মধ্যপ্রাচ্যের অর্থনীতি: সুদিন এখনো মরীচিকা
সাংহাই, মুম্বাই ও দুবাই। ২০০৭ সালে উদীয়মান অর্থনীতির রমরমার সময় সবচেয়ে আলোচিত ছিল এ তিনটি নাম। এর পরপরই অর্থনৈতিক মন্দা বিশ্ববাণিজ্যে বড় ধাক্কা দেয়। ভারত আর চীন সেই ধাক্কা সামলে উঠলেও থমকে গেছে ‘মরুস্বর্গ’ দুবাইয়ের অর্থনীতির চাকা।দুবাইয়ে নতুন বিনিয়োগ বন্ধ হয়ে যাওয়া থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের অফুরান ঐশ্বর্যে টান পড়েছে। বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো পারস্য উপসাগরীয় দেশগুলোর পুঁজিবাজার তাদের মতোই উদীয়মান অর্থনীতির বাজারের তুলনায় পিছিয়ে পড়েছে। ২০০৮ সালে উপসাগরীয় দেশগুলোর পুঁজিবাজারে প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত দরপতন হয়েছিল। গত বছর সেখানকার সূচক মাত্র ১৮ শতাংশ বাড়লেও একই সময়ে সব উদীয়মান অর্থনীতির দেশগুলোর পুঁজিবাজারের সূচকের গড় বৃদ্ধি ছিল ৮০ শতাংশ।২০০৯ সালের শেষ ভাগে দুবাই দেনার ফাঁদে পড়ে। অন্য উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে এ ধরনের মারাত্মক পরিস্থিতির সৃষ্টি না হলেও দুবাইয়ের নাকাল অবস্থা এ অঞ্চলের অর্থনীতিগুলোর দুর্বলতার চিত্র সামনে নিয়ে এসেছে। এসব দুর্বলতার মধ্যে রয়েছে আর্থিক খাতে যথাযথ স্বচ্ছতার অভাব, দুর্বল নিয়ন্ত্রণব্যবস্থা ও অস্বচ্ছ মালিকানা কাঠামো। অনেক উপসাগরীয় কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয় যথাযথ সময়ের অনেক পরে। ইনসাইডার ট্রেডিংয়ের ওপরও নিয়ন্ত্রণ খুবই কম।এ ছাড়া ওই অঞ্চলে অর্থনীতি ও পুঁজিবাজারের কার্যক্রমের মধ্যেও সমন্বয়হীনতা রয়েছে। গত পাঁচ বছরে উপসাগরীয় অঞ্চলের জিডিপি বছরে প্রায় পাঁচ শতাংশ হারে বেড়েছে, যা সব উন্নয়নশীল দেশের প্রবৃদ্ধির গড় হারের সমান। এর পরও সেখানকার পুঁজিবাজারগুলোয় ২০ শতাংশ হারে দরপতন হয়েছে, অথচ মূলধারার উদীয়মান অর্থনীতির পুঁজিবাজারগুলোয় গড়ে ৮০ শতাংশ হারে দর বৃদ্ধি হয়েছে।এ সমস্যার একটি বড় কারণ, উপসাগরীয় অঞ্চলের অনেক কোম্পানি কোনো ধনী ব্যক্তি বা পরিবারের মালিকানাধীন। সেখানকার শেয়ারবাজারগুলোয় ভালো মানের তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা হাতে গোনা। এই সীমাবদ্ধ পুঁজিবাজারগুলো আরও বড় একটি সমস্যার প্রতিফলন ঘটাচ্ছে। তা হচ্ছে ওই অঞ্চলের নিজস্ব মানবসম্পদ ও প্রযুক্তির ঘাটতি। এ কারণে উপসাগরীয় অঞ্চলে একটি সত্যিকারের বৈচিত্র্যপূর্ণ উৎপাদন খাতের ভিত্তি তৈরি হচ্ছে না। উপসাগরীয় অঞ্চলের তেলনির্ভর অর্থনীতিকে বৈচিত্র্যমণ্ডিত করার একমাত্র পথ হচ্ছে শিক্ষার মান বাড়ানোর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা। আর বিষয়টি অনুধাবন করেই ওই অঞ্চলের বৃহত্তম অর্থনীতির দেশ সৌদি আরব নিজ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চতর পর্যায়ের শিক্ষা খাতে বড় ধরনের বিনিয়োগ করা শুরু করেছে।তবে দক্ষ শ্রমশক্তি গড়ে তোলার বিষয়টি সময়সাপেক্ষ। আর এটি অনুধাবন করে সৌদি সরকার এ সময়ের মধ্যে দেশের পরিবহন খাতের আধুনিকায়ন করছে এবং নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে। এই প্রবৃদ্ধিকে পুঁজিবাজার চাঙা করার কাজে লাগাতে চাইলে কর্তৃপক্ষকে বড় ধরনের সংস্কার কর্মসূচি হাতে নিতে হবে। আর এটি শুরু করতে হবে আর্থিক ব্যবস্থার সংস্কারের মধ্য দিয়ে। এ অঞ্চলের কোষাগারে হাজার হাজার কোটি ডলার রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এর সামান্য একটি অংশ মাত্র নিজ দেশে বিনিয়োগ করতে আগ্রহী। কিন্তু ভালো নিয়ন্ত্রণব্যবস্থা ও যথাযথ নজরদারি এ অঞ্চলের ধনসম্পদকে এখানেই ধরে রাখতে উৎসাহী করবে। সরকারি প্রতিষ্ঠান দুবাই ওয়ার্ল্ডের দেনা পরিশোধ বিলম্বিত করার ঘোষণা দেওয়ার পরিণতিতে উপসাগরীয় করপোরেশনগুলোর জন্য আন্তর্জাতিক বাজার থেকে মূলধন আকৃষ্ট করা কঠিন হয়ে পড়েছে। এতে তাদের ঋণের খরচ বেড়ে গেছে।এটা নিশ্চিত গত এক দশকে উপসাগরীয় দেশগুলোর অনেক অগ্রগতি হয়েছে। ওই অঞ্চলের পুঁজিবাজারগুলোর মূলধন ৭০০ শতাংশ বেড়েছে। লেনদেনের পরিমাণও বেড়েছে ১০ গুণের বেশি। কিন্তু গত বছর দুবাই যেন ছিল কেবলই উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে প্রচার পাওয়া দেনাগ্রস্ত বাজার। ওই সমস্যা সৌদি আরব ও কুয়েতের প্রতিষ্ঠানগুলোকেও ক্ষতিগ্রস্ত করেছে। তাই সাংহাইয়ের পাশাপাশি দুবাই বা উপসাগরীয় অন্য কোনো রাজধানীর নাম উচ্চারিত হতে আরও কিছুটা সময় লাগবে। (নিউজ উইক থেকে ভাষান্তর )