মডেল বিদ্যালয়ের একি হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বৃষ্টি হলে টিনের চালার ফুটো দিয়ে পানি পড়ে, ভিজে যায় বই-খাতা। ক্লাসে বসার জায়গা নিয়েও চলে রীতিমতো প্রতিযোগিতা। ক্লাস শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে এসে বসে থাকি। দেরি করলে দাঁড়িয়েই ক্লাস করতে হয়।’ কথাগুলো বলছিল টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র উমর ফারুক।পৌর এলাকার এ প্রাথমিক বিদ্যালয়ে সমস্যার শেষ নেই। শিক্ষার্থীর অনুপাতে বেঞ্চ নেই, পাঠদানের সময় অনেক শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়। আছে শিক্ষক-সংকটও।পঞ্চম শ্রেণীর ছাত্রী সাদিকা আলম বলে, ‘বেঞ্চের অভাবে প্রতিদিন বাংলা, গণিত ও ইংরেজি-বিষয়ের পাঠদানের সময় দাঁড়িয়ে থাকতে হয়। শ্রেণীকক্ষের পেছনে একসঙ্গে অনেকে দাঁড়িয়ে থাকার কারণে শিক্ষক কী বলেন, তা সপষ্ট শুনতে পারি না।’বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৮৯২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৯৪০ জন। প্রতিবেঞ্চে তিনজন করে ছাত্র-ছাত্রী বসার বিধান থাকলেও গাদাগাদি করে বসছে চার-পাঁচজন। এ বিদ্যালয়ের শিশু শ্রেণীতে ৫০ জন, প্রথম শ্রেণীতে ১৬৬ জন, দ্বিতীয় শ্রেণীতে ১৮০ জন, তৃতীয় শ্রেণীতে ২৪৫ জন, চতুর্থ শ্রেণীতে ১৮০ জন ও পঞ্চম শ্রেণীতে ১১৯ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিদিন বিদ্যালয়ে সাড়ে ৮০০ ছাত্র-ছাত্রী উপস্থিত থাকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম কামাল বলেন, আশপাশে পাঁচ থেকে ছয় কিলোমিটার এলাকায় কোনো বিদ্যালয় না থাকায় ও দুপুরের নাশতা হিসেবে বিস্কুট পাওয়ায় শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা অনেক বেশি। ফলে পর্যাপ্ত বেঞ্চ না থাকায় শিক্ষার্থীরা গাদাগাদি করে বসে ও দাঁড়িয়ে ক্লাস করে। বৃষ্টি হলে বেশির ভাগ শ্রেণীকক্ষে পানি পড়ে। এ ছাড়া বর্তমানে ১২ জন শিক্ষক কর্মরত আছেন। কিন্তু শিক্ষার্থী অনুপাতে তা পর্যাপ্ত নয়। কারণ সরকারিভাবে এক শিক্ষকের বিপরীতে ৫০ জন শিক্ষার্থীর কথা উল্লেখ রয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আলম বাহাদুর বলেন, এটি নামেমাত্র মডেল বিদ্যালয়। সব দিকেই সংকট লেগে আছে। এসব সমস্যা সমাধানের জন্য উপজেলা শিক্ষা কমিটির সভায় একাধিকবার উত্থাপন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।এ প্রসঙ্গে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান বলেন, পুরো উপজেলার মধ্যে এ স্কুলের শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।