মধ্যবিত্তের জন্য পছন্দসই পোশাক
ঈদের ফ্যাশন কি হবে, তা নির্ধারিত হয় কয়েক মাস আগেই। মাঝখানের সময়টাতে চলে নগরের বুটিক হাউসগুলোর প্রস্তুতি। এবারের ফ্যাশনের ধারায় খুব বেশি পরিবর্তন আসেনি বলে জানান ডিজাইনাররা। দেশি ও আরামদায়ক পোশাকের দিকেই সবার আগ্রহ। সাম্প্রতিক সময়ে দেশের ফ্যাশনের গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করে আসা দেশীয় বুটিক হাউসগুলো তাই এবারের পসরা সাজিয়েছে দেশি মোটিফের কাপড় দিয়েই।রওশনস বুটিকস: রওশনস বুটিকের কর্ণধার রওশন আরা বলেন, ‘মূলত মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই আমার এখানে পোশাক রাখা হয়েছে। যেহেতু বর্ষাকাল এবং উৎসব—তাই এই দুটি বিষয় ধরেই পোশাক তৈরি করা হয়েছে। আর কাপড়ের ক্ষেত্রে আমি অবশ্যই দেশীয় কাপড়, তাঁত, বিপন্নপ্রায় পাহাড়ি তাঁত—এগুলোকেই বেশি প্রাধান্য দিয়েছি। আমি প্রতিবার ঈদে টিনেজার মেয়েদের জন্য ব্লাউজসহ স্পেশাল কিছু শাড়ি করি, এবারও করেছি।’ রওশনস বুটিক হাউসে টিস্যু, মসলিন, সিল্কের ওপর সুতার কাজ, কারচুপি, ব্লক, জারদৌসি, স্ত্রিন প্রিন্টের কাজ করা শাড়ি পাওয়া যাবে চার হাজার থেকে ২০ হাজার টাকায়। আর এসব শাড়ির রঙের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে অ্যাশ, নীল, গ্রিনিশ শেড ও হলুদ। এ ছাড়া রয়েছে সুতি, মসলিন ও সিল্কের কাপড়ের সালোয়ার-কামিজ। রঙের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে শ্যাওলা, সবুজ, ম্যাজেন্টা, সাদা ও অফ হোয়াইট। এসব থ্রি-পিসের দাম পড়বে এক হাজার থেকে ১০ হাজার টাকা। ছেলেদের পাঞ্জাবি পাওয়া যাবে ৬০০ থেকে দুই হাজার ৫০০ টাকায়। এগুলো সবই দেশি কটন, জয়সিল্ক, অ্যান্ডি হাতের কাজ করা ফরমাল পাঞ্জাবি। রয়েছে বাচ্চাদের পোশাকও। জিরো সাইজ থেকে পাঁচ বছরের বাচ্চাদের ফ্রক ও সালোয়ার-কামিজ। দাম পড়বে ৬০০ থেকে দুই হাজার টাকা। রওশনস বুটিকের ঠিকানা—৪২ এম এ মালি রোড, দামপাড়া পুলিশ লাইন, পুনাক ভবন। চারু চট্টগ্রাম: চারু চট্টগ্রামের ডিজাইনার শিমুল খালিদ বলেন, ‘আমি মূলত মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতার মধ্যেই পোশাক তৈরি করেছি। আমি যে ধারার কাজ করি এটার শেষ পর্ব হচ্ছে এই ঈদ। পরবর্তী সময়ে অন্য ধারার কাজ করব। আমার কাজে এবার প্রাধান্য পেয়েছে টাইডাই ও হ্যান্ড পেইন্ট। আমি ডিজিটাল সবকিছু বাদ দিয়ে হাতের কাজই প্রাধান্য দিয়েছি।’