মধ্যবিত্তের ফ্ল্যাটের স্বপ্ন পূরণ হবে তো?

একটি বাড়ি কিংবা ফ্ল্যাটের মালিক হওয়ার ইচ্ছা থাকলেও অত্যধিক দামের কারণে মধ্যম আয়ের লোকজনের সে স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। আবাসন ব্যবসায়ীরা বলছেন, জমি ও নির্মাণসামগ্রীর দাম বাড়ায় তাঁরা বাধ্য হচ্ছেন ফ্ল্যাটের দাম বাড়াতে।
আবাসন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, ফ্ল্যাটের দাম কমাতে তৎপর আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এ জন্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়মিত ধরনা দিচ্ছেন রিহ্যাবের সদস্যরা।
ব্যবসায়ীরা জানান, চট্টগ্রাম নগরে এক হাজার ২০০ বর্গফুটের একটি ফ্ল্যাট বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ লাখ টাকায়। প্রতি বর্গফুটের দাম পড়ে প্রায় চার হাজার টাকা। এলাকাভেদে এই দাম আরও বাড়ে।
রিহ্যাবের চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘জমির মূল্যবৃদ্ধি, সেবা প্রদানকারী সংস্থাগুলোর সমন্বয়হীনতা, নির্মাণসামগ্রীর দামের ঊর্ধ্বগতি, ব্যাংকঋণের সুদের উচ্চমাত্রা এবং ভবনের নকশা অনুমোদনের দীর্ঘসূত্রতার কারণে আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তার পরও বাসস্থানের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।’
নিয়ন্ত্রণহীন বাসা ভাড়া বিরোধী নাগরিক আন্দোলনের প্রধান সংগঠক শরীফ চৌহান বলেন, ‘মধ্যবিত্ত নাগরিকদের একটি ফ্ল্যাটের মালিক হওয়ার স্বপ্ন দীর্ঘদিনের। কিন্তু ফ্ল্যাট বিক্রি ও দাম নির্ধারণের কোনো নীতিমালা নেই। আবাসন কোম্পানিগুলো নিজেদের ইচ্ছামতো ফ্ল্যাটের দাম নির্ধারণ করছে। এই পরিস্থিতিতে আমাদের অনেকের পক্ষে ফ্ল্যাট কেনা সম্ভব নয়।’
এদিকে ফ্ল্যাটের দাম বাড়ায় বিক্রিতেও ভাটা পড়েছে। ফলে এ খাতে অনেকটা মন্দা চলছে। এ স্থবিরতা নিরসনের জন্য পাঁচ হাজার কোটি টাকার দীর্ঘমেয়াদি ঋণ তহিবল গঠনের দাবি জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এই ঋণের সুদের হার এক অঙ্কের মধ্যে রাখারও দাবি জানায় সংগঠনটি।
রিহ্যাবের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি এস এম আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, ‘মধ্যবিত্তদের আবাসন নিশ্চিত করতে হলে প্রথমেই ভূমির দাম কমাতে হবে। আর সরকার রিহ্যাবের সদস্যদের সরকারি ভূমি বরাদ্দ দিতে পারে। ভূমি বরাদ্দ পেলে সেখানে আমরা ভবন নির্মাণ করব। তখন গ্রাহকদেরকে কম দামে ফ্ল্যাট দিতে পারব।’
এস এম আবু সুফিয়ান আরও বলেন, ‘সরকার যদি আমাদের জমি বরাদ্দ দেয়, তাহলে ফ্ল্যাটের দাম নেমে আসবে ৩০-৩৫ লাখ টাকায়। মধ্যবিত্তরা যুক্ত হলে আবাসন ব্যবসার গতি আরও বৃদ্ধি পাবে।’
আরেকজন আবাসন ব্যবসায়ী জানান, সরকারকে প্লট বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বাতিল করতে হবে। এসব প্লটে আবাসন প্রকল্প করা হলে হাজার হাজার মানুষ লাভবান হবে।
বেশ কয়েকজন আবাসন ব্যবসায়ী মনে করেন. আবাসন সমস্যার সমাধান করতে হলে নগরের বিকেন্দ্রীকরণ করতে হবে। নগরের বাইরের ও আশপাশের উপজেলাগুলোতে নাগরিক সুবিধা বৃদ্ধি করতে হবে। তখন এই এলাকাগুলোতে সুলভ মূল্যে ফ্ল্যাট দেওয়া সম্ভব হবে।
এফবিসিসিআইয়ের পরিচালক এম এ সালাম বলেন, ‘কম আয়ের লোকদের সহজ শর্তে ঋণ দিতে হবে, যাতে তাঁরা ফ্ল্যাট কিনতে পারেন। হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন আজ মৃতপ্রায়। সেখানে এক থেকে দেড় হাজার কোটি টাকার তহবিল দেওয়া হোক।’