মধুমাসের মধুফল বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষপঞ্জি অনুযায়ী জ্যৈষ্ঠমাস শুরু হতে এক দিন বাকি। এ মাসে ক্রেতাদের কাছে প্রধান আকর্ষণ বাহারি মৌসুমি ফল। আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ, বাঙ্গি, আনারস, বেল, আতাসহ স্বাদ ও পুষ্টিতে ভরা এসব ফলের জুড়ি নেই। বাজারে চাহিদার দিকে খেয়াল রেখে তাই বিক্রেতারা বিভিন্ন এলাকা থেকে ফল সংগ্রহ করে নিয়ে আসছেন নগরে। বিভিন্ন বাজারের নির্দিষ্ট ফলের দোকান ছাড়াও ফুটপাত এবং ভ্রাম্যমাণ গাড়িতে ফলের পসরা সাজিয়েছেন অনেকে। তবে ক্রেতাদের অনুযোগ ফলের দাম বেশি। অন্যদিকে বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম একটু বেশি। অবশ্য সপ্তাহখানেকের মধ্যে দেশি ফলের সরবরাহ বাড়বে এবং এতে দামও কিছুটা কমার সম্ভাবনা আছে বলে তাঁরা মনে করেন।নগরের রিয়াজউদ্দিন বাজার, বহদ্দারহাট কাঁচাবাজার, কাজির দেউড়িসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, দেশি ফলের মধ্যে তরমুজ, বাঙ্গির সরবরাহ কিছুটা কম। সবচেয়ে বেশি আসছে বিভিন্ন জাতের আম। এ ছাড়া আছে লিচু, বেল, আতা, জামরুল, কালোজাম, আনারস ইত্যাদি। বহদ্দারহাট এলাকার ফুটপাতে নানা জাতের আমের পসরা নিয়ে বসেছেন বাঁশখালী জলদি ইউনিয়নের সেলিম উল্লাহ। তাঁর কাছ থেকে জানা গেল, বর্তমানে বাজারে রাজশাহীর মরিচান আম প্রতিকেজি ৪০-৫০ টাকা, গোপালভোগ ৮০-৯০ টাকা, হিমসাগর ৭০-৮০ টাকা, গোবিন্দভোগ ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। রিয়াজউদ্দিন বাজারের ফলব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘দেশি মৌসুমি ফলের মধ্যে সাতক্ষীরা থেকে কয়েক জাতের আমের সরবরাহ থাকলেও আনারস, কাঁঠালের সরবরাহ এখনো কম।’ তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জের রানিপছন্দ, বিশ্বনাথ, ডালকি, ল্যাংড়া, সুরমা, ফজলি ইত্যাদি জাতের আম এখনো বাজারে আসেনি। এগুলোর সরবরাহ বাড়লে আমের দাম আরও কমবে। বহদ্দারহাট কাঁচাবাজার গলিতে তরমুজ, আনারস ও লিচুর পসরা নিয়ে বসেছেন বাঁশখালীর ফরিদ উদ্দিন। তাঁর দোকানে রাঙামাটির আনারসের জোড়া বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা। তবে জাতীয় ফল কাঁঠালের দাম অনেক বেশি। ছোট ও মাঝারি কাঁঠাল ১০০-২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এ সময় বাচ্চাদের জন্য কাঁঠাল কিনতে এসেছেন বোয়ালখালীর আরিফ রহমান। তিনি ওই ফলব্যবসায়ীর কাছ থেকে ২০০ টাকা দিয়ে একটি কাঁঠাল, অন্য এক ফল বিক্রেতার কাছ থেকে তিন কেজি হিমসাগর আম কেনেন। জানতে চাইলে বলেন, ‘সারা বছর তো বিদেশি ফল আপেল, আঙুর, কমলা বাচ্চাদের খাইয়েছি। সেখানে নানান ভেজাল থাকে। কিন্তু দেশি মৌসুমি ফলে ভেজাল থাকার সম্ভাবনা কম।’ একই কথা বললেন কলেজশিক্ষক ইমতিয়াজ শাওন। তাঁর মতে, দেশি মৌসুমি ফলে রাসায়নিক উপাদান থাকার আশঙ্কা কম। তাই স্বাদে-পুষ্টিতে ও দামের বিবেচনায় দেশি ফলের যথেষ্ট কদর রয়েছে। এদিকে, রাজশাহীর সুস্বাদু লিচু বাজারে খুব কম এলেও চট্টগ্রামের বাঁশখালীর লিচু বেশ পাওয়া যাচ্ছে। প্রতি শ লিচু বিক্রি হচ্ছে ১২০-১৫০ টাকায়। রাজশাহীর লিচু সরবরাহ কম হওয়ায় দাম ২৫০ টাকার ওপরে।