মদুনাঘাট ও ব্রাহ্মণহাট সেতুর লোহার পাত চুরি হয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মদুনাঘাট ও ব্রাহ্মণহাট সেতুর পাটাতনের লোহার পাত চুরি হয়ে যাচ্ছে। এ দুটি সেতুর পাটাতনের যন্ত্রাংশ খুলে পড়ায় সংযোগকারী লোহার পাতগুলো চুরি হচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।হালদা নদীর ওপর ২০০৮ সালে চালু হওয়া মদুনাঘাট সেতু প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। এ সেতুর চারটি পৃথক পাটাতনের (স্প্যান) সংযোগস্থলের লোহার পাতের নাট-বল্টু (যন্ত্রাংশ) খুলে যাচ্ছে। স্থানীয় লোকজন জানান, প্রায় দুমাস আগে মধ্যভাগে দুটি পাটাতনের সংযোগকারী একটি লোহার পাতের যন্ত্রাংশ খুলে যায়। পরে লোহাচোরেরা লোহার পাতটি নিয়ে যায়। গত কয়েকদিন থেকে এখানে আরেকটি লোহার পাত খুলে বিপজ্জনক অবস্থায় পড়েছিল। মদুনাঘাট এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুস সামাদ জানান, ১৭ মার্চ ওই লোহারপাতের আঘাতে কাপ্তাইগামী একটি সিএনজি চালিত অটোরিকশা উল্টে যায়। এ দুর্ঘটনায় যাত্রীরা গুরুতর আহত হন। ১৮ মার্চ সরেজমিন সেতু এলাকায় দেখা গেছে, খুলে পড়া লোহার পাতটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে। স্থানীয় বাসিন্দা নুরুল আলম জানান, যানবাহনের চালকদের সতর্ক করতে তাঁরা এখানে একটি বাঁশের খুঁটি পুঁতে দিয়েছেন। মদুনাঘাট সেতু নির্মাণের সঙ্গে জড়িত ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, লোহার পাত খুলে যাওয়ার বিষয়টি সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে তিনি জানিয়েছেন। তিনি বলেন, ‘সেতুর ওপরের রাস্তায় কার্পেটিং না থাকায় পাটাতনের সঙ্গে যুক্ত লোহার পাত খুলে যাচ্ছে।’ স্থানীয় লোকজনের অভিযোগ, এই পথে প্রায় প্রতিদিন সওজ বিভাগের কর্তারা যাওয়া-আসা করেন অথচ কেউ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না। এ সড়কের ব্রাহ্মণহাট সেতুরও একই অবস্থা। বছরখানেক আগে সেতুটি নির্মিত হলেও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেই। স্থানীয় লোকজনের অভিযোগ, প্রায় চার মাস আগে এ সেতুর একটি লোহার পাত চুরি হয়ে গেছে। চুরি হওয়ার আগে ১৫ দিন ধরে লোহার পাতটি বিপজ্জনক অবস্থায় ছিল। সওজ বিভাগের কেউ সেতু মেরামত করতে আসেননি। বিষয়টি নিয়ে কথা বললে সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার আহমদ জানান, মদুনাঘাট সেতুর খুলে পড়া লোহার পাত কেটে নেওয়া হয়েছে। সেতুর ওপরে কার্পেটিংয়ের দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।