মধ্যরাত পর্যন্ত মুখর স্যানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের স্যানমার ওশান সিটিতে পছন্দের পোশাকের খোঁজে তিন তরুণী। ছবিটি গত মঙ্গলবার রাতে তোলা l সৌরভ দাশ
নগরের স্যানমার ওশান সিটিতে পছন্দের পোশাকের খোঁজে তিন তরুণী। ছবিটি গত মঙ্গলবার রাতে তোলা l সৌরভ দাশ

ঈদের বাকি দিন দশেক। ফুরিয়ে আসছে সময়। তাই সবাই এখন ব্যস্ত কেনাকাটায়। প্রতিটি বিপণিবিতানই ক্রেতার ভিড়ে ঠাসা। এর ব্যতিক্রম নয় নগরের অভিজাত বিপণিবিতান স্যানমার ওশান সিটি।
গত মঙ্গলবার গিয়ে দেখা যায়, ক্রেতার ভিড়ে গমগম করছে প্রতিটি তলা। প্রায় সবার হাতেই প্যাকেট। কারও কারও দুই হাত ভর্তি। দোকানিদের দম ফেলার ফুরসত নেই। বেচাকেনা জমজমাট। এদিকে ঈদের কেনাকাটা আকর্ষণীয় করতে ক্রেতাদের জন্য রাখা হয়েছে পুরস্কারের ব্যবস্থাও।
ছেলেদের পোশাকের দোকান প্রিট ও পোটারের বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক জহিরুল ইসলাম বলেন, ‘প্রচুর ক্রেতা আসছে এবার। সকালে শুরু হওয়া কেনাকাটা চলে গভীর রাত পর্যন্ত। ক্রেতাদের ভিড়ে দোকান বন্ধ করতে করতে রাত তিনটা হয়ে যায়।’ তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠা সাততলার এই বিপণিবিতানের প্রতি তলায় রয়েছে নির্দিষ্ট পণ্যের দোকান ও বিক্রয়কেন্দ্র। এতে কেনাকাটা করতে এসে তেমন ভোগান্তি পোহাতে হয়নি বলে জানান ক্রেতারা।
বান্ধবীদের নিয়ে কেনাকাটা করতে এসেছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ছাত্রী মাকসুদা আক্তার। তিনি বলেন, ‘পোশাকের জন্য প্রথম পছন্দ এই বিপণিবিতান। সর্বশেষ কালেকশন ও ডিজাইনের পোশাক পাওয়া যায় এখানে। তাই প্রতিবছরই আসা হয় কেনাকাটা করতে।’
ছেলেদের পোশাকের জন্যও বিশেষ খ্যাতি আছে এই বিপণিবিতানের। নিচতলায় রয়েছে শৈল্পিক, ম্যানজ, ক্যাটস আই, মুন ওয়াকার, ক্রোকোডাইলের মতো সব নামকরা ব্র্যান্ডের দোকান। চারতলায় রয়েছে পাঞ্জাবিওয়ালা, ম্যানহুড। এসব দোকানে ক্রেতাদের আগ্রহ ছিল ঈদের পাঞ্জাবি ঘিরে। ব্যবসায়ীরা নিয়ে এসেছেন নজরকাড়া নকশার পাঞ্জাবি। এর পাশাপাশি রয়েছে ফতুয়া, শার্ট ও প্যান্ট। দেড় থেকে আড়াই হাজার টাকা দামের পাঞ্জাবির প্রতি ছেলেদের এবারের আগ্রহ বেশি।
বিপণিবিতানের বিভিন্ন বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক ও দোকানের মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে শার্ট বিক্রি হচ্ছে এক থেকে চার হাজার টাকায়। পাঞ্জাবি রয়েছে দেড় থেকে নয় হাজার টাকা দামের। প্যান্ট আছে এক থেকে তিন হাজার টাকা দামের।
একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘এখানে বিভিন্ন ডিজাইনের প্রচুর কালেকশন রয়েছে। তার থেকে পছন্দের পোশাকটি বেছে নেওয়া যায়। দামও নাগালের মধ্যে থাকে।’
বিপণিবিতানে দ্বিতীয় তলায় রয়েছে বেশকিছু গয়নার দোকান। তৃতীয় তলায় রয়েছে শখ, ফেইম, আপন ফেব্রিকস ও চন্দ্রছায়ার মতো বিভিন্ন বুটিক হাউস। এই বিপণিবিতানের দোতলায় রয়েছে প্রসাধন ও জুয়েলারি সামগ্রীর দোকান। তৃতীয় তলায় মেয়েদের এবং শিশুদের পোশাকের দোকান। পঞ্চম তলায় ইলেকট্রনিকস পণ্য এবং সপ্তম তলায় বাটা ও আর্টিস্টির বিক্রয়কেন্দ্র। অন্যান্য তলা জমজমাট থাকলেও দ্বিতীয় তলায় জুয়েলারির দোকানের ভিড় কিছুটা কম। এখনো জমেনি ওঠেনি জুয়েলারির কেনাকাটা। বিক্রেতারা জানান, লোকজন এখন পোশাক ও জুতা কেনায় ব্যস্ত। এর পরই জুয়েলারি ও প্রসাধনী কেনা শুরু করবেন।
সোনামণিদের পোশাকের দোকানগুলোতে উপস্থিতিও চোখে পড়ার মতো। সুলতানা রহমান নিয়ে এসেছিলেন ছয় বছরের ছেলেকে। তিনি বলেন, ‘বাচ্চারা যে পোশাকটি পছন্দ করে, দোকানিরা তার বেশি দাম নেয়। বাচ্চার আবদার মেটাতে বেশি দাম দিয়ে পোশাক কিনতে হচ্ছে। দাম বেশি হলেও ঈদের বাচ্চার খুশিটাই বড়।’