
সকাল সকাল একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বউ বলল, ‘যাও, চট করে বাজারটা সেরে এসো।’
অবাধ্য ছাগলের গর্দানে দড়ির টান পড়লে যা হয়, আমার কাঁচাবাজারে যাওয়ার অনুভূতি বরাবরই সে রকম। নামেই কাঁচা, ওই ডামাডোলে গেলে খেতে হয় পাকা বাঁশের ডলা। টাকা সব কোন দিক দিয়ে যে নামে, টেরই পাওয়া যায় না।
আমি একটা ছাতার কারখানার মাঝারি গোছের চাকুরে। না, কারখানাকে ‘ছাতা’ বলে গাল দিচ্ছি না। রোদবৃষ্টিতে মাথায় যে ছত্র ধরে, সেই ছাতা। বেতন ৫০ হাজার টাকা।
গ্রামে গেলে ভালো দাম পাই। অনেকেই চোখ কপালে তুলে বলে, ‘বাব্বাহ, অর্ধ লক্ষ টাকা! কম কথা না!’
ঢাকায় অবশ্য কেউ পোঁছেও না। পুঁছবে কেন, আগে হাজার বিশেক টাকা মাইনে পেয়েও ধারকর্জ করতাম, এখনো মাস শেষ হওয়ার আগেই এর-ওর কাছে হাত পাতি।
বেতনের তিন ভাগের এক ভাগ তো বাসা ভাড়ায়ই যায়। তারপর যা থাকে, তা যেন নাজুক ইলাস্টিকের ফিতা। একদিকে টানলে আরেক দিক ছেঁড়ার জোগাড়। বউ বলে, আমি নাকি এই বাজারে ‘ফিট’ না। বাজার বলতে সে কী বোঝাতে চায়, এ নিয়ে ঘাঁটি না। তার কথায় যে সত্যতা আছে, মেছোবাজারে গেলে টের পাই।
পরীক্ষাগারে জটিল কোনো রাসায়নিক পরীক্ষার সময় কিছু পূর্বসতর্কতা অবলম্বন করতে হয়। বাজার নামের এই অ্যাসিড টেস্টের বেলায় গিন্নিও কিছু সতর্কতা দিয়ে দিল। তা বিদ্রোহী কবিতার ঝাঁজাল চরণের মতো কানে বাজল—আর যদি দেখি ওই/ চাষেরই পাঙাশ/ চড়বে না চুলোয় হাঁড়ি/ খাওয়ার আশায় বাঁশ!/ নলা কিংবা তেলাপিয়া/ সইব কত আর/ ছেলেমেয়ে যাবে ভেগে/ ফিরবে না আর।/ টিপেটুপে এনো মাছ/ কত বলা যায়/ প্রতিবারই ভুল করে/ করো হায় হায়!
মনে মনে দোয়া পড়তে পড়তে বাজারের দিকে এগোই। কে বলে নদী-খাল-বিলে মাছ নেই? সব মাছে বাজার সয়লাব। ওই যে গলদা চিংড়ি, সাদা মাখন যেন গায়ে। এ জন্যই তো কিনতে গেলে পিছলে যায়। আর হাঁ করা বোয়ালটা? না না, ওর ধারেকাছে ঘেঁষাও মানা। ইলেকট্রনিক নিক্তিতে তুললে টাকার অঙ্ক এক দৌড়ে হাজার দুয়েকের ঘর পেরিয়ে যাবে। আমার দুদিনের বাজারের টাকা এক বোয়ালেই শেষ!
মানে মানে অন্য দিকে ফিরি। এক মাছওয়ালার ডালায় ডাগর ডাগর বেশ কিছু বেলে। ভাবি, বেলে চচ্চড়িতে ওদের রুচি বদল হবে। ও মা, কেজি ৮০০ টাকা করে! আমার পাশে দাঁড়ানো এক ক্রেতা উপুড় হয়ে একটা বেলে উল্টেপাল্টে দেখতে লাগলেন।
মাছওয়ালা হেঁড়ে গলায় বলল, ‘কী দ্যাহেন, স্যার?’
‘দেখি, এটার পাখা গজিয়েছে কি না!’
মাছওয়ালা হে হে করে হেসে বলে, ‘কয় দিন পর হেইডাও দেখতে পাইবেন, স্যার! চাইর দিকে মাছ উইড়া বেড়াইব, আফনেরা খালি হেলিকপ্টার লইয়া ধরবেন!’
ছোটবেলায় গ্রামের জলাশয়ে হাতড়ে মাছ ধরার সময় যে ‘বাইলা’ ছুড়ে ফেলে দিয়েছি, ঢাকার বাজারে সেটার কী দেমাগ! যাহ্, খাবই না!
