মণ্ডপে মণ্ডপে চলছে নানা আয়োজন
মাথার ওপরে জাহাজের তলা। তার পাশে ঘুরে বেড়াচ্ছে সাগরের সবচেয়ে হিংস্রতম প্রাণী হাঙর। চারদিকে শেওলা, পাথর এবং বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। সঙ্গে আলো-ছায়ার খেলা। ঢুকলেই একটু দ্বিধা-দ্বন্দ্বে পড়তে হবে দর্শনার্থীদের। সত্যিই কি সমুদ্রের অতল গভীরে এসে পড়েছেন! এবারে হাজারী লেন সর্বজনীন পূজামণ্ডপে দেবী দুর্গা অসুরকে বধ করবেন সমুদ্রের তলদেশে। গত শনিবার ঐতিহ্যবাহী হাজারী লেন সর্বজনীন দুর্গোৎ সব কমিটির সদস্য তপন দাশ তাঁদের মণ্ডপ সম্পর্কে বললেন কথাগুলো। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নগরের মণ্ডপে মণ্ডপে এমনই নতুন নতুন বৈশিষ্ট্য আর ব্যতিক্রমী বিষয় নিয়ে মণ্ডপ সাজানোর আয়োজন চলছে জোরেশোরে। আর তার পূর্ণাঙ্গ রূপ দিতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন মণ্ডপ তৈরির শিল্পী ও কারিগরেরা।জানা গেছে, আকর্ষণীয় এবং কারুকার্যময় মণ্ডপ তৈরিতে নগরের আগ্রাবাদের গোসাইলডাঙা, হাজারী লেন সর্বজনীন দুর্গোৎ সব, পাথরঘাটার সতীশ বাবু লেন, দক্ষিণ নালাপাড়া, বংশাল রোড, ফিশারিঘাটের মনরখালি, রহমতগঞ্জ কুসুম কুমারী সিটি করপোরেশন বিদ্যালয়, দেওয়ানজী পুকুর পাড়, গোল পাহাড় মোড়ের বেশ সুনাম রয়েছে। গত রোববার নগরের অন্যান্য মণ্ডপগুলোতে ঘুরে দেখা গেছে, নিজেদের মণ্ডপ অন্যদের চেয়ে আকর্ষণীয় করতে আয়োজকদের মধ্যে ভেতরে ভেতরে এক ধরনের প্রতিযোগিতা চলে। এ নিয়ে কোমর বেঁধে লেগে গেছেন শিল্পী ও কারিগরেরা। শোলা, কাদা-মাটি, বাঁশ, কাঠ, ইট, বালু, রং, সিমেন্ট, চটের বস্তাসহ আরও অনেক উপাদান-উপকরণ নিয়ে মণ্ডপ সাজাতে ব্যস্ত তাঁরা। এ নিয়ে মহানগর দুর্গাপূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রত্নাকর দাশ জানান, দুর্গাপূজার মণ্ডপের সৌন্দর্য নিয়ে প্রতিবছর রীতিমতো প্রতিযোগিতা চলে। এরই পরিপ্রেক্ষিতে কয়েক বছর ধরে থানা এবং মহানগর পর্যায়ে শ্রেষ্ঠ পূজামণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জাসহ এমন আরও অনেক শ্রেণীতে ভাগ করে পুরস্কৃত করা হচ্ছে। পূজা শুরুর দুই থেকে তিন মাস আগেই মণ্ডপের সাজসজ্জার কাজ শুরু হয়। আর মণ্ডপের সাজসজ্জার সঙ্গে মিল রেখেই প্রতিমা গড়া হয়। গোসাইলডাঙা কল্পতরু সংঘের সভাপতি তিলক দত্ত প্রথম আলোকে বলেন, এবারের পূজার মণ্ডপটি পাহাড়ি অঞ্চল এবং গুহার আদলে তৈরি করা হচ্ছে। অর্থাৎ এবার গোসাইলডাঙার পূজামণ্ডপে দেবী দুর্গা পাহাড় থেকে নেমে আসবেন সমতলে। পাথরঘাটা এলাকার সতীশ চন্দ্র পূজা উদ্যাপন পরিষদের সভাপতি আশীষ দাশ বলেন, ‘পঞ্চমবারের মতো আমরা পূজা উদ্যাপন করতে চলেছি। এর মধ্যে আর্কষণীয় পূজামণ্ডপ হিসেবে সেরা পুরস্কার পেয়েছি দুইবার। এবারে ১৫ লাখ টাকা বাজেটের মণ্ডপ সাজানোর আয়োজন করা হয়েছে।’মণ্ডপ সাজানোর মূল পরিকল্পনাকারী শিল্পী সঞ্জীব রায়। মানুষের কর্ম এবং কর্মফলের পরবর্তী অবস্থাকে প্রযুক্তির ব্যবহার এবং আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। মূলত পৃথিবীতে বসবাসরত মানুষের কর্ম অনুযায়ী স্বর্গ ও নরকে তার ফল ভোগের চিত্র তুলে ধরা হবে। নরকের চিত্র তুলে ধরতে মানুষের আদলে মূর্তি বানিয়ে জ্বলন্ত আগুনে পোড়ানো দৃশ্য দেখানো হবে, যা দর্শকদের কাছে জীবন্ত বলে মনে হবে। এ ছাড়া মণ্ডপের পাশে একটি ভবনের দেয়ালে আলোর কারসাজির মাধ্যমে রাম ও রাবণের যুদ্ধ তুলে ধরা হবে। মহানগর পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রত্নাকর দাশ বলেন, এবার নগরে প্রায় ২৩০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় ১০টি পূজা বেশি। সব মণ্ডপেই কাজ সম্পূর্ণ করতে তোড়জোড় চলছে। দুর্গাপূজার প্রথম দিন অর্থাৎ ষষ্ঠীর দুই-তিন দিন আগেই মণ্ডপের সমস্ত সাজসজ্জার পরিপূর্ণতা আনা হয়।