মণ্ডপে বাজে পূজার ঢাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনাতন-ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজা শুরু হয়ে গেছে মণ্ডপে মণ্ডপে। পাল সম্প্রদায় তাদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিমাকে মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে তুলছে। পূজার সব প্রস্তুতি শেষ। ৭ অক্টোবর মহালয়ার মাধ্যমে শুরু হয়ে গেছে দুর্গাপূজার আমেজ। পূজার সময় ভক্তরা মুখরিত করে তুলবে দেশের প্রতিটি মণ্ডপ। পূজা উপলক্ষে ভিন্নভাবে সাজানো হচ্ছে মণ্ডপের চারদিক।মহালয়ায় দেবীপক্ষ শুরু হয়ে গেছে এই মাসের ৭ তারিখ থেকে। মঙ্গলঘট স্থাপন করা হয়েছে। ঢাকের বাড়ি পড়েছে মন্দিরে মন্দিরে। ঘোষিত হয়েছে দেবীর আগমনী বার্তা। আজ মঙ্গলবার পর্যন্ত চলবে চণ্ডীপাঠ। কাল বুধবার মহাষষ্ঠীতে দেবীর বোধন ও আনুষ্ঠানিক পূজারম্ভ। রাজধানীর পূজামণ্ডপগুলোয় চলছে শারদীয় উৎসবের সাজসজ্জা।ঢাকেশ্বরী মন্দির দুর্গাপূজা কমিটি জানায়, পঞ্জিকা অনুযায়ী দেবী এবার দোলায় (পালকি) করে পিতৃগৃহে আসবেন। পূজা শেষে অমরাবতী যাত্রায় দেবীর বাহন হবে হাতি। শাস্ত্রমতে, দেবীর দোলায় করে আগমন হলে পৃথিবীতে নানা রকম রোগ-ব্যাধির বিস্তার ঘটে। আর হাতির পিঠে প্রত্যাগমনের মানে হচ্ছে, শস্যপূর্ণা বসুন্ধরা। অর্থাৎ পৃথিবী এবার শস্যে পরিপূর্ণ হয়ে উঠবে।নগরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, সর্বত্রই চলছে প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ। রাজধানীতে সবচেয়ে বেশি পূজামণ্ডপ পুরান ঢাকার শাঁখারীবাজারে। পূজার জন্য অপেক্ষার প্রহর গুনছে এলাকাবাসী। শাঁখারীবাজারের স্থানীয় বাসিন্দা শ্যামল কুমার বলেন, ‘শত বছর ধরে এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে পূজার বিভিন্ন উৎসব পালন করা হবে।’ তিনি জানান, প্রতিটি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নানা ধরনের উৎসবের আয়োজন রয়েছে। সান্ধ্য আরতি থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এসব আয়োজনে মুখরিত থাকবে প্রতিটি মণ্ডপ।ঢাকা মহানগর পূজা কমিটি সূত্রে জানা গেছে, এবার ১৯১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। কমিটির নেতারা বলেন, সর্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে এবার সারা দেশে পূজামণ্ডপের সংখ্যা প্রায় ২৭ হাজার।ঢাকার পূজামণ্ডপঢাকা শহরে অনেক মণ্ডপ তৈরি করা হয়েছে পূজা উপলক্ষে। বিশেষ করে, পুরান ঢাকায় পূজামণ্ডপের সংখ্যা তুলনামূলক বেশি। ঢাকার কোতোয়ালি থানায় মোট ১৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮১ ঝুলনবাড়ী রাধিকা মোহন বসাক লেন; নব দুর্গা কমিটি, রাধিকা মোহন বসাক লেন, ঝুলনবাড়ী; শ্রীশ্রীসর্বজনীন দুর্গাপূজা কমিটি, ৩৭ বসাক লেন; গোয়ালনগর পঞ্চায়েত পূজা কমিটি, গোয়ালনগর (কুমারপাড়া); উদীয়মান সূর্য সংঘ, ৭২ তাঁতীবাজার; তাঁতীবাজার দুর্গা কমিটি, ১৭ তাঁতীবাজার; শ্রীশ্রীশিবমন্দির, ১৬ কোতোয়ালি রোড; পান্নিটোলা দুর্গাপূজা পঞ্চায়েত কমিটি, পান্নিটোলা; প্রতিদ্বন্দ্বী দুর্গাপূজা কমিটি, ১৩৭ শাঁখারীবাজার; শ্রীশ্রীদুর্গা মায়ের মন্দির, ১৩৫ শাঁখারীবাজার; রমাকান্ত নন্দী লেন দুর্গাপূজা কমিটি; নতুন কুঁড়ি দুর্গাপূজা কমিটি, ২৩ শাঁখারীবাজার। লালবাগের চারটি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শ্রীশ্রীঢাকেশ্বরী জাতীয় মন্দির; শ্রীশ্রীগিরি গোবর্ধনকারী জিউ পঞ্চায়েত মন্দির; শ্রীশ্রীরাধামাধব মন্দির, ২৬০ লালবাগ রোড; হিন্দু ধর্মীয় কল্যাণ সমিতি, ৩২ নগর বেলতলী লেন। এ ছাড়া চকবাজারে চারটি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। শ্রীশ্রীসর্বজনীন দুর্গাপূজা, ১৯০ বকশীবাজার; শ্রীশ্রীরক্ষাকালী মন্দির, চকবাজার; শ্রীশ্রীসারঙ্গধরজি ও শ্রীশ্রীরঘুনাথ জিউর বিগ্রহ মন্দির, ৯৬, ৯৭, ৯৭/১, ৯৮ হরনাথ ঘোষ রোড; ইমানগঞ্জ বাজার সর্বজনীন পূজা কমিটি, ৪১ ইমানগঞ্জ লেন। হাজারীবাগে ছয়টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শ্রীশ্রীশিবমন্দির (নিমতলী), রায়েরবাজার, হাজারীবাগ; নবাবগঞ্জ শিবমন্দির পূজা কমিটি, ৬৬ নীলাম্বর সাহা রোড; শ্রীশ্রীদুর্গাপূজা কমিটি, ৪৯ ভাগলপুর, কুমারটুলী, হাজারীবাগ; ১১৯ ভাগলপুর, নবাবগঞ্জ; শ্রীশ্রীকালীমন্দির পূজা কমিটি, ভাগলপুর লেন (চানপুর); সমাজকল্যাণ যুবসংঘ পূজা কমিটি, গণকটুলী, পৌর কলোনি, হাজারীবাগ। এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ধানমন্ডিতে পাঁচটি, মোহাম্মদপুরে পাঁচটি, শাহবাগে দুটি, মতিঝিলে একটি, বংশালে দুটি, সূত্রাপুরে ৪৪টি, শ্যামপুর ও কদমতলীতে নয়টি, ডেমরায় আটটি, যাত্রাবাড়ীতে সাতটি, সবুজবাগে পাঁচটি, রামপুরায় একটি, খিলগাঁওয়ে একটি, বাড্ডায় ১৩টি, গুলশান ও বনানীতে পাঁচটি, তেজগাঁওয়ে পাঁচটি, রমনায় দুটি, মিরপুর ও দারুস সালামে ১০টি, কাফরুলে একটি, খিলক্ষেতে চারটি, ক্যান্টনমেন্টে একটি, উত্তরখানে একটি, তুরাগে ১১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।