মতিলালের বেহালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিলাল বিশ্বাসের সঙ্গে আলাপ শেষ হয়েছে তখন। বিদায়বেলায় আবদার ছিল একটা গানের। হাসলেন তিনি। পাশে রাখা বেহালাটা হাতে তুলে নিলেন। ঘাড়ের ওপর আলতো করে ফেলে চোখ দুটো বন্ধ করলেন। যেন গভীর তপস্যায় বসলেন মতিলাল। তারপর ডান হাতে ছড় চালালেন বেহালার তারে। বাতাসে তখন সুর ভাসছে, ‘...পাগল মন, মন রে/ মন কেন এত কথা বলে/ মনকে আমার যত চাইরে বুঝাইতে/ মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে...’।
গানের এই সুর যেন মতিলাল বিশ্বাসের জীবনকথা। পেশায় নৈশপ্রহরী তিনি। কিন্তু এটাই তাঁর পরিচয় নয়। মতিলাল বলেন, ‘আমি একজন মানুষ। ধর্ম খ্রিষ্টান, কিন্তু আমি সব ধর্ম ভালোবাসি। তাই তো কীর্তন দলে বেহালা বাজিয়েছি ১৮ বছর।’ কথায় কথায় সে রাতে মানুষ মতিলাল সম্পর্কে জেনেছি আরও খানিকটা।

বেহালাবাদক মতিলাল বিশ্বাস। ছবি: লেখক
বেহালাবাদক মতিলাল বিশ্বাস। ছবি: লেখক


রাজধানীর মগবাজারের দিলু রোডের যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে চাকরি করেন, সেখানেই তাঁর থাকা-খাওয়ার বন্দোবস্ত হয়েছে। দিনের বেলায় কাজ নেই বললেই চলে, খাওয়াদাওয়া আর ঘুম। রাত সাড়ে ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বাড়ি পাহারার দায়িত্ব। তাই রাতভর সঙ্গী তাঁর বেহালা। দিলু রোডে নিত্য যাঁদের চলাচল, তাঁদের কাছে মতিলালের বেহালার সুর খুব চেনা।
আর মতিলাল বিশ্বাস বেহালার সুর চিনেছেন তাঁর মাতুল দাদার কাছে। মতিলাল বিশ্বাস বলেন, ‘আমার মাতুল দাদা ভারি সুন্দর বেহালা বাজাতেন। মাঝেমধ্যে তখন বেহালা হাতে নিয়ে নিজেও চেষ্টা করতাম।’ তবে মতিলালের সেটা চেষ্টাতেই সীমাবদ্ধ ছিল। সংসারের দায়িত্ব কাঁধে পড়েছিল ছোটবেলাতেই। গেরস্থ কাজের ফাঁকে করেছেন ক্ষুদ্র ব্যবসা। এভাবেই বছর কয়েক পর হঠাৎ একদিন বেহালা কিনে ফেলেন। তত দিনে বিয়েও করেছেন। কিনেছেন কিন্তু বাজাতে তো পারেন না। সুর তোলার চেষ্টা চালালেন দুই বছর। সেটাও ঘরে বসে, নিজে নিজে। তারপর কী করলেন? মতিলাল বলেন, ‘টুকটাক গান তুলতে শিখেছি। ওস্তাদ ধরলাম একজন। তাঁর কাছেই এক বছর তালিম নিয়েছি।’ এক বছরে বেহালা বাজানো ভালোভাবেই রপ্ত করলেন। স্থানীয় একটি কীর্তন দলে বাজানোর ডাকও পড়ল। দোটানায় পড়লেন মতিলাল, ‘ঘরের কাজে আমি আর মন দিতে পারছিলাম না। আমার স্ত্রীকে বললাম আমি কীর্তন দলে কাজ করতে চাই।’ তাঁর স্ত্রী বাধা দিলেন না। নিজেই দায়িত্ব নিলেন সংসারের। ৩৫ বছর বয়সে সেই যে জড়িয়ে গেলেন কীর্তন দলে, তারপর কেটেছে একে একে ১৮টি বছর।
সুরপাগল মানুষটার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। ৬৫ বছর বয়সী মতিলাল বিশ্বাসের সংসারে দুই ছেলে, এক মেয়ে। বড় দুই ছেলেমেয়ের বিয়ে দিয়েছেন। ছোট ছেলে স্নাতক পড়েন গোপালগঞ্জে। স্ত্রী ছন্দা রানী বিশ্বাস ঢাকাতেই থাকেন। রান্নার কাজ করেন ভিনদেশি এক নারীর বাসায়। পরিবারের কথায় পাঁচ বছর আগে কীর্তন দল ছেড়ে চাকরি নিয়েছেন এই প্রতিষ্ঠানে। তবে তাঁর মন পড়ে আছে গানের দলেই। তাই মনের ভেতর পুষে রাখা ইচ্ছার কথা বললেন অবলীলায়, ‘যখনই সুযোগ পাই, আমি আবার যাব কীর্তন দলে। একবার হলেও গাইতে চাই।’
মতিলাল বিশ্বাসের বেহালার সুর শুনুন প্রথম আলো অনলাইনে (www.prothom-alo.com)