মধ্যবিত্তের কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেড় শ, দেড় শ। ছোট-বড় এক দাম।’ বেশ তাল মিলিয়ে বলছেন একের পর এক। চলতিপথে নজর কাড়ার কৌশল। পলকের জন্য হলেও ফিরে তাকাতে হবে। তাঁরা বিক্রি করছেন শার্ট। দাম ১৫০ টাকা। নূপুর মার্কেটের সামনের ফুটপাতের পাশাপাশি কয়েকটি দোকানে বিক্রি হচ্ছে। ক্রেতাদের ভিড়ও আছে। হুমড়ি খাওয়ার মতো নয়। দোকানি আবদুর রহমান জানালেন, ‘একদামে বিক্রির সুবিধা হলো—ক্রেতার সঙ্গে ঝামেলা করতে হয় না।’ বললেন, ‘বিক্রি এখনো জমেনি। মোটামুটি চলছে।’ তবে ফুটপাতের দোকানিদের প্রস্তুতির কমতি নেই। নিম্ন-মধ্যবিত্ত মানুষের ভরসা এ বাজারে প্রায় সব ধরনের পণ্যই রয়েছে। গাবাডিং জিনসের প্যান্ট বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কোথাও কোথাও ১২০-১৫০ টাকা দামেও জিনস প্যান্ট পাওয়া যাচ্ছে। অন্য প্যান্টের দাম চাওয়া হচ্ছে ১০০-১২০ টাকা। কলারসহ টি-শার্ট ১০০ টাকা, গোল গলা ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। আবদুল হক এসেছেন তাঁর স্কুলপড়ুয়া ছেলেকে নিয়ে। বললেন, ‘আমরা স্বল্প আয়ের চাকুরে। ছেলেমেয়ের বায়না মেটাতেই কেনাকাটা করতে এসেছি। তবে এবার কাপড়ের দাম বেশি বলে মনে হচ্ছে।’ দোকানি আফজাল আহমদের জবাব, ‘এবার সব কিছুর দাম বাড়তি। তাই আমাদেরও ক্রেতাদের কাছে বেশি দাম চাইতে হচ্ছে।’ জানালেন, ‘আমাদের এখানে এক দিনের বাচ্চা থেকে ১৫ বছরের ছেলেমেয়ের সব তৈরি পোশাকই রয়েছে।’ শার্ট বিক্রি করছেন ১০০-২০০ টাকার মধ্যে, খাটো ঝুলের পাঞ্জাবি বিক্রি করেন ২৫০ টাকায়। পুরোনো জলসা সিনেমা হলের সামনের ফুটপাতে বেল্ট বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৪০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত। যদিও দাম চাওয়া হচ্ছে ১৫০ থেকে ৩০০-৩৫০ টাকা। বার্মার স্যান্ডেল বলে প্লাস্টিকের স্যান্ডেল বিক্রি হচ্ছে ১২০ টাকা দামে। এ ছাড়াও ফুটপাতের পাশঘেঁষে বসেছেন বিভিন্ন ডিজাইনের স্যান্ডেল ও জুতার বিক্রেতারা। ১৫০-৩০০ টাকার মধ্যে পাওয়া যাবে এসব। আহমদ আলী স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা সারতে রিয়াজউদ্দিন বাজারে এসেছেন। দামের ব্যাপারে তেমন অভিযোগ নেই তাঁর। মনের মতো জামা কাপড় না পাওয়ার কষ্টের কথাই জানালেন। রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ী ফরিদ হোসেনও বললেন, ‘আসলে এখনো ঈদের পোশাক তেমনভাবে আমরা দোকানে তুলিনি। সপ্তাহখানেকের মধ্যে বেশ কিছু কাপড় আসবে। এখানে বলা দরকার, এবার রোজার শুরুটা হয়েছে মাসের শুরুতে। কাজেই মানুষের হাতে টাকা থাকায় তাঁরা সুযোগটা কাজে লাগাতে চেয়েছেন। কিন্তু দোকানিরা চাহিদা মেটাতে পারছে না সেভাবে। এখানে শার্ট বিক্রি হচ্ছে ৪০০-৯০০ টাকা, প্যান্ট ৫০০ থেকে এক হাজার ২০০ টাকা, বাচ্চাদের পোশাক ৪০০-৬০০ টাকা, থ্রিপিস ৫০০ থেকে তিন হাজার টাকা, ছেলে ও মেয়েদের ফতুয়া পাওয়া যাচ্ছে ২০০-৫০০ টাকার মধ্যে।জহুর হকার্স মার্কেটও সেজেছে ঈদের সাজে। থরে থরে সাজিয়ে রাখা হয়েছে তৈরি পোশাক। টি-শার্ট বিক্রি হচ্ছে ১০০-৩০০ টাকা, তৈরি প্যান্ট ৩০০ সাড়ে ৬৫০ টাকা, কিছু কিছু আবার ৮০০-৮৫০ টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে। পাঞ্জাবি ১৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। কিন্তু বিক্রি নিয়ে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। আশা করছেন, আগামী কয়েকদিনের মধ্যে ব্যবসা আরও জমে উঠবে।