মণ্ডপে মণ্ডপে 'নেপাল মূর্তি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ৭৫ বছর। তবু রাত–দিন পরিশ্রম করতে হচ্ছে এই বয়সেও। কয়েক দিনের মধ্যে বিভিন্ন পূজা কমিটিকে বুঝিয়ে দিতে হবে প্রতিমা। দম ফেলার সময় নেই শিল্পী নেপাল ভট্টাচার্যের। তাঁর তৈরি প্রতিমা ছাড়া যে পূজাও জমে না। অনিন্দ্যসুন্দর অবয়বের জন্য কক্সবাজারের সনাতন ধর্মাবলম্বীরা তাঁর হাতে গড়া প্রতিমার নাম দিয়েছেন ‘নেপাল মূর্তি’।
১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। শহরের সরস্বতী মন্দির। দুর্গা প্রতিমার গায়ে রং লাগাচ্ছিলেন নেপাল। মন্দিরের বিশাল মাঠে ছোট–বড় শতাধিক মূর্তি। সবই তাঁর হাতে গড়া। বিভিন্ন মণ্ডপ থেকে আসা লোকজন দাঁড়িয়ে আছেন। কাজ শেষ হলে মূর্তি নিয়ে যাবেন, এই আশায়।
নেপাল জানালেন, এর মধ্যে অন্তত ২১টি পূজামণ্ডপে পৌঁছে গেছে নেপাল মূর্তি। আরও শতাধিক মন্দিরের জন্য মূর্তি তৈরির কাজ চলছে।
৫০ বছর ধরে মূর্তি তৈরির কাজ করছেন নেপাল। প্রতিমা গড়েই সংসার চলান। অাঙিনায় ছোট–বড় ১৪৪টি মূর্তি দেখা গেল। মা দুর্গার সঙ্গে অসুর, সিংহ, মহিষ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশমূর্তি রয়েছে। এসব মূর্তি সদর উপজেলার ঈদগাঁও, ঝিলংজা, খরুলিয়া, খুরুশকুল, চৌফলদণ্ডি, রামু উপজেলার ফঁতেকারকুল, ঈদগড়, গর্জনিয়া, রাজারকুল, টেকনাফের নীলা, চৌধুরীপাড়া, খারাংখালী, উখিয়ার দারোগাবাজার, চকরিয়ার ডুলাহাজারাসহ বিভিন্ন মণ্ডপে চলে যাবে।
কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা বলেন, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে সারা দেশের মতো এখানেও পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব শুরু হচ্ছে। এবার জেলার সাতটি উপজেলা (মহেশখালী ছাড়া) ও তিনটি পৌরসভায় ২৫৮টি মন্দিরে দুর্গাপূজা উদ্যাপিত হবে। এর মধ্যে ১২৩টি প্রতিমাপূজা ও ১৩৫টি ঘটপূজা হবে। এসব মণ্ডপের অধিকাংশ প্রতিমা তৈরি করছেন শিল্পী নেপাল।
নেপাল ভট্টাচার্যকে কাজে সহযোগিতা করেন তাঁর ছেলে মিল্টন ভট্টাচার্য (৪১)। সঙ্গে রয়েছেন আরও চারজন কর্মচারী। ভোররাত পর্যন্ত কাজ করেও মূর্তি তৈরির কাজ শেষ করতে পারছেন না বলে জানালেন তাঁরা।
মিল্টন ভট্টাচার্য বলেন, প্রতি সেট প্রতিমা গড়তে খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। মূর্তি তৈরিতে খরচ হয় ২০ থেকে ৩০ হাজার টাকা। প্রতিটি সেটে পাঁচ হাজারের বেশি লাভ থাকে না। মূর্তি তৈরির উপকরণ কাদামাটি, খড়, সুতা ও কাঠ চড়া মূল্যে সংগ্রহ করতে হয় ৩০ কিলোমিটার দূরে রামু থেকে।
নেপাল ভট্টাচার্য বলেন, ‘৫০ বছর ধরে মূর্তি তৈরি করছি। আমার পরিবার ছাড়া জেলায় মূর্তি তৈরির অন্য কোনো কারিগর নাই। মূর্তি তৈরি একধরনের শিল্পকর্ম। পৌরসভার কাছে আবেদন–নিবেদন করেও মূর্তি রাখার একখণ্ড জমি বরাদ্দ পাচ্ছি না।’
স্ত্রী দিপালী ভট্টাচার্য (৬২) বলেন, নেপাল ভট্টাচার্য মনের মাধুরী মিশিয়ে মা দুর্গা প্রতিমা তৈরি করেন নিখুঁতভাবে। এ জন্য তাঁর অনেক সুনাম। দুর্গোৎসব ছাড়াও কালীপূজা ও সরস্বতীপূজায় নেপাল ভট্টাচার্যকে প্রচুর মূর্তি তৈরি করতে হয়।
দুই ছেলে দুই মেয়ের জনক নেপাল ভট্টাচার্য বলেন, ‘এত আনন্দের মধ্যেও সবচেয়ে বেশি কষ্ট পাই সেদিন, যেদিন লাখো মানুষের উপস্থিতিতে সারিবদ্ধভাবে প্রতিমাগুলো উত্তাল সমুদ্রে বিসর্জন দেওয়া হয়।’