চারু চট্টগ্রামে শাড়ি পাওয়া যাবে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায়। শিমুল খালিদ জানান, তিনি শুধু ঈদের সকাল বেলার শাড়িটা করেছেন। নীল, গোলাপি, হালকা রঙের এসব শাড়িতে রয়েছে টাইডাই, হ্যান্ড পেইন্ট ও ওয়াশের কাজ।ঈদে গরমের ভাবনা থেকে পাঞ্জাবিতে ঢিলেঢালা ভাবটা রাখা হয়েছে। পাঞ্জাবির দাম পড়বে ৭০০ থেকে এক হাজার টাকা। ফতুয়ার দাম পড়বে ৪০০ থেকে ৫০০ টাকা। বাচ্চাদের পাঞ্জাবি পাওয়া যাবে ৫০০ টাকার মধ্যে। চারু চট্টগ্রামের ঠিকানা—৮৬৮ মেহেদী বাগ রোড।গ্লোসি বুটিকস: গ্লোসি বুটিকসের ডিজাইনার রাশিদুল মাজাদ চৌধুরী এবার শাড়ির ক্ষেত্রে জুটকোটা ও বলাকা সিল্কের ওপর অ্যাপ্লিক, ব্লক, স্প্রে ও কারচুপির কাজ বেশি প্রাধান্য দিয়েছেন। সাদা, লেমন, মেরুন, গোল্ডেন কালারের এসব শাড়ির দাম পড়বে দুই হাজার থেকে ছয় হাজার ৫০০ টাকা পর্যন্ত। তাঁত এবং কটনের কম্বিনেশনে স্ক্রিন প্রিন্ট, ব্লকের শার্টের দাম পড়বে দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে। আর এ বুটিকসে সালোয়ার-কামিজে প্রাধান্য দেওয়া হয়েছে জামদানি কাপড়। এ ছাড়া মসলিন, তাঁত এগুলোও রয়েছে। সালোয়ার-কামিজের দাম পড়বে দুই হাজার থেকে চার হাজার টাকার মধ্যে। ব্লক, কারচুপির কাজ করা সিল্ক ও তাঁতের ফতুয়া পাওয়া যাবে এক হাজার থেকে তিন হাজার টাকায়। অ্যাপ্লিক, কারচুপি করা পাঞ্জাবি পাওয়া যাবে এক হাজার ২০০ থেকে তিন হাজার ৫০০ টাকার মধ্যে। গ্লোসি বুটিকসের ঠিকানা—৩৯/সি, কাতালগঞ্জ, চতুর্থ তলা।উইভার্স বুটিকস: খুলশীর উইভার্স বুটিকসের ডিজাইনার ফারহানা রহমান বলেন, এবার কামিজের ক্ষেত্রে নতুনত্ব আনা হয়েছে। কাটিংয়ের ক্ষেত্রে একছাঁটের রুমাল কাট এবং নরমাল কামিজে আবার নিচের দিকটা একটু ঘের বেশি এবং লম্বা রাখা হয়েছে। কাজের ওপর এসব সালোয়ার-কামিজের দাম পড়বে ৪০০ থেকে পাঁচ হাজার পর্যন্ত। সপুরা সিল্ক, অ্যান্ডি কটনের ওপর জারদৌসি, কারচুপি করা শাড়ি পড়বে আট হাজার থেকে ১০ হাজার টাকা। উইভার্স বুটিকসের ঠিকানা—১৫২/এ, স্বপ্ন বিলাস, শাহ গরিবুল্লাহ হাউজিং সোসাইটি, খুলশী।মিরনস বুটিক: এখানে অ্যান্ডি তাঁত ও মসলিনের শাড়িতে জ্যামিতিক ও ফ্লোরাল ট্র্যাডিশনাল সিকোয়েন্স মেশিন ও সুতার কাজের শাড়ির দাম পড়বে আট হাজার থেকে ১৬ হাজার টাকা। দেশীয় তাঁতের সালোয়ার-কামিজে রয়েছে অ্যাপ্লিক ও মেশিন অ্যামব্রয়ডারি। এগুলোর দাম পড়বে এক হাজার ৪০০ থেকে দুই হাজার ২০০ টাকা। পাঞ্জাবি এক হাজার ২০০ থেকে দুই হাজার ৫০০ টাকা, ফতুয়া ৫০০ থেকে এক হাজার ২০০ টাকা। মিরনস বুটিকের ঠিকানা ১০২৭ মনোয়ারা ম্যানশন, পশ্চিম মীর বাড়ি, আগ্রাবাদ।