কিন্তু যে মাছের দিকে এগোই, সেটাই দেখি উড়ে বেড়ায়। স্কুলে ছোটবেলায় পড়েছি, টাকার পাখা আছে—রিচেস হ্যাভ উইংস। এখন দেখি, মাছের পাখা—ফিশেস হ্যাভ উইংস।
চুনোপুঁটিরও ফোস্কা-পড়া দাম। ৪০০ টাকা কেজি! আমি কিন্তু বাজেটে এককাট্টা। মাছ আর সবজি মিলিয়ে ৭৫০ টাকার ওপর যাবই না। সপ্তাহে দুদিন বাজার করি। মাসে আট দিনে ছয় হাজার টাকা। এর ওপর গেলেই ধরা। বাসায় একটা টিউবলাইট পিট পিট করছে, ইস্তিরির তারটা ছেঁড়া। রান্নাঘরের সিঙ্কের কলটার প্যাঁচ কেটে গেছে। সোফায় বসলেই কুশনের কাভার ফসাত করে ফেঁসে যায়, না পাল্টালেই নয়। কোন দিকে যাই?
এক জায়গায় ডালা ভরা টেংরা আর পাবদা লাফাচ্ছে। ওদের পুচ্ছ তাড়ানায় ‘আয় আয় চাঁদ মামা’ হাতছানি। এড়াই কী করে?
বুড়ো মাছওয়ালা বলে, ‘৭০০ টাকা কইরা বেচতাছি, স্যার। আফনের লাইগা ৬০০।’
ভাবগতিকে মনে হলো, এ যেন আমার খালুশ্বশুর, মাছওয়ালার ছদ্মবেশে বসেছে। বললাম, ‘কী বলছো, এই মাছ ৬০০?’
মাছওয়ালা বলল, ‘আরে, এই মাছ তো কথা কয়। ৬০০ তো কমই। কান পাতেন, স্যার, কথা শুনতে পাইবেন।’
আমারও ছাই কী যে হলো, মাছওয়ালার কথায় সম্মোহিত হলাম। মাথা নিচু করে কান পাতলাম। অমনি কানে এল, ‘হাই!’
মাছই বলল, না মাছওয়ালা চিকনে ফাজলামো করল, তা জানি না। আমি মনে মনে ‘বাই’ বলে পিঠটান দিলাম। এক জায়গায় একটা শোল মাছ জ্বলজ্বলে চোখে তাকিয়ে। থেমে থেমে গায়ে মোচড় দিচ্ছে। আমার এক চাচা একবার পুকুরে রুই-কাতলার পোনা ছেড়ে ছিলেন, কোন ফাঁকে একটা শোল থেকে গিয়েছিল। ও একাই সব সাফ করে দিল। চাচা তো খেপে আগুন। তিনি বলেন, ‘এরা মাছের হিটলার!’
তা যা-ই হোক, ঝালে-ঝোলে শোল মন্দ নয়। সাহস করে দাম শুধাই। মাছওয়ালা ছুরির ফলার মতো ছনাৎ করে ওঠে, ‘ওই এক হাজার টেকাই দিয়েন, স্যার। বেশি তো আর চাইতে পারুম না।’
আমি আঁতকে উঠি, ‘অ্যাঁ, বলো কী! এক হাজার টাকা!’
কিন্তু ভড়কে গেলেই তো আর হবে না। কিনতে তো হবে। সাহসে ভর করে বলি, ‘পাঁচ শ দিই, কী বলো?’
মাছওয়ালা এক গাল টেনে হেসে বলে, ‘এই দামে শইলের পোনাও পাইতেন না!’
পিছিয়ে আসি। শোল না পাই, টাকি তো কিনতে পারি। দরদাম করে শেষে কেজি খানেক টাকিই কিনে ফেললাম।
বাসায় ফিরতেই গিন্নি রেগে টং, ‘এগুলো কী এনেছ?’
‘টাকি। আরে, টাকির মতো মাছ হয় নাকি? ভর্তা, চচ্চড়ি, ঝোল—সবই চলে।’
কাটতে বসে বুয়া মাতম করে ওঠে, ‘ও মা, খালু এইগুলান কী মাছ লইয়া আইছে! টাকি কইয়া ফাঁকি দিছে। গজার আর রাঘার বাচ্চায় ভর্তি। এইগুলান কে খায়?’
আমার এবার উড়ে যেতে ইচ্ছা করল। ছোটবেলায় ইংরেজি ক্লাসে স্যার জিজ্ঞেস করতেন, ‘বল তো, আমার যদি পাখির মতো পাখা থাকত, ইংরেজি কী?’
এখন এর সঠিক উত্তরটা জানি, ‘ইফ আই হ্যাড উইংস অব আ বার্ড!’