নগরে বড় কোনো উৎসব মানে মঞ্চে রাজীবের গান। চাপটা এত বেশি থাকে, এক মঞ্চে গান করে ছুটতে হয় আরেক মঞ্চে। গত পয়লা বৈশাখের কথাই ধরুন—এক দিনেই গান করেছেন ছয়টি মঞ্চে। তার পরও ক্লান্তি নেই, মুখে হাসি। মঞ্চই তাঁর প্রাণ। কেউ ডাকলেই ছুটে যান। মঞ্চের সঙ্গে সখ্যটাও পুরোনো। গাইছেন দুই দশক ধরে।শিল্পী রাজীব ভট্টাচার্য্যের গানের শুরুটা মুখে বোল ফোটার পর থেকেই। ঘরেই ছিল গানপাগাল মানুষ। বাবা কল্পতরু ভট্টাচার্য্য ও কাকা চক্রপানি ভট্টাচার্য্য—দুজনেই খ্যাতিমান লোককবি। বাবার কাছে গান শিখতে আসত ছাত্ররা। ছাত্রদের শেখানোর সময় বাবা নিজেই তবলা বাজাতেন। বিষয়টি লক্ষ করত ছোট্ট রাজীব। এরপর চুপি চুপি বাজাতেন। কী তাল কী বাজাচ্ছেন তা বোঝার বয়স হয়নি। তবে বাজিয়ে চলেছেন। আগ্রহ দেখে কাছে টেনে নেন বাবা। শুরু হয় সা রে গা মা পা। এভাবেই একদিন পোক্ত হয়ে যান। বাবাই তাঁর গানের শিক্ষক। এরপর শাস্ত্রীয় সংগীতে তালিম নেন ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার কাছে।রাজীব বলেন, ‘চতুর্থ শ্রেণীতে থাকতেই মান্না দের সব গান আমার মুখস্থ। ক্লাসে বেঞ্চ বাজিয়ে যখন গান করতাম তখন সবাই দুষ্টুমি না করে গান শুনত। গান গাওয়ার জন্য শিক্ষকের বকাও শুনেছি। আবার প্রশংসাও পেয়েছি।’দশম শ্রেণীতে পড়ার সময় মাথায় ভূত চাপে ব্যান্ডদল গড়ার। যেই কথা সেই কাজ। আইয়ুব বাচ্চুর কাছে যান গিটার শিখতে। কিছুদিন শিখলেনও। তারপর আইয়ুব বাচ্চু একদিন বললেন, ‘তোর গলা তো বেশ ভালো। তুই গায়ক হলেই ভালো করবি।’ তারপর ১৯৯২ সালে গড়ে তোলেন ব্যন্ডদল রাইম রিদম। রাতের বেলা চুরি করে চলে চর্চা। ‘তখন চলছিল ব্যান্ডের স্বর্ণযুগ। টিফিনের টাকা বাঁচিয়ে কিনে আনতাম রেনেসাঁ, সোলসের ক্যাসেট। আর বাবা সেগুলো ভাঙতেন। বাবা বলতেন, ‘‘দেখ আমাদের গানের একটা ঐতিহ্য আছে তুই এসব কী করছিস।’’ তারপর একদিন নিয়ে গেলেন বেতার ও টিভিতে অডিশন দিতে। অডিশন দিলাম এবং টিকেও গেলাম।’ বললেন রাজীব।অবশ্য রাইম রিদমে এক বছরেই ভাঙন দেখা দিল। কিন্তু থেমে থাকেনি রাজীবের সংগীতচর্চা। তত দিনে রাজীব মঞ্চে পরিচিত মুখ। কিন্তু পড়াশোনাটাও বাদ যায়নি। কমার্স কলেজ থেকে স্নাতকোত্তরটাও সেরে ফেললেন। পেশার কথা জানতে চাইলে বলেন, ‘দেশ-বিদেশের মঞ্চে গান গাওয়া ও একটি বিজ্ঞাপনী সংস্থা আছে। বর্তমানে তিনি আরেকটি ব্যান্ড দল করেছেন ‘গোল্ডেন ভয়েজ’। তাঁর মিক্সড অ্যালবামগুলোর মধ্যে উল্লেখযোগ্য তুমি বড় স্বার্থপর, জানি আসবে ফিরে। এফএম রেডিওর বদৌলতে তাঁর ‘বৈশাখে পরিচয়, বৈশাখে পরিণয়’ ‘একাকী নিঝুম রাতে যদি চলে যাই’, ‘তুমি আমি পাশাপাশি’ গানগুলো বেশ জনপ্রিয় হয়েছে। রাজীব জানান, তাঁর একক অ্যালবামেরও কাজ চলছে। খুব শিগগির বাজারে আসবে।