মতবিনিময় না ভাতবিনিময়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্ডে লেখা ছিল মতবিনিময় সভা ও মধ্যাহ্ন ভোজ। আয়োজনে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর। স্থান নগরের জিইসি মোড়ের একটি রেস্তোরাঁ। সভার শুরুতে জামায়াতে ইসলামী মহানগরের আমির শামসুল ইসলাম মঞ্চে বসা নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর ছিল সাংবাদিকদের সঙ্গে পরিচয়পর্ব। মঞ্চে ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য শাহজাহান চৌধুরী, উত্তর জেলার আমির আমিরুজ্জামান, দক্ষিণ জেলার আমির জাফর সাদেক, নগরের নায়েবে আমির আহসান উল্লাহ ও আফসার উদ্দিন চৌধুরী। এরপর শামসুল ইসলাম বলেন, ‘আমাদের আমির মতিউর রহমান নিজামীর চট্টগ্রামের জনসভা উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। তিনি কাল জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। এটাকে আমরা সুযোগ হিসেবে নিয়েছি, আপনাদের সঙ্গে চারটা ভাত খাওয়ার। এখন আমরা খাওয়া দাওয়া করব।’এরপর মঞ্চ থেকে জামায়াত নেতারা নেমে সাংবাদিকদের বিভিন্ন টেবিলে গিয়ে খাওয়া-দাওয়ার তদারকিতে নেমে পড়েন। নিজেদের মত প্রকাশ করে কোনো প্রশ্ন করার সুযোগই দিলেন না তাঁরা। সাংবাদিকদের প্রশ্ন ছিল অনেক। কিছু দিন আগে চট্টগ্রামে সাতটি অস্ত্র ও গোলাবারুদসহ জামায়াত-শিবিরের ১২ নেতা-কর্মী গ্রেপ্তারের কথা অবধারিত ভাবেই আসত। তাহলে প্রসঙ্গটি এড়ানোর জন্যই কি মতবিনিময় সভা ‘ভাতবিনিময়’ হয়ে গেল ? কেন আশা বেঁধে রাখি: চট্টগ্রামে ভারতের বিপক্ষে মোটামুটি লড়াকু মেজাজ দেখানো টাইগারদের নিয়ে দ্বিতীয় টেস্টে অনেক আশাবাদী ছিলেন ক্রীড়ামোদীরা। কিন্তু প্রথম ইনিংস ২৩৩ এ শেষ। চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে মুশফিকের শতরানের মতো ঢাকার প্রথম ইনিংসেও ছিল মাহমুদ উল্লাহর নিঃসঙ্গ লড়াই। আশাহত হলেন সবাই। ভারতের ৫৪৪ রানের পর আরও চুপসে যান সমর্থকেরা। কিন্তু চট্টগ্রামের ছেলে তামিমের অনবদ্য দেড় শতক ও জুনায়েদ সিদ্দিকীর ব্যাট স্বপ্ন দেখাতে শুরু করে পুনরায়। তবে সেটি জয়ের নয়, ইনিংস পরাজয় এড়ানো এবং ম্যাচটিকে পঞ্চম দিনে নিয়ে যাওয়ার। কিন্তু চতুর্থ দিনে ১০ মিনিটে টাইগারদের পতনে পুরোনো ক্ষতটা যেন আবার মোচড় দিয়ে উঠল। জামালখানের র্যাংগস শোরুমের সামনে খেলা দেখার জন্য প্রতিদিনই থাকত জটলা। সেখানে রিকশাচালক থেকে শুরু করে পথচারী সবাই ভিড় করতেন। ব্যাটসম্যানদের এমন যাওয়া-আসা দেখে নানাজনের নানা মন্তব্য কানে আসে। তবে একজনের মন্তব্য ছিল এ রকম— ‘কেন যে স্বপ্ন দেখি, আশায় বুক বাঁধি?’