>শীত এলেই বাজারে নানা রকম শাকসবজির দেখা পাওয়া যায়। তাজা শাকসবজি খাওয়ার শ্রেষ্ঠ সময় হচ্ছে এই শীতকাল। শীত আসতে শুরু করায় বাজারে আসতে শুরু করেছে মটরশুঁটি ও বরবটি। দুটিরই আছে আলাদা গুণ। এ বিষয়ে বলেছেন পুষ্টিবিদ আখতারুন নাহার আলো

মটরশুঁটি
* মটরশুঁটি পেট পরিষ্কার রাখে ও কোষ্ঠকাঠিন্য রোধ করে।
* সুন্দর ত্বকের জন্য খুব উপকারী। ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। চোখের দৃষ্টিশক্তিও বাড়িয়ে তোলে।
* ডায়াবেটিক রোগীদের জন্য মটরশুঁটি ভালো একটি খাবার। এটি হাড় শক্ত করতেও খুব ভালো। প্রসূতি মায়ের শরীরের জন্য উপকারী ফলিক অ্যাসিডে ভরপুর মটরশুঁটি, তাই খেতে পারেন নির্দ্বিধায়।
* শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।
* রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়।
* মটরশুঁটি অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে।
* মটরশুঁটিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকায় ক্ষত দ্রুত ঠিক করে।

বরবটি
* বরবটিতে থাকা সিলিকন হাড়ের ঘনত্ব বাড়ায়। হাড় শক্ত করার জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম পাওয়া যায় বরবটির বীজে।
* সালাদে কাঁচা বরবটি খেলে তা থেকে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়। এই ভিটামিন সি শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন পরিশোষণে ভূমিকা রাখে।
* এই সবজিতে যে খাদ্য আঁশ রয়েছে তা শরীরের ক্ষতিকারক এলডিএল কোলেস্টেরলের পরিমাণ কমায়।
* বরবটি ওজন কমাতে সহায়তা করে।
* অস্টিওআর্থ্রাইটিস সমস্যা থেকে অস্থিসন্ধিকে দূরে রাখে। এটিতে ভিটামিন কে রয়েছে, যা দেহে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে।
* বরবটিতে যে আয়রন রয়েছে তা শরীরের আয়রনের ঘাটতি পূরণ করতে পারবে।
* এতে ফ্ল্যাভোনয়েড নামে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা ক্যানসার কোষ বৃদ্ধি রোধে কাজ করে।
গ্রন্থনা: আহসান মাহমুদ