মধ্যবয়সের শুরু ৫৫!
মানুষের মধ্যবয়স নিয়ে আমরা অনেক কথা শুনি। আসলে এটা শুরু হয় কখন? আগে বলা হতো ৩৬ বছর থেকে মধ্যবয়স শুরু হয়। তবে নতুন গবেষণায় বলা হচ্ছে, মধ্যবয়স শুরু হয় ৫৫-তে। আর তা শেষ হয় ৭০ বছরে গিয়ে। অর্থাৎ এটা প্রায় ১৪ বছর স্থায়ী হয়। সম্প্রতি লাভ টু লার্ন ওয়েবসাইটে একটি সমীক্ষার ফলাফলে এ কথা বলা হয়েছে। সমীক্ষা চলাকালে যুক্তরাজ্যের এক হাজার নাগরিককে মধ্যবয়সের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। সরকারি পরিসংখ্যান অনুসারে যুক্তরাজ্যে অনূর্ধ্ব ১৬ বছরের তুলনায় ৬৫ বছর বয়সী মানুষের সংখ্যাই বেশি। সমীক্ষায় প্রতি ১০ জন অংশগ্রহণকারীর মধ্যে সাতজন নিজেদের মধ্যবয়সী মানুষ হিসেবে উপস্থাপন করেছেন। এঁদের কেউ সবে ৫০ বছরে পা দিতে যাচ্ছেন, কিংবা কেউ কিছু দিন আগে ৫০ পেরিয়েছেন। তবে গড়ে প্রায় ৫৫ বছরে (৫৪ বছর ৩৪৭ দিন) পা দিয়ে মানুষ মনে করেন, তাঁদের মধ্যবয়স শুরু হলো। আর ষাটোর্ধ্ব অংগ্রহণকারীদের প্রায় প্রতি পাঁচজনের একজন মনে করেন, ৬০ বছরের আগে মানুষের মধ্যবয়স শুরুই হয় না। এ ছাড়া অংশগ্রহণকারী পাঁচজনের মধ্যে প্রায় একজন মনে করে, মধ্যবয়স আসলে মানুষের মনের বিষয়। এর নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যবয়স কখন শেষ হয়—সে বিষয়েও জিজ্ঞাসা করা হয়। এর জবাবে তাঁরা যে উত্তর দিয়েছেন, তা হচ্ছে গড়ে প্রায় ৭০ বছর (৬৯ বছর ২৭৭ দিন)। বিবিসি।