মডেল পৌরসভা হবে মহেশখালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র মকছুদ মিয়া বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য উন্নয়নবঞ্চিত মহেশখালীকে একটি মডেল পৌরসভায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।প্রথম আলোর সঙ্গে আলাপকালে মেয়র মকছুদ মিয়া বলেন, ২০০১ সালের ৬ জুলাই গোরকঘাটা ইউনিয়নকে বিলুপ্ত করে মহেশখালী পৌরসভা গঠন করা হলেও এই পৌর এলাকায় কোনো উন্নয়ন হয়নি। রাস্তা, জেটিঘাট, বাজার—কোথাও উন্নয়নের ছোঁয়া লাগেনি। পৌর এলাকা আলোকিত করার জন্য সম্প্রতি কিছু কিছু স্থানে নামেমাত্র সড়কবাতি লাগানো হয়েছে। অথচ সড়কবাতিতে কোনো বিদ্যুৎসংযোগ দেওয়া হয়নি। এ ছাড়া নালা নির্মাণ না করায় প্রতি বর্ষায় এলাকার জনগণ ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ে। তাই পৌর এলাকার জলাবদ্ধতা দূর করা, অবকাঠামো উন্নয়ন, নালা ও পয়োনিষ্কাশনব্যবস্থার উন্নয়ন, প্রতিটি ওয়ার্ডের সুবিধাজনক স্থানে স্থায়ী ডাস্টবিন তৈরির উদ্যোগ নেওয়া হবে। মেয়র মকছুদ মিয়া আরও বলেন, মহেশখালী জেটি থেকে প্রতিবছর প্রায় ৫০ লাখ টাকার রাজস্ব আদায় হয়। কিন্তু তা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। ফলে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে জেটির ওপর দিয়ে যাতায়াত করছে। তিনি বলেন, জেটি সংস্কারের পাশাপাশি নদী খনন করে নদীতে নৌচলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া শিক্ষার আলো ছড়াতে নতুন করে পৌর এলাকায় আরও শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করে মেয়র মকছুদ মিয়া বলেন, পৌর এলাকার কয়েকটি স্থানে মদ তৈরির কারখানা রয়েছে। এ কারণে যুবসমাজ আজ হুমকির মুখে। তাই পৌর এলাকাকে মাদকমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পৌর এলাকায় সড়কবাতি স্থাপন করে পৌর এলাকাকে আলো দিয়ে আলোকিত করা হবে।মকছুদ মিয়া বলেন, ‘আমাদের পৌর এলাকায় দীর্ঘদিন ধরে পানির তীব্র সংকট। পানির সমস্যা নিরসনের জন্য পর্যাপ্ত নলকূপ স্থাপন করা হবে। এ ছাড়া পৌর এলাকার গোরকঘাটা বাজার উন্নয়নের পাশাপাশি পান ব্যবসায়ীদের জন্য নতুন করে পান বাজার স্থাপন করা হবে।’