মধুর আমার মায়ের হাসি
জন্মের পর নাকি সাত দিন পর্যন্ত আমার চোখ খোলেনি। এ নিয়ে আমার মা অনেক কান্নাকাটি করেছেন, খাওয়া-দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে আমার পাওয়ার আশাও! এরপর আমি চোখ মেলে তাকালাম। আমার মায়ের মুখে তখন রাজ্য জয়ের হাসি! গল্পটি আমার দাদিজানের মুখ থেকে শোনা।খুব সাধারণ মানুষ আমার মা। আমি লেখাপড়ায় একেবারেই অমনোযোগী ছিলাম। দিনমান বাসার পেছনে রেললাইনের ধারে পাথর কুড়ানো, বন-বাদাড়ে পাখির বাচ্চা আর ডিম খুঁজে বেড়ানো কিংবা খেলার মাঠে পড়ে থাকা—এই ছিল আমার নিত্যদিনের কাজ! আমার বাবা দুপুরে বাসায় এলেই আমার খোঁজ করতেন, আর না পেলে রাতে নিশ্চিত পিটুনি বরাদ্দ। তাই দুপুরে আব্বু বাসায় এলে আমার মা পেছনের দরজা দিয়ে দূর থেকে আমাকে ইশারায় ডাকতেন, যাতে আব্বু কিছু বুঝতে না পারে, আর আমি বাসায় ফিরে আসি। খেলার সময় কি আর এই ডাকে সাড়া দেওয়া যায়! তাই মাঝেমধ্যেই বাবার পিটুনি হজম করতে হতো। এ সময় এগিয়ে আসতেন আমার মা। আমাকে জড়িয়ে ধরে বাঁচানোর চেষ্টা করতেন। লেখাপড়ার দুরবস্থায় আমার মা অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিলেন, বাড়িতে থাকলে আমার পড়াশোনা হবে না। তাই আব্বুর সঙ্গে অনেকটা মতের অমিল থাকার পরও আমাকে লালমনিরহাট থেকে রংপুরে পাঠানো হলো।এই মজার জীবন ছেড়ে যেতে আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না। আম্মু অনেক করে আমাকে বোঝালেন। বাসার সঙ্গেই বাসস্ট্যান্ড। বাস অনবরত হর্ন দিচ্ছে। আমি বাসে গিয়ে উঠলাম। বাসের জানালা দিয়ে তাকিয়ে দেখি, আমার মায়ের চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে তাঁর শাড়ি ক্রমেই ভিজে যাচ্ছে। তার পরও তাকিয়ে আছেন আমার দিকে। এ দৃশ্য দেখে আমার চোখ ঝাপসা হয়ে এল। সেদিন আমিও আর চোখের জল আটকে রাখতে পারলাম না। বাস ছেড়ে দিল। মনে হলো, এই তো কিছুক্ষণ আগেও আমি আমার মায়ের পাশেই ছিলাম।রংপুরের স্কুলে ভর্তি হলাম। মেস থেকে আম্মুকে চিঠি দিতাম। আম্মুও দিতেন। এক চিঠি যে কতবার পড়েছি তার শেষ নেই।বাসায় গিয়ে সব সময় অকারণে এটাওটা খুঁজতাম। মা বলতেন, তুই আমার পেটটা ছাড়া আর সবই ঘাঁটিস! একবার আমার মায়ের একটা ব্যাগ দেখতে গেলে কাজের মেয়েটা বলল, এই ব্যাগে কী আছে ভাইয়া? আমি অবাক হয়ে বললাম, কেন রে কী হয়েছে? মাঝেমধ্যে এটা বের করে খালা কী যেন দেখে আর কাঁদে। আমি তাড়াতাড়ি ব্যাগটা খুলে দেখলাম, এখানে আমার পাঠানো সব কটা চিঠি! আমার প্রতি আম্মুর এত ভালোবাসা! আমার চোখে জল এসে গেল।ব্যস্ত জীবনের ফাঁকে সব সময় মায়ের হাসিমাখা মুখ আমার চোখের সামনে ভাসে। বারবার ছুটে যেতে ইচ্ছে করে মায়ের কোলে। সময় পেলেই একটা গান খুব শোনা হয়। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে...।রিবনসমাজকর্ম বিভাগজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা