মণিপুরি কাপড়ের ব্যতিক্রমী সম্ভার 'মোইরাং'

সিলেট শহরে যে কয়েকটি দোকানে আসল মণিপুরি কাপড় বিক্রি হয়, এর মধ্যে ‘মোইরাং’ অন্যতম। নগরের শিবগঞ্জ এলাকায় প্রতিষ্ঠানটির অবস্থান। প্রতিষ্ঠানটির বিশেষত্ব হচ্ছে, এটি প্রতিষ্ঠিত হয়েছে মণিপুরি সম্প্রদায়ের উদ্যোক্তাদের দ্বারা। এখানে মণিপুরি সম্প্রদায়ের ১০০ জন প্রবীণ ও নবীন তাঁতশিল্পী বুননের কাজ করে থাকেন। আর এ প্রতিষ্ঠানটিকে পৃষ্ঠপোষকতা করছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো)।
একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ বলেন, একডোর সহযোগিতায় সঠিক মণিপুরি পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই সিলেটের ২৫ জন ও মৌলভীবাজার জেলার ৭৫ জন দক্ষ মণিপুরি তাঁতশিল্পীকে ২০১৪ সালের অক্টোবর মাসে ছয় মাসের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপর এঁদের তৈরি করা পণ্য বিক্রির জন্য গত আগস্ট মাসে ‘মোইরাং’ প্রতিষ্ঠা করা হয়েছে। এ শিল্পের মাধ্যমে মণিপুরি নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এমন একটি সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের সব লাভ সরাসরি তাঁতশিল্পীরা পাচ্ছেন।

মণিপুরি কাপড় যেহেতু বাঙালি মূল স্রোতোধারার মানুষের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে, তাই এ বিষয়টির প্রতি লক্ষ রেখে ‘মোইরাং’-এর তাঁতিরা প্রতিনিয়ত নতুনত্ব আনার চেষ্টা করছেন। এ কারণেই বৈচিত্র্যময় ও ভিন্ন নকশায় প্রস্তুত করা কাপড়গুলো রুচিশীল ক্রেতাদের চাহিদা পূরণে ইতিমধ্যেই আলাদা একটা ঘরানা তৈরি করে ফেলেছে। শাড়ি, ওড়না, টু-পিস, থ্রি-পিস, চাদর, গামছা, বেডশিট ইত্যাদি কাপড়ই ‘মোইরাং’-এর সবচেয়ে জনপ্রিয় তাঁতশিল্পজাত পণ্য।
উদ্যোক্তারা জানিয়েছেন, বর্তমান বাজারে প্রাপ্ত মণিপুরি তাঁতশিল্পজাত পণ্যসমূহের অধিকাংশই পলিয়েস্টার বা টেট্রন সুতা দিয়ে তৈরি। কিন্তু ‘মোইরাং’ থেকে উৎপাদিত সব পণ্যই শতভাগ সুতির সুতা দিয়ে তৈরি হওয়ায় সব ঋতুতে স্বাচ্ছন্দ্যে ব্যবহারের উপযোগী। বর্তমান বাজারে প্রাপ্ত সাধারণ পণ্যের পরিমাপের তুলনায় এখানে উৎপাদিত প্রতিটি পণ্যের পরিমাপ সঠিক ও যথাযথ মানসম্পন্ন হওয়ায় তা ব্যবহারে অধিক আরামদায়ক।
প্রবীণ তাঁতি মৌলভীবাজারের ভানুবিল মাঝেরগাঁও গ্রামের রাধাবতী দেবী (৬০) জানান, তিনি ৩৫ বছর ধরে মণিপুরি কাপড় তৈরি করছেন। কিন্তু আগে তিনি মধ্যস্বত্বভোগীদের কাছে কাপড় বিক্রি করে খুব অল্পই লাভবান হতেন। এখন নিজেদের প্রতিষ্ঠান হওয়ায় লাভ আগের চেয়ে বেশি হচ্ছে।
মৌলভীবাজার সরকারি কলেজে ডিগ্রিতে পড়াশোনা করছেন শিলা দেবী। তিনি বলেন, ‘পড়ার ফাঁকে ফাঁকে কাপড় বুনে সিলেটের শোরুমে পাঠিয়ে দিচ্ছি। যার কাপড় বিক্রি হয়, তার নামে আলাদাভাবে টাকাও জমা হচ্ছে। এতে করে একটা বাড়তি আয়ের পথ খুলে গেছে।’
সিলেট নগরের লালাদিঘিরপাড় এলাকার তাঁতি গৃহিণী উষা রানী দেবী (৩৫) বলেন, ‘দশ দিন অন্তর অন্তর মাসে তিনবার কাপড় বিক্রির টাকা আমাদের বুঝিয়ে দেওয়া হয়। এতসংখ্যক তাঁতির নিজস্ব মালিকানায় এত বড় উদ্যোগ খুব একটা অন্যত্র দেখা যাবে না।’ একই এলাকার শান্তি শর্মা (৩২) বলেন, ‘আগে বিচ্ছিন্নভাবে কাজ করতাম। এখানে ১০০ জন কাপড় তৈরি করায় ভালো কাপড় তৈরির একটা অলিখিত প্রতিযোগিতাও রয়েছে। এ ছাড়া কাপড়গুলো ভালো মানের হওয়ায় ক্রেতাদের কাছে আলাদা একটা গ্রহণযোগ্যতাও তৈরি হয়েছে।’ ফেসবুকে যোগাযোগের জন্য Moirang নামের একটি পেজ খোলা হয়েছে। এর মাধ্যমে যোগাযোগ করে দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ কাপড় কিনতে পারবেন।