মধ্য ক্যারিয়ার-সংকট কী করবেন?

ক্যারিয়ারের মাঝপথে অনেক ক্ষেত্রেই একজন সফল নির্বাহী সামনে এগোনোর ক্ষেত্রে বাধা অনুভব করতে পারেন। মধ্য ক্যারিয়ার-সংকট কোনো সুনির্দিষ্ট বয়সের জন্য প্রযোজ্য নয়। বরং তা ক্যারিয়ার এগিয়ে নেওয়ার পথে বিভিন্ন বাধার সঙ্গে সম্পর্কিত।
আকাঙ্ক্ষিত নতুন পদ আর দায়িত্ব না পাওয়ায় অনেকেই হতাশ হন। আসলে ক্যারিয়ারে কমবেশি সবাইকে এ ধরনের সংকটের মুখোমুখি হতে হয়। আমরা প্রতিনিয়ত পরিবর্তনের কথা বললেও নিজের ক্যারিয়ার, অভিজ্ঞতা ও ক্রমাগত দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নিই না। এই সংকট আরও বাড়ে, যখন ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তির লক্ষ্যের অসংগতি দেখা দেয় এবং কখনো কখনো পরিস্থিতি এতটাই জটিল হয় যে একজন চাকরি ছাড়ার জন্য মনস্থির করেন।
মধ্য ক্যারিয়ার-সংকটের প্রধান কারণগুলো হচ্ছে ক্যারিয়ার এগোনোর সীমিত সুযোগ, পারদর্শিতা হ্রাস পাওয়া, কাজের ধরনের সঙ্গে বেতন-ভাতার অসামঞ্জস্যপূর্ণতা, একই কাজ দীর্ঘদিন ধরে করায় চাপ অনুভব, কাজকে উপভোগ না করা এবং কাজ ও জীবনের মধ্যে অসমতা।
ওপরের পদের জন্য তীব্র প্রতিযোগিতা ও সীমিত সুযোগের কারণে ক্যারিয়ারে এগোনো অনেক সময় বাধাগ্রস্ত হয়। কেবল দীর্ঘ কর্মজীবনের ওপর ভিত্তি করে পদোন্নতি প্রত্যাশা ও দক্ষতা বৃদ্ধি না করায় অনেকেরই কাজের পারদর্শিতা হ্রাস পায়। তা ছাড়া কাজের পরিধি ও দায়দায়িত্বের সঙ্গে বেতন-ভাতার অসামঞ্জস্যতা থাকার কারণে অনেক সময় হতাশা নেমে আসে। সেই সঙ্গে কাজ উপভোগ্য না থাকলে যুক্ত হয় বাড়তি চাপ।
অথচ সংকটের ভেতর থেকেই কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ বিবেচনা করা উচিত। সেগুলো হচ্ছে:
নিজেকে চেনা: নিজের সামর্থ্য, দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা থেকে একজন নির্বাহী তাঁর প্রকৃত সামর্থ্যের ব্যাপারে নিশ্চিত হয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের ব্যবস্থা নিতে পারেন।
আর্থিক সংগতির চিত্র নির্ধারণ: মধ্য ক্যারিয়ারে একজন কর্মীকে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আর্থিক সংগতির পরিষ্কার চিত্র সম্পর্কে সচেতন থাকতে হবে। এ ক্ষেত্রে সুচিন্তিত বিশ্লেষণের মাধ্যমে আর্থিক ঝুঁকি কমানো সম্ভব।
মানসিক শান্তি পরিপূরক কর্মকাণ্ড: শুধু ক্যারিয়ার ও কাজের ওপর দৃষ্টি নিবদ্ধ হওয়ার ফলে একজন নির্বাহী পরিপূর্ণ মানসিক শান্তি থেকে অনেক সময় বঞ্চিত হন। এ কারণে বিভিন্ন সামাজিক ও সৃষ্টিশীল কাজে সম্পৃক্ত থাকার মাধ্যমে একজন নির্বাহী নিজের ভেতরে ভালো লাগার ও ইতিবাচক মানসিকতা ধারণ করে কঠিন সময়কে মোকাবিলা করতে পারেন।
আলোচনা করা: মধ্য ক্যারিয়ার-সংকটে নিজেকে গুটিয়ে না রেখে বাধাগুলো প্রতিষ্ঠানের উচ্চপদস্থ অথবা নিকটজনের, যাঁদের এ বিষয়ে অভিজ্ঞতা আছে, তাঁদের সঙ্গে আলোচনা করা যেতে পারে।
লক্ষ্য নির্ধারণ করা: সর্বোপরি একজন নির্বাহী ক্যারিয়ারের আকাঙ্ক্ষিত উন্নতি ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে নতুন লক্ষ্য নির্ধারণ করতে পারেন। বয়স এ ক্ষেত্রে কোনো বাধা নয় এবং অবশ্যই ধৈর্য ও ইচ্ছাশক্তি দিয়ে এটি অর্জন করা সম্ভব।
নতুন করে শেখা ও দক্ষতা অর্জন: প্রয়োজনীয় পারদর্শিতা ও দক্ষতার অভাব থাকলে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স অথবা উচ্চতর ও পেশাগত শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া যেতে পারে। এর মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়া সম্ভব।
কর্মজীবনে যেকোনো সময়ে সংকট আসতেই পারে। আর তা নিরসনের মূল দায়িত্ব আপনারই। এই সংকটের মধ্য দিয়ে উন্মোচিত হতে পারে ক্যারিয়ারের পরবর্তী সম্ভাবনার দ্বার।
প্রধান নির্বাহী, গ্রো এন এক্সেল