫ বছর আগের কথা। শুভ্রা বিশ্বাস তখন নবম শ্রেণীর ছাত্রী। থাকতেন পাথরঘাটায়। পাড়ায় নাটক হচ্ছে। কল্যাণ মিত্রের জবাবদিহি। নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করার কথা ছিল অঞ্জু ঘোষের। কিন্তু নানা কারণে তিনি এলেন না। শেষ পর্যন্ত ভরসা পাড়ার ডানপিটে মেয়ে শুভ্রাই। ডানপিটে হলেও তাঁর মধ্যে একটা জেদ ছিল। কোনো কাজে হাত দিলে তা শেষ করা চাই-ই চাই। জবাবদিহি নাটকে অভিনয় করেই ছাড়লেন। সেই যে শুরু আর থামেননি। নিছক ভালো লাগা থেকেই নাটকে আসা, সেই ভালোলাগা যে কখন গভীর ভালোবাসায় পরিণত হলো তা যেন তিনি নিজেই জানেন না। গ্রুপ থিয়েটারে আসেন নাট্যজন মিলন চৌধুরীর হাত ধরে ১৯৭৮ সালে। নাটকের দল গণায়ন, অঙ্গনের সঙ্গে কাজ করেছেন এখন কালপুরুষের সঙ্গে যুক্ত আছেন। মহেশ, নবজন্ম, বাজল রাজার বারটা, ইনফরমার, জুলিয়াস সিজারের শেষ সাত দিন এর মতো সাড়াজাগানো নাটকে অভিনয় করেছেন। ইদানীং দলের সঙ্গে নিয়মিত কাজ না করলেও একক অভিনয় করে যাচ্ছেন তিনি। শুভ্রা বলেন, ‘থিয়েটার তো অনেক কিছুর সমন্বয়ে হয়, এটা একটা দলগত বিষয়, বর্তমানে ওভাবে থিয়েটার করা হয়ে উঠছে না, তাই একক অভিনয় শুরু করেছি। যেভাবে হোক নিজের মধ্যে থিয়েটারকে ধরে রাখতে চাই, থিয়েটারের মধ্যেই বেঁচে থাকতে চাই।’ কয়েক দিন আগে কানাডায় আমি বীরাঙ্গনা বলছি অভিনয় করে এসেছেন। খুব সাড়া পেয়েছেন। তিনি যেখানেই যান মুক্তিযুদ্ধকে তুলে ধরার চেষ্টা করেন। শুভ্রা জানান, একবার পান্থজনে আমি বীরাঙ্গনা বলছি করার পর মেয়েরা তো বলেছেই, ছেলেরাও এসে বলছিল, ‘দিদি আমাদের খুব কষ্ট হচ্ছিল একদম নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল...।’শুভ্রা বলেন, ‘এই যে দর্শকের প্রতিক্রিয়া এটাই আমার কাছে বিশাল পাওয়া, কোনো পুরস্কারেও এ তৃপ্তি আসবে না। তবে তা আমি একদিনে পাইনি, এটা আমার দীর্ঘদিনের অনুশীলনের ফল। সংসারের কাজে বাচ্চারা যখন ছোট তখন মঞ্চ থেকে কিছুদিন দূরে ছিলাম। কিন্তু প্রতিটা মুহূর্তেই নিজেকে তৈরি করেছি। একেকটা চরিত্রকে ধারণ করতে আমার বছর দু বছর সময়ও লেগে যায়। এখনো মঞ্চে উঠতে আমার বুক কাঁপে। কিন্তু একবার উঠে গেলে নিজের সত্তার কথা ভুলে যাই, মিশে যাই সেই চরিত্রের সঙ্গে।’ নানা সীমাবদ্ধতা, নানা প্রতিকূলতার ভেতর দিয়ে নাটক করতে হলেও মঞ্চের প্রতি তাঁর ভালোবাসা যায়নি কখনো। নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে শুভ্রা জানান, একবার ঢাকায় আন্তর্জাতিক থিয়েটার উৎসবে গেছেন কুন্তল বড়ুয়ার এই ঘর এই বসতি নিয়ে। নাটকের শুরুতেই বিদ্যুৎ বিভ্রাট। শুধু একটি লাইট জ্বলছে। নাটক হবে কি হবে না এ রকম সংশয়। এ অবস্থায় শুভ্রার দৃপ্ত ঘোষণা—‘প্রয়োজনে মোমবাতির আলোয় অভিনয় করব। এতগুলো লোক এত কষ্ট করে এসেছি নাটক ফেলে যাব?’ করলেনও তাই। দর্শকও নাটক দেখেছে। এ নিয়ে পরের দিন পত্রপত্রিকায় অনেক লেখালেখি হলো। আর এই লেখালেখিতেই মহিলা সমিতির মঞ্চে আসে জেনারেটর। নানা চড়াই উতরাই পেরিয়ে এতদূর এসেছেন। বাকি জীবনটাও এভাবে কাটিয়ে দিতে চান। কেননা মঞ্চের আলোয় নানা জীবনের কাহিনি ফুটিয়ে তুলতে তুলতে শুভ্রা বিশ্বাসের নিজের জীবনটাও যেন মঞ্চের সঙ্গে মিশে গেছে।