মধুর বসন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার ঘরের বিশাল জানালাটা দিয়ে সকালের সূর্যোদয় দেখলে কেন জানি মনটা খুব ভালো হয়ে যায়। চারপাশের আঁধার ভেদ করে লাল রঙের সূর্যটা প্রতিদিন যেন নতুনভাবে আবির্ভূত হয়। এখন মে মাস; এই এডমন্টন শহরে এখন বসন্তকাল। শীতের সেই অসহনীয় মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর নেই। যেখানে-সেখানে আর সাদা তুষার জমে থাকতে দেখা যায় না। মন খারাপ করা সারা দিনের সূর্যবিহীন মেঘলা আকাশও নেই। এখন সুন্দর মেঘমুক্ত পরিষ্কার আকাশ, সারা দিন রোদে ঝলমল করে চারদিক। তুষারচাপা মৃত ঘাসের পরিবর্তে ঝকঝকে সবুজ ঘাস। গাছে গাছে নতুন পাতা; আবার কিছু কিছু গাছে রংবেরঙের ফুলও ফুটে গেছে ইতিমধ্যেই।বাসে করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দেখি, রাস্তার দুই পাশে সুন্দর সবুজ ঘাস, আর তার মধ্যে ফুটে আছে হলুদ রঙের ফুল। এই ফুলের নাম জানি না, আমি অবশ্য ডাকি ‘ঘাসফুল’। সুন্দর আবহাওয়া, তাপমাত্রা প্রায় আঠারোর মতো। তাই আগের মতো ঠান্ডা থেকে বাঁচতে এখন আর বিভিন্ন ভবনের ভেতর দিয়ে ক্লাসে যেতে হয় না। বাস বা ট্রেন থেকে নেমে বিশাল ক্যাম্পাসের ভেতর দিয়ে ধীরে ধীরে হেঁটে যেতে ভালোই লাগে। ক্যাব ভবনের সামনের যে মাঠ গত কয়েক মাস সাদা বরফে ঢাকা ছিল, সেটা এখন সবুজ ঘাসে ভর্তি। তাই আর পাকা রাস্তায় হাঁটতে ইচ্ছে করে না। অনেক অনেক দিন পর নরম সবুজ ঘাসের ওপর দিয়ে হাঁটার অনুভূতিটুকুই অন্য রকম।দুপুরের দিকে তাপমাত্রাটা বাড়ল খুব বেশি, ২৭ ডিগ্রি সেলসিয়াস। মাইনাস ২৫ দীর্ঘ সময় থাকার পর এই প্লাস ২৭ যে কতটা গরম হতে পারে, সেটা যার অভিজ্ঞতা নেই, তাকে বোঝানো কষ্টকর। তবে আবহাওয়ার পূর্বাভাসে দেখলাম, বিকেলে ও রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং তাপমাত্রা সতেরোতে নামবে, মনটা আবার ভালো হয়ে গেল। আমার মতো বৃষ্টিবিলাসীর জন্য চরম আনন্দের সংবাদ। তবে এডমন্টনের এই বৃষ্টি আমাদের বাংলাদেশের ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’র মতো নয়। এখানে সাধারণত হালকা টিপটিপ বৃষ্টি হয়; তাও আবার সারা বছরে মাত্র কয়েকবার। তবুও নাই মামার চেয়ে কানা মামাই ভালো।বিকেলে বাসায় ফেরার পথে বাসে ওঠার আগে দেখলাম, আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে, সঙ্গে বাতাস। খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। বাসে ওঠার পর শুরু হলো টিপটিপ বৃষ্টি। বাসের জানালা দিয়ে বৃষ্টি দেখতে কী যে ভালো লাগছিল! ভাবলাম, আজ অনেক দিন পর আবার বৃষ্টিবিলাসের সুযোগ এল। মনে পড়ে গেল বাংলাদেশের সেই বৃষ্টির দিনগুলোর কথা। আকাশের মনে হয় আমার এই বিলাস পছন্দ হলো না। বাসার কাছে এসে বাস থেকে নামার কয়েক মিনিটের মধ্যেই বৃষ্টি থেমে গেল। কী আর করা! এডমন্টন শহরে এতটুকুই বা কম কী।মো. জিয়াউর রহমানইউনিভার্সিটি অব আলবার্টা, কানাডা