মধ্যপ্রাচ্যে সন্দ্বীপের সাম্পানওয়ালা
>কাতারের রাজধানী দোহার যে প্রান্তে আরব উপসাগর এসে মিশেছে, সে এলাকার নাম কর্নিশ। এই কর্নিশেই পাওয়া যাবে আলোয় সাজানো নৌকা, যেগুলো পরিচালনা করেন বাংলাদেশিরা। নৌকাগুলো সেখানে ‘সাম্পান’ নামে পরিচিত। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সাম্পানওয়ালাদের কথা লিখেছেন তামীম রায়হান

কর্নিশ পর্ব
কাতারে এখন গ্রীষ্মকাল। ৪০ ডিগ্রি ছুঁই-ছুঁই তাপমাত্রা। রাজধানী দোহার সন্ধ্যাও সেদিন ছিল এমন উত্তাপ ছড়ানো। নগরীর বাসিন্দারা তাই কিছুটা সময় জিরিয়ে নিতে ছুটে এসেছেন কর্নিশে। সাগরের হাওয়া গায়ে মেখে কেউ দল বেঁধে আড্ডা দিচ্ছেন, কেউ সেরে নিচ্ছেন সন্ধ্যাকালের হাঁটাহাঁটি।
দোহার যে প্রান্তে আরব উপসাগর এসে মিশেছে, এই কর্নিশে হাঁটাচলার জন্য আছে প্রশস্ত পথ। এর এক পাশে খেজুরগাছের সারি, অন্য পাশে পা ছুঁয়ে যায় সাগরের নোনা পানি।
তবে সন্ধ্যার পর কর্নিশ জেগে ওঠে অপরূপ সৌন্দর্যে। ঘন অন্ধকারে সাগরের বুকে তখন ভেসে বেড়ায় রংবেরঙের আলোয় সাজানো সাম্পান। বর্ণিল আলোকসজ্জায় সাজানো নৌকা ঢেউয়ে দুলতে থাকলে যে কারও মনে দোলা দেয়।

ওরে সাম্পানওয়ালা
বাংলাদেশিদের নৌকাগুলো এখানে সাম্পান নামে পরিচিত। তীরে বাঁধা সাম্পানের পাশ দিয়ে হাঁটার সময় সঙ্গী হলেন স্থানীয় এক তরুণ। তাঁর কাছ থেকেই জানা গেল সাম্পান সম্পর্কে নানা তথ্য। জেনে অবাক হলাম, কর্নিশে নিয়মিত যে ১১০টি সাম্পান যাত্রীদের সেবা দেয়, এর ১০৫টিই পরিচালনা করেন বাংলাদেশিরা। প্রতিটি সাম্পানে কাজ করেন চালক, সহায়তাকারী, ব্যবস্থাপকসহ বেশ কয়েকজন। তাঁদের বেশির ভাগের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।
আগ্রহ নিয়ে কথা বলতে যাই সাম্পানকর্মীদের সঙ্গে। দেখা হলো সন্দ্বীপের তরুণ জনির সঙ্গে। তিনি ১১ বছর ধরে কর্নিশে সাম্পান ব্যবসায় জড়িত। গোড়াপত্তনের গল্পটাও শোনা হলো তাঁর মুখে। জনি বলেন, ‘আমার বাবা মোহাম্মদ সিদ্দিক আলম ২১ বছর আগে এখানে সাম্পান ব্যবসা শুরু করেছিলেন। সে সময় পুরো কর্নিশে মাত্র আটটি নৌকা ছিল। এর মধ্যে বাবা ও কফিল উদ্দিন নামের একজনকে নিয়ে যৌথভাবে ছিল একটি।’
সেই শুরু। জনিদের এখন তিনটি নৌকা রয়েছে। কফিল উদ্দিনের ছয়টি। কাতারের অন্যান্য খাতে ব্যবসা করতে ভারতীয় বা অন্যান্য দেশের প্রবাসীদের সঙ্গে যে প্রতিযোগিতা করতে হয়, এই সাম্পান ব্যবসায় তেমনটা নেই। তাই কর্নিশের সাগরতীরে বাংলাদেশিদের একচেটিয়া কারবার।
তাজুল ইসলাম নামের সন্দ্বীপের আরেক বাসিন্দার সঙ্গে দেখা হলো। তিনি কফিল উদ্দিনের সাম্পান দেখভাল করেন। ২০ বছর ধরে এই পেশায় জড়িয়েছেন। তাজুল বলেন, ‘বিকেল চারটা থেকে রাত দুইটা পর্যন্ত আমরা যাত্রীদের সেবা দিই। এখন গরমের কারণে যাত্রী ও পর্যটকের সংখ্যা কিছুটা কম, তবে অন্য সময় কাজের চাপ বেড়ে যায়।’
বাবার হাত ধরে এই কাজে এসেছেন সমর। সদ্য ২০ পেরোনো এই তরুণ বলেন, ‘আমার ভাই ও স্বজনেরা এখানে আছেন। আমরা সবাই মিলে ভালোই আছি এই পেশায়।’ আপাতত সহকারী হিসেবে কাজ করছেন সমর। ধীরে ধীরে হবেন চালক। সেই স্বপ্নই এখন সমরের।

যাহা সাফিনা, তাহাই সাম্পান
কর্নিশের সাম্পানগুলো নানা আকারের। এগুলো তৈরিও হয়েছে বিশেষ জাতের কাঠ দিয়ে। সাম্পানের ছাদের নিচে দুপাশে কাঠের চেয়ারে আরামদায়ক গদি বিছানো। আকৃতি অনুযায়ী ২০-৫০ জন যাত্রী বসতে পারেন একেকটি সাম্পানে। ভেতরে রয়েছে আধুনিক শব্দযন্ত্র। যাত্রীর পছন্দ অনুযায়ী চালকেরা আরবি, হিন্দি, ইংরেজি, বাংলাসহ ভিন্ন ভিন্ন ভাষার গান বাজিয়ে শোনান।
সাগরভ্রমণের জন্য তৈরি ইঞ্জিনচালিত এসব নৌকাকে আরবিতে বলা হয় সাফিনা, কাওয়ারেব অথবা মারকাব। তবে স্থানীয় বাংলাদেশি চালকেরা এগুলোকে নিজেদের পরিভাষায় ‘বোট’ বলে থাকেন। এ ছাড়া প্রতিটি সাম্পানের রয়েছে এমন আলাদা নাম। যেমন জনিরা সর্বশেষ যে সাম্পান বানিয়েছেন, সেটার নাম ‘নুরুল কামার’ বা ‘চাঁদের আলো’।
কর্নিশ থেকে এক ঘণ্টা সময় ধরে সাগরপথে এগোলে দেখা মিলবে সাফিলিয়া দ্বীপের। এসব সাম্পানের সর্বোচ্চ সীমানা এটুকুই। আসা-যাওয়ায় সময় লাগে দুই ঘণ্টা। ভ্রমণ ব্যয় ৫০০-৬০০ রিয়াল।
আরব সাগরের বুকে ঐতিহ্যবাহী এসব সাম্পানে একবার যে চড়েছে, সাগরের প্রেম তাকে বারবার টেনে নিয়ে যাবে এমন আনন্দভ্রমণে। এই প্রেমে মুগ্ধ বলেই সাপ্তাহিক ছুটির দিন ও অন্যান্য অবসরে নানা বয়সের নাগরিক, অভিবাসী ও পর্যটকদের পদচারণে মুখর হয়ে ওঠে কর্নিশের এই সাম্পানঘাট।