মধুর বসন্ত এসেছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রং বাহারি রং, লেগেছে মনে মনে, সুখেরই এ ফাগুনে।’ ফাগুনের রং প্রকৃতি ও মানুষের মাঝে ছড়িয়ে দিতে সব আয়োজন নিয়ে হাজির হয়েছে বসন্ত। সকালের মিষ্টি রোদ যখন উঁকি দিচ্ছে পাতার ফাঁকে, তখন থোকা থোকা পলাশ জানান দিচ্ছে—আজ বসন্ত। পলাশের রং ছুঁয়ে গেছে নাগরিক হূদয়। তাই গতকালের (সোমবার) সকাল ছিল অন্য রকম। বসন্তকে স্বাগত জানাতে দিনের প্রথম প্রহরে সব বয়সের মানুষ বাসন্তী সাজে হাজির হয়েছিলেন নগরের ডিসি হিল প্রাঙ্গণে। মায়ের হাত ধরে এসেছিল বাসন্তী শাড়ি পরা শিশু। দল বেঁধে আসা বন্ধুরা একে অন্যের হাতে পরিয়ে দিচ্ছিলেন ফুলেল রাখি আর খোঁপায় গাঁদা ফুলের মালা। এমন সময় ‘কৃষ্টি’র যন্ত্রসংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় ‘বসন্ত উৎসব’। ‘নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে...’ স্লোগান নিয়ে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আয়োজন করে দিনব্যাপী এ উৎসবের। ‘কৃষ্টি’র বাদক দলের সুরে বেজে ওঠে ‘আহা আজি এ বসন্তে’। তখন ঝরা পাতা আর ডিসি হিলের দক্ষিণ পাশের পাহাড়ে ফুটে থাকা কয়েক থোকা পলাশ বসন্তের প্রতীক হয়ে সমবেত লোকজনের নজর কাড়ে।ছয় বন্ধুর সঙ্গে বসন্ত উদ্যাপনে এসেছিলেন সুদীপা পাল। তিনি বললেন, ‘খুব ভালো লাগছে। কর্মব্যস্ততায় আনন্দমুখর এমন সকাল হারিয়ে যেতে বসেছে। প্রাণখোলা আড্ডায় সবাই বসন্ত উদ্যাপন করছি। এ ধরনের উৎসব যেন নিয়মিত হয়।’‘আয় রে বসন্ত, ও তুই কিরণ মাখা পাখা তুলি’ সুকণ্ঠ সংগীতালয়ের শিল্পীদের এমন বসন্ত আবাহনের সময় ফুলের ডালি নিয়ে ছোটাছুটি করছিলেন তরুণীরা। গানের তালে দর্শকদের প্রাণও বেজে ওঠে ঋতুরাজের সুরে। এত মানুষের ভিড়েও কেউ কেউ একান্তে বসে ছিলেন প্রিয়জনের পাশে। বসন্তের প্রথম দিনে হয়তো একে অন্যকে জানাচ্ছিলেন হূদয়ের আকুতি। সপ্তমবারের মতো উৎসব আয়োজনের বিষয়ে বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক সোহেল আনোয়ার বলেন, ‘পয়লা ফাল্গুন বাঙালির নিজস্ব ভালোবাসা দিবস। তরুণেরা যদি বাঙালির ঐতিহ্যবাহী উৎসবগুলো উদ্যাপন করেন, তবেই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।’ উৎসবের সকালে একক সংগীত পরিবেশন করেন ওস্তাদ মিহির নন্দী, শান্তনু বিশ্বাস, সঞ্চিত আচার্য, কল্যাণী ঘোষ, আবদুল মান্নান রানা, অপু বর্মণ, শ্রেয়সী রায়, অনুরিনা চৌধুরী ও দেবাশীষ চৌধুরী। দলীয় সংগীত পরিবেশন করে অভ্যুদয় সংগীত অঙ্গন, সুকণ্ঠ সংগীতালয় ও গতিধ্বনি। একক নৃত্যে দর্শকের মন মাতান প্রমা অবন্তী। বান্দরবানের মারমা শিল্পীগোষ্ঠীর নাচও নজর কাড়ে সবার। বাংলার ঢোল নিয়ে মঞ্চে আসেন বাবুল জলদাস ও তাঁর দল। ‘আজ সবার রঙে রং মেলাতে হবে’ এ গানের সঙ্গে স্কুল ‘অব ওরিয়েন্টাল ডান্স’-এর নৃত্যশিল্পীরা যখন মঞ্চে এলেন তখন সবার মনেই দোলা দেয় ফাগুনের হাওয়া। দ্বৈত নৃত্য নিয়ে আসেন স্বপন দাশ ও জুঁই চক্রবর্তী। ঘুঙুর নৃত্যকলা একাডেমী ও ঘুঙুর নৃত্যকলা কেন্দ্রের পরিবেশনাও মুগ্ধ হয়ে উপভোগ করেন দর্শকেরা। উৎসবের বৈকালিক আয়োজন শুরু হয় বর্ণিল ‘বসন্তবরণ শোভাযাত্রার মধ্য দিয়ে। পাশাপাশি নজরুল মঞ্চে বিকেলের একক ও দলীয় আবৃত্তি, একক সংগীত, যন্ত্রসংগীত, দলীয় সংগীত, দ্বৈত নৃত্য ও দলীয় নৃত্যে বসন্ত উদ্যাপন করেছে কর্মব্যস্ত শহরবাসী। উৎসবের বিষয়ে বোধন আবৃত্তি পরিষদের সভাপতি রণজিৎ রক্ষিত বলেন, ‘সংস্কৃতিচর্চায় চট্টগ্রাম যে কতটুকু সমৃদ্ধ, উৎসবে সব শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণই তা প্রমাণ করে। বসন্ত এক অসাম্প্রদায়িক চেতনার ধারণা দেয়। বসন্ত এক মিলন মোহনা। কবির ভাষায় ‘মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